যুব টাইগারদের সামনে শ্রীলঙ্কার পুঁজি ২১৪
স্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের সামনে ২১৫ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলংকা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে সফরকারীরা ৪৮ দশমিক ৫ ওভারে ২১৪ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন চারিথ আশালঙ্কা।
এর আগে শ্রীলংকার দুই ওপেনার দারুণ শুরু এনে দেন। স্কোর বোর্ডে বিনা উইকেটে ৬০ রান যোগ করেন তারা। এরপরই বল হাতে আবির্ভূত হন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দৃশ্যপট পাল্টে ৬০ থেকে ৭০ রানে লংকানদেন নেই ৩ উইকেট।
৩টি উইকেটই তুলে নেন ডান-হাতি স্পিনার মিরাজ। প্রথম স্পেলে ৬ ওভার বল করে দুটি মেডেনসহ মাত্র ৮ রানে নেন ৩ উইকেট। অবশ্য পরের চার ওভারে তিনি ২০ রান দিলেও উইকেট পাননি। এরপর শাম্মু আহসান আর চারিথ আশালঙ্কা ৩৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামালের চেষ্টা করেন।
দলীয় ১০৯ রানে মেহেদী হাসান রানার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আহসান (২৭)। আর ১৩১ রানে বাম হাতি স্পিনার সালেহ আহমেদ শাওন লেগ বিফোরের ফাঁদে ফেলে তুলে নেন বিশাদ রাধিকার উইকেট।
সেখান থেকে দলের হাল ধরেন আশালঙ্কা ও হাসারাঙ্গা। দু’জনের ৫৫ রানের জুটি ভাঙেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। পরপর দুই বলে তিনি ফেরান ওয়ানাদু হাসারাঙ্গা (৩০) ও জেহান ড্যানিয়েলকে (০)।
এরপর দলীয় ১৮৭ রানে রানআউট হন দামিথা সিলভা। ৪৮তম ওভারের তৃতীয় বলে চারিথ আশালঙ্কাকে তুলে নেন আব্দুল হালিম। এক বলে পরেই তার বলে লাহিরু কুমারা মোহাম্মদ সাইফুদ্দিনের তালুবন্দি হলে শ্রীলংকা থামে ২১৪ রানে।
সফরকারীদের পক্ষে ৯৯ বলে ৬ চার ও এক ছক্কায় ৭৬ রান করেন আশালঙ্কা। এছাড়া সলিনদু উসান ৩৪ ও হাসারাঙ্গা ৩০ রান করেন। বাংলাদেশের পক্ষে মিরাজ ২৮ রানে ৩টি এবং মোহাম্মদ সাইফুদ্দিন ও আব্দুল হালিম ২টি করে উইকেট তুলে নেন।
সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে স্বাগতিক বাংলাদেশ হেরে যায়। এর ফল প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টের ফাইনালের ওঠার স্বপ্ন ভেঙে যায় টাইগারদের।
অন্যদিকে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। আগামীকাল রোববার ফাইনালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে।











