অনিশ্চয়তা কেটেছে, আসছেন ফারিয়া
বিনোদন প্রতিবেদক : নতুন প্রজন্মের নায়িকা নুসরাত ফারিয়ার দ্বিতীয় ছবি ‘হিরো ৪২০’ কলকাতায় মুক্তি পেলেও ঢাকায় এ ছবির মুক্তি দেওয়া নিয়ে দেখা দেয় জটিলতা। আদৌ এ ছবিটি মুক্তি পাবে কি না, তা নিয়েও ছিল সংশয়। অবশেষে সব অনিশ্চয়তা কেটেছে। মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়া অভিনীত দ্বিতীয় ছবি ‘হিরো ৪২০’।
দুই বাংলার যৌথ প্রযোজনার এ ছবিটি গতকাল সোমবার বিকেলে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সেন্সর ছাড়পত্র পাওয়ায় ছবি মুক্তি দিতে আর কোনো বাধা থাকল না। ফলে পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ১৯ ফেব্রুয়ারিতেই ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজনা সংস্থার একাংশ বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ।
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ।
‘হিরো ৪২০’ ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত নাসির। ছবিতে প্রধান কয়েকটি চরিত্রে বাংলাদেশের নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন ভারতের ওম ও রিয়া সেন। এরই মধ্যে ছবিটির টিজার প্রদর্শিত হচ্ছে ইউটিউবে। গত সপ্তাহে এ ছবির গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। অনলাইন, ফেসবুকের পাশাপাশি দেশজুড়ে ছবিটির ভিন্নমাত্রা এবং অভিনব প্রচারণা চালাচ্ছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান।
এদিকে ছবির মুক্তির খবর শুনে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া।
নুসরাত বলেন, ‘এ ছবির মুক্তি নিয়ে জটিলতার খবর শুনে শুরুতে মনটা একটু খারাপই হয়েছিল। পরে যখন জানতে পারলাম, বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি নিয়ে এখন আর কোনো বাধা থাকছে না, তখন আমার আনন্দ আর দেখে কে। আমি অসম্ভব খুশি।’
‘হিরো ৪২০’ ছবির টিজারটিতে বেশ বৈচিত্র্যপূর্ণ দৃশ্যেই দেখা গেছে নুসরাত ফারিয়াকে। কখনো সাদামাটা, কখনো চাকচিক্যময়, আবার কখনো বেশ রোমান্টিক উপস্থিতি ছিল তাঁর।
‘হিরো ৪২০’ ছবিটি সম্পর্কে নুসরাত ফারিয়া আরও বলেন, ‘গল্পটা একেবারেই অন্য রকম। পড়ে আমার দারুণ লেগেছে। শুটিংয়ের সময়টাও বেশ উপভোগ করেছি। সব মিলিয়ে মনে হচ্ছে, ভালো একটি ছবি হবে।’
গত ১২ ফেব্রুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘হিরো ৪২০’। এর ঠিক এক সপ্তাহ পর বাংলাদেশে মুক্তি দেওয়ার কথা থাকলেও প্রিভিউ কমিটির তিন অভিযোগের কারণে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে অবশেষে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল ছবিটি। প্র/আ











