১৪৫ রানে গুটিয়ে গেল ভারত

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সিমরন হেটমেয়ার। তাঁর এই সিদ্ধান্তের যথার্থতাও দারুণভাবে প্রমাণ করেছেন বোলাররা। প্রথম ওভারেই ভারতের মারমুখী ওপেনার ঋষভ পন্থের উইকেট তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। নিজের দ্বিতীয় ওভারে আনমোলপ্রীত সিংকেও সাজঘরে পাঠিয়েছেন এই ডানহাতি পেসার। সপ্তম ওভারের প্রথম বলে আবারও ভারতকে বড় ধাক্কা দিয়েছেন জোসেফ। এবার তুলে নিয়েছেন অধিনায়ক ইশান কিষাণের উইকেট। চতুর্থ উইকেটে ৫২ বলে ১৪ রানের ধীরস্থির জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর ও সরফরাজ খান। কিন্তু ১৫তম ওভারে সুন্দরকেও সাজঘরমুখী করেছেন রায়ান জন। দুই ওভার পরে আরমান জাফরকেও আউট করে ভারতকে বিপদে ফেলে দিয়েছেন সামার স্প্রিঙ্গার। ভারতের স্কোরবোর্ডে তখন জমা হয়েছিল মাত্র ৫০ রান। ষষ্ঠ উইকেটে ১২ ওভার ব্যাটিং করে ৩৭ রান যোগ করেছিলেন সরফরাজ ও মাহিপাল লোরমোর। ৩০তম ওভারে লোরমোর আউট হয়ে যান ১৯ রান করে। তখনো ভারতের স্কোরবোর্ডে ১০০ রানও জমা হয়নি। ৩৯তম ওভারে দলীয় ১২০ রানের মাথায় সরফরাজকে আউট করেন রায়ান জন। শেষপর্যায়ে রাহুল বাথামের ২১ রানের ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ১৪৫ রান যোগ করতে পেরেছে ভারত। অতিরিক্ত থেকে এসেছে ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান।
২০০০, ২০০৮ ও ২০১২ সালের পর চতুর্থবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জয়ের মিশন নিয়ে ফাইনাল খেলছে ভারত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ শেষ হাসি হাসতে পারলে নতুন চ্যাম্পিয়ন পাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এর আগে ২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে উঠতে পারলেও শিরোপার দেখা পায়নি উইন্ডিজ। অন্তিম লড়াইয়ে হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে।
এবারের আসরে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের মুখ দেখতে হয়নি ভারতকে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ মিশন শুরুই হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে হেরে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বিতর্কিত এক রানআউটের আশ্রয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটাররা। এর পর কোয়ার্টার ফাইনালে ভারত ও সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে খেলছে উইন্ডিজ।











