‘আমি সব সময়ই বেশ বিনয়ী’
স্পোর্টস ডেস্ক : গত ডিসেম্বরের পর থেকেই ডাগ-আউটে নেই হোসে মরিনহো। চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর ফুটবলহীন জীবন কাটাচ্ছেন। কেমন কাটছে অবসর সময়টা? ফিরবেনই বা কখন? ব্রিটেনের জিকিউ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয়েই কথা বলেছেন পর্তুগিজ কোচ—
*লন্ডন আপনার অনেক পছন্দ। কেন?
হোসে মরিনহো: বাচ্চারা যখন ছোট ছিল, ঘোরার সুযোগ বেশি ছিল আমাদের। অনেক দেশে গিয়েছি। আমার ব্যাপারে বললে বিভিন্ন ক্লাবে, ভিন্ন ধরনের ফুটবলের স্বাদ নিতে পেরেছি। কিন্তু একটা সময় পর ওদের এক জায়গায় থিতু হওয়া দরকার ছিল। তাই তিন বছর আগেই লন্ডনে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার পেশাদার ক্যারিয়ারও এর আশপাশে রাখার সিদ্ধান্ত নিয়েছি। থাকার জন্য এটা বেশ ভালো জায়গা, ওদের পড়ালেখার জন্য, ভবিষ্যৎ গড়ার জন্যও বেশ ভালো। পুরো পরিবারও একসঙ্গে থাকতে পারছি।
* তার মানে আপনি যুক্তরাজ্যেই থাকছেন?
মরিনহো: এ মুহূর্তে আমার কোনো চাকরি নেই। জানিও না ফুটবল আমাকে কোথায় নিয়ে যাবে। জানা সম্ভবও নয়। তবে এটা নিশ্চিত, আমার পরিবার ইংল্যান্ডেই থাকবে। ঘরও লন্ডনেই হবে। তবে আমি যেকোনো জায়গায় যেতে প্রস্তুত। পেশাদার হিসেবে আমাকে যেতেও হবে। বিশেষ করে লন্ডনের ফুটবল ক্লাবগুলোর কথা চিন্তা করলে মনে হয়, এটা পরিষ্কার আমাকে অন্য জায়গায় যেতেই হবে।
* পরিবারের বাইরে কোন জিনিসটি আপনাকে প্রভাবিত করে?
মরিনহো: ইংলিশ, ইতালিয়ান, স্প্যানিশ—তিন ঘরানার ফুটবলে বিশ্বের অন্যতম সেরা তিনটি দলের দায়িত্বে ছিলাম। সব সময়ই বলি, আমার প্রতিদ্বন্দ্বিতা দরকার। এবং সেটি প্রতি সপ্তাহে। স্পেনে অসাধারণ একটা ক্লাবে ছিলাম, কিন্তু সেখানে বছরে চারটি করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ পেতাম। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা। এরপর বাকি ম্যাচগুলো ৪-০, ৫-০, ৫-১, ৬-১…।
* তার মানে ব্যাপারটা বেশি সহজ ছিল?
মরিনহো: ম্যাচ জেতা সহজ, কিন্তু লিগ জেতা কঠিন। কারণ এমন একটা দলের সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যারা আপনার দলের মতোই ম্যাচের পর ম্যাচ জিতে যাচ্ছে। সেখানে দুটি দৈত্য আছে। শেষ পর্যন্ত যা হলো, স্পেনে শিরোপা জিততে আমার ১০০ পয়েন্ট লাগল, ৯১ পয়েন্ট নিয়েও পারলাম না। অথচ ইংল্যান্ডে ৭৫ পয়েন্ট, বা তার কম নিয়েও আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন। আমার এমন প্রতিদ্বন্দ্বিতাই চাই।
* অবসর সময়টা উপভোগ করছেন?
মরিনহো: নাহ্, উপভোগ করছি না। যে বিষয়গুলো ভালোবাসি, সেগুলোর সবই আমি একসঙ্গে পেতে পারি। পরিবার পাশে আছে, বন্ধুদেরও কাছে পাচ্ছি। শান্ত, নীরব জীবনও উপভোগ করছি, যেটি আমি অনেক পছন্দ করি। এর সঙ্গে ফুটবলও চাই। সবকিছুই একসঙ্গে পেতে পারি আমি, এর জন্য কোনো একটাকে ছাড় দেওয়ার দরকার নেই। পুরো সুখী হওয়ার জন্য আমার সবকিছুই দরকার। এ জন্যই ফুটবলে ফিরতে চাই। এটা আমার প্রাকৃতিক আবাসের মতো। অনেক দিন থেকেই ফুটবল নিয়েই কাজ করছি, আর কোচ হিসেবে ২০০০ সাল থেকে। ২০০৭-এ চেলসি ছাড়ার পর কয়েক মাস বিরতি নিয়েছিলাম। আর এবার গত ১৫-১৬ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিরতি নিচ্ছি। তাই এখানে নাটকের কিছু নেই। খুব তাড়াতাড়িই ফিরব।
* চাপের সঙ্গে মানিয়ে নেন কীভাবে?
মরিনহো: ফুটবল কখনোই আমার কাছে চাপের কিছু নয়, বরং গর্বের। আমি মানিয়ে নিতে পারি, কারণ যখন আপনি কোনো কিছু খুব বেশি পছন্দ করবেন, এর সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে। একই কারণে ফুটবলাররা পেশাদারি জীবনটা কেন উপভোগ করতে পারে না, আমি বুঝি না। এটা এমন একটা চাকরি যেখানে বেতন অনেক বেশি। তার ওপর ওদের ছোটবেলার স্বপ্নও এটি। আমার মনে হয়, ৯০ মিনিটের একটা ম্যাচ আমাদের চেয়েও বাইরের লোকের কাছে অনেক বেশি চাপের, যাঁরা আমাদের ভালোবাসেন। এই কারণে কিছু লোক, যাঁরা ভিন্ন ধারণা পোষণ করেন, তাঁদের সঙ্গে আমার লেগে যায়। আপনি খেলাটায় আসছেন প্রতিদ্বন্দ্বিতা করতে। জিততে ভালোবাসেন, হারতে ঘৃণা করেন। একবার জিতলে দ্বিতীয়বারও জিততে চাইবেন। যদি এতে ক্লান্তি চলে আসে, তাহলে বাড়ির পথ ধরতে হবে আপনাকে, অন্য কাউকে জায়গা ছেড়ে দিতে হবে।
* কোনটা বেশি কঠিন প্রথমবার জেতা, নাকি এর পুনরাবৃত্তি?
মরিনহো: আমি সব সময়ই মনে করি, সবাই নতুন চ্যালেঞ্জ চায়। তবে নতুন চ্যালেঞ্জ পাওয়ার ভিন্ন ভিন্ন উপায় আছে। ধরুন, আপনি এমন একটা ক্লাবে আছেন, যারা সব সময় জেতে। তাহলে আবারও জিততে হলে আপনাকে বিজয়ীদের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে হবে। এর জন্য আপনার ওদের মধ্যে সংশয় জাগিয়ে তুলতে হবে, নতুন খেলোয়াড় কিনতে হবে। ওদের সুবিধাজনক আরামের জায়গাটা থেকে বের করে আনতে হবে। কারণ একটু আরামপ্রিয় হয়ে যাওয়া খুবই সাধারণ প্রবণতা। যদি আপনি এ ক্ষেত্রে প্রতিক্রিয়া না দেখান, যদি আপনি মনে করেন একবার যেহেতু জিতেছেন, তাই পরেরবারও জিতবেন, তাহলে সবকিছুই কঠিন হয়ে যাবে।
* ফুটবলে যা কিছু শেখার সবই শিখে ফেলেছেন?
মরিনহো: না! শিখতে তো সব সময়ই হয়। এমনকি ফুটবলেও, যে ব্যাপারটিতে আমি নিজেকে একজন বিশেষজ্ঞ মনে করি। আমি নিখুঁত নই, সব সময়ই শিখতে চাই। সেটি অফিসে যেমন, ব্যক্তিগত জীবনেও। মানুষ হয়তো মনে করে, আমি বিনয়ী নই। কিন্তু আসলে আমি সব সময়ই বেশ বিনয়ী, আর সব সময়ই আমার চেয়ে ভালো জানে এমন লোকের কাছ থেকেই শিখতে চাই।











