দু’মাস ছিটকে গেলেন রুনি চোটের জন্য

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের দৌড় থেকে প্রায় ছিটকে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। হটসিট দখলে রাখতে গেলে তাই ফান গলের এখন লাইফলাইন ইউরোপা লিগ জেতা। কিন্তু মিডজিল্যান্ডের বিরুদ্ধে রাউন্ড অব ৩২-র প্রথম পর্বে নামার চব্বিশ ঘণ্টা আগেই ম্যা়ঞ্চেস্টার ইউনাইটেডের জন্য খারাপ খবর। হাঁটুর লিগামেন্টের চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন ম্যান ইউ অধিনায়ক ওয়েন রুনি।
চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হওয়ায় ইউরোপা লিগে অবনমন হয় ম্যাঞ্চেস্টারের। ক্লাবের ইতিহাসে কোনওদিন ইউরোপা জেতেনি ফান গলের ক্লাব। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রুনির পাওয়া চোট এতটাই গুরুতর যে মাঠে ফিরতে দু’মাস লেগে যেতে পারে। ব্রিটিশ মিডিয়ায় এমনই আশঙ্কা। বৃহস্পতিবার ইউরোপা লিগে মিডজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের লড়াই ম্যাঞ্চেস্টারের। ডেনমার্কে ক্যাপ্টেনকে ছাড়াই উড়ে গিয়েছে রেড ডেভিলসের ফুটবলাররা। অনামী বিপক্ষের বিরুদ্ধে খেলার আগে অবশ্য মিডজিল্যান্ড নিয়ে ভালই পড়াশুনা করেছেন ফান গল। যিনি বলছেন, ‘‘আমাকে আলাদা করে ফুটবলারদের কিছু বলে দিতে হবে না। ওরা সবাই জানে মিডজিল্যান্ডের আসল শক্তি সেট পিস। ওরা ৪৮ গোলও করেছে সেট পিস থেকে। তাই খুব বেশি ফ্রি-কিক বা কর্নার দিলে চলবে না।’’
দল এমনিতেই ভুগছিল চোট সমস্যায়। রুনি সেই ক্লাবের নতুন সদস্য হওয়ায় মোটেও খুশি নন ফান গল। ‘‘চেয়েছিলাম খুব কম ফুটবলারদের নেব ইউরোপায়। কিন্তু চোটের জন্য প্রতিদিন কেউ না কেউ ছিটকে যাচ্ছে। দলও বারবার বদলাতে হচ্ছে।’’











