বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় পর্দা থেকে সরাসরি মুঠোফোনে

untitled-19_191082আপনার হাতে একটি স্মার্টফোন থাকলে এখন অনেক কিছুই সম্ভব! স্মার্টফোনে গেমসের পাশাপাশি অডিও-ভিডিও গান থাকাটা এখন স্বাভাবিক একটি বিষয়। শুধু তাই নয়; মোবাইল ফোনে একটি, দুটি বা তারও অধিক চলচ্চিত্র থাকাটাও এখন আশ্চর্য হওয়ার মতো কিছু নয়। ঠিক যেন তাই হচ্ছে। শুরু হয়েছে চলচ্চিত্র পাইরেসির নতুন এক রূপ। নতুন ছবি সিনেমা হলে মুক্তির কয়েক দিন পরই এটি পাইরেটেড হয়ে ঢুকে যাচ্ছে সরাসরি মোবাইল ফোনে। আর তা যেন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। ১০ থেকে ১৫ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে একটি ছবি। পুরনো ছবি হলে এই টাকায় পাওয়া যায় কয়েকটি ছবি। এগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন ফোন-ফ্যাক্সের দোকানে।মোবাইল ফোনে ছবির এই রমরমা ব্যবসা শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন নামকরা বিপণিবিতান থেকে। পরে তা ক্রমেই ছড়িয়ে পড়েছে পাড়া-মহল্লার দোকানে। এমন কি, অনেক দোকানে ‘মোবাইলে গান ও ছবি লোড করা হয়’ অথবা ‘এখানে গান ও ছবি লোড দেওয়া হয়’ লেখার পোস্টারও শোভা পায়। চলচ্চিত্র মুক্তির কয়েক দিনের মাথায় একটি ছবি পাইরেটেড হয়ে ছড়িয়ে পড়ছে পাড়া-মহল্লায়। ফলে ছবিতে লগি্নকৃত বিনিয়োগের একটা বড় অংশ যাচ্ছে ক্ষতির মুখে।

যে কারণে এখন অনেক পরিচালক, প্রযোজকরা ছবি নির্মাণে আগ্রহ হারাচ্ছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, পাইরেসির কারণে চলচ্চিত্র শিল্প ধ্বংস হয়ে গেছে। এই পাইরেসির হাত থেকে মুক্তি না পেলে একদিন চলচ্চিত্র শিল্প পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। কিছুদিন আগে পরিচালক বদিউল আলম খোকন ঘোষণা দিয়েছিলেন, পাইরেসি বন্ধ না হলে আর কোনো ছবি বানাবেন না তিনি।
পাইরেসি নিয়ে নায়করাজ রাজ্জাক বলেন, ‘আমাদের সময় দর্শকরা অধীর আগ্রহে থাকতেন, কবে নতুন ছবি মুক্তি পাবে। এমন কি, এফডিসির গেটে এসে খোঁজও নিতেন তারা। নতুন চলচ্চিত্র মুক্তির পর সিনেমা হলগুলোতে মানুষের ঢল দেখা যেত। এখন মানুষের সেই আগ্রহ নেই। দর্শক এখন হলে গিয়ে আর ছবি দেখেন না। কারণ তারা হলের বড় পর্দায় ছবি না দেখে ছোট পর্দায় [পড়ূন মোবাইলে] ছবি দেখছে। এতে করে সিনেমা হল মালিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
প্রযোজক খোরশেদুল আলম খসরু বলেন, ‘পাইরেসি নিয়ে আমরা বহুবার, বহু কথা বলেছি। এসব নিয়ে কথা বলতে ইচ্ছা করে না। এখন আমাদের একটা দাবি, সেন্টাল সার্ভার। যার মাধ্যমে ছবিগুলো চলবে।
এই সেন্টাল সার্ভার থাকবে এফডিসিতে। এখান থেকেই নতুন চলচ্চিত্র একযোগে মুক্তি দেওয়া হবে দেশের সিনেমা হলগুলোতে। এখান থেকে ঠিক করে দেওয়া হবে, ছবিটি কখন কোথায় কোন সময়ে চলবে। এই পদ্ধতি চালু হলে পাইরেসি অনেকটাই কমে আসবে বলে মনে করি।’
এদিকে চলতি বছরের শুরুর দিকে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব বিপুল সংখ্যক পাইরেটেড সিডি ও সিডি তৈরির সরঞ্জাম জব্দ করে। সেই সঙ্গে পাইরেসির সঙ্গে যুক্ত সাগর ওরফে জনিসহ নয়জনকে গ্রেফতার করে। এর পরপরই এফডিসিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, অমিত হাসান, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, পরীমনিসহ অনেকে।