শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুয়ারেজের হ্যাটট্রিক, মেসির​ অদ্ভুত পেনাল্টি, বার্সার জয়

Barchaস্পোর্টস ডেস্ক : ৩৯ মিনিটে জন গুইদেত্তির গোলটা দুই ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি দাঁড় করাতে পারে বার্সেলোনা সমর্থকদের। টেনশন, কিংবা ‘হাই’। টেনশন হওয়ারই কথা। বার্সা দুর্দান্ত খেললেও সুইড এই স্ট্রাইকারের সমতা ফেরানো গোলটির জবাব দিতে পারছিল না কিছুতেই। ম্যাচের কাঁটা প্রায় ঘণ্টা ছুঁইছুঁই। তখনো ১-১!

কিংবা হয়তো ‘হাই’ উঠেছিল। ইদানীং বার্সেলোনার ম্যাচে ‘রোমাঞ্চ’ পাওয়া যায় না। প্রতিপক্ষকে এভাবে ছিঁড়ে-ছুবলে ফেলা একতরফা ম্যাচ রাত জেগে দেখা কঠিন। নিজ দলের জয় সবাই-ই চায়, কিন্তু ম্যাচে যদি টান টান উত্তেজনা না থাকে, এর চেয়ে খেলার চ্যানেল পাল্টে ডিসকভারি-ন্যাটজিওর প্রকৃতি বিষয়ক প্রামাণ্যচিত্র দেখাই তো ভালো। আর তাই যতই ১-১-এর আপাত রোমাঞ্চ ফিরুক, আপনি হয়তো প্রথম থেকেই বুঝে গিয়েছিলেন, আজ বার্সারই রাত। আজ আরও একটি গোল-উৎ​সব। আরও একটি একেবারে একপেশে ম্যাচ।

সেটাই হলো। সেল্টা ভিগোকে ৬-১ গোলে উড়িয়ে দিল বার্সা। আরও একটি হ্যাটট্রিক পেলেন লুইস সুয়ারেজ। তবে এদিন আলোর কেন্দ্রে মেসি। ম্যাচের প্রথম গোলটাই হয়েছে মেসি দুর্দান্ত এক ফ্রি কিক থেকে। ৩৯ মিনিটে আলবার ভুলে পেনাল্টি থেকে সেল্টা সমতা ফেরানোর পর ৫৯ মিনিটে বার্সার এগিয়ে যাওয়া মেসির দুর্দান্ত চিপ থেকে সুয়ারেজের গোলে। ৭৫ মিনিটে সুয়ারেজের দ্বিতীয় গোলের পরই ঘটল অদ্ভুত ঘটনা।
ম্যাচের ৮০ মিনিটে সেল্টা ডিফেন্ডারের বাঁয়ে বল ঠেলে ডান দিক দিয়ে বের হয়ে ছিলেন মেসি। ডান-বামের এই বিভ্রান্তিতে পড়ে সেই ডিফেন্ডার বক্সে ফেলে দিল মেসিকে। পেনাল্টি। মেসি তখন দাঁড়িয়ে মাইলফলকের সামনে। লা লিগায় নিজের ৩০০তম গোল!

পেনাল্টি শট মেসিই নিলেন। কিন্তু গোলে শট না করে আলতো পাস বাড়িয়ে দিলেন। যেন সুয়ারেজকে দিয়ে হ্যাটট্রিকটাই করাতে চান! এমন পেনাল্টি কেউ দেখেছে কখনো? মেসির আলতো পাস থেকে গোল করার জন্য ছুটে এসেছিলেন নেইমারও। কিন্তু সুয়ারেজের উসাইন বোল্টীয় দৌড়ের কাছে হেরে গেলেন। না হলে গোলটা নাকি নেইমারেরই করার কথা ছিল। এমন যে একটা পেনাল্টি নেওয়া হবে, সেটি অনুশীলনেই ঠিক করা ছিল বলে জানিয়েছেন নেইমার। তবে সেটি মেসি-সুয়ারেজ নয়, মেসি-নেইমার যুগলবন্দীতেই নাকি হওয়ার কথা ছিল।

সে যাই হোক, সুয়ারেজও হ্যাটট্রিক পেয়ে উদার হয়ে গেলেন। তাঁর বাড়িয়ে দেওয়া বল থেকেই ৮৪ মিনিটে ইভান রাকিটিচের গোল। নেইমারই বা বাদ থাকবেন কেন? যোগ করা সময়ে গোল করে তিন ম্যাচের গোলখরা ঘোচালেন নেইমার। ৬-১!

লিগে টানা ষষ্ঠ জয়, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩০ ম্যাচে অপরাজিত বার্সা। এ বছর দেড় মাসে এরই মধ্যে তিনটি হ্যাটট্রিক করেছেন সুয়ারেজ। এই দেড় মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে বার্সা করেছে ৪১ গোল! কালকের জয়টি বার্সার জন্য পাল্টা জবাবও। গত সেপ্টেম্বরে এই সেল্টা নিজেদের মাঠে ৪-১ গোলে হারিয়ে দিয়েছিল বার্সাকে!