সরাইলে কোটি টাকার কাজে প্রকাশ্যে চলছে অনিয়ম
সরাইল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল ভবন নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং শিডিউল মোতাবেক কোনো কাজই হচ্ছে না এখানে। এমনকি ছাদের ঢালাইয়ের কোনো হিসেব-নিকাশ নেই। যে পুরুত্ব ধরা আছে সে মতো ছাদ ঢালাই হচ্ছে না। ফলে কোটি টাকা ব্যয়ে নামমাত্র বিল্ডিং বানানোর কাজ হচ্ছে বলেই অভিযোগ অনেকের। ‘মেসার্স নজরুল ইসলাম’ নামের ঢাকার মোহাম্মদপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও প্রাণিসম্পদ হাসপাতাল সূত্রে জানা যায়, সরাইল প্রাণিসম্পদ হাসপাতালের জন্য ৪ তলা ভবন নির্মাণ হবে। প্রথমত ১ কোটি ৩ লাখ টাকার দ্বিতীয় তলা পর্যন্ত কাজ হবে। ২,৫৮১ বর্গফুট আয়তনে প্রথম তলায় হাসপাতাল। দ্বিতীয় তলায় ডরমেটরি। যার আয়তন ২,২১৪ বর্গফুট। পুরো কাজের কনসালটিং সহযোগিতা দিচ্ছেন ‘শহীদুল্লাহ অ্যাসোসিয়েট’ নামের একটি ফার্ম। কাজের কোনো কিছু বলতে না পারলেও সর্বক্ষণ কাজ তদারকি করছেন সহকারী প্রকৌশলী পরিচয়দানকারী মো. রাজিব হোসেন (২৪)। আর ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী পরিচয় দিয়ে পুরো কাজের তত্ত্বাবধান করছেন মো. কাউছার মিয়া (২৬) নামের যুবক। গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া এ কাজে দায়িত্বশীল কোনো প্রকৌশলীর দেখা মিলেনি। গত ৬ই জানুয়ারি সরজমিনে দেখা যায়, দ্বিতীয় তলার ছাদের ঢালাই চলছে।
আশপাশে বসে দায়সারা তদারকি করছেন কনসালটিং ফার্মের প্রকৌশলী জহিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকৌশলী মতিউর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বজলুর রশিদ, ঠিকাদার মো. আবুল কালাম আজাদ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান। পুরাতন জোড়াতালির বাঁশ ও লক্কড়-ঝক্কর মার্কা কাঠ দিয়ে করা হয়েছে সেন্টারিং। কোথাও উঁচু। কোথাও নিচু। ক্রেং এর রড ব্যবহারে দেয়া হয়েছে ফাঁকি।
ব্যবহার হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট। লাল বালুর সঙ্গে সমানে মিশানো হচ্ছে ভিটে মাটি। সেই সঙ্গে ডাস্টযুক্ত কংক্রিট। ১ টুকরি সিমেন্টের সঙ্গে অন্যান্য মাল ৪ টুকরির স্থলে মিশানো হচ্ছে ৬ টুকরি। ছাদে সাড়ে ৪ ইঞ্চির স্থলে দেয়া হচ্ছে সাড়ে ৩ ইঞ্চি পুরুত্বের ঢালাই। ব্যবহার করা হচ্ছে না ব্রাইবেটর মেশিন। প্রথম তলার ছাদে দেখা যায় আধা ইঞ্চি থেকে ১ ইঞ্চি উঁচু নিচু ঢালাই। অনেক জায়গায় দেখা যায় কংক্রিট। গাঁথনিতে ব্যবহার করা হচ্ছে নামমাত্র সিমেন্ট। এমন অনিয়ম কেন? জিজ্ঞেস করতেই ঠিকাদার আবুল কালাম বলেন, “ওয়ার্ক অর্ডারে এভাবেই ধরা আছে।” কাজের সঙ্গে সংশ্লিষ্ট কনসালটিং ফার্মের প্রকৌশলী জহিরুল ইসলাম সিমেন্ট কম দিয়ে বালু কংক্রিট বেশি কেন এ প্রশ্নের সন্তোষজনক উত্তর না দিতে পারলেও তিনি বলেন, ভিটি মাটি/বালু দেয়া যাবে। ওয়ার্ক অর্ডারে এ বিষয়ে বলা আছে। তবে নাম প্রকাশ না করার শর্তে এলজিইডি’র একাধিক প্রকৌশলী বলেন,
ছাদের ঢালাইয়ে কোনোভাবেই ভিটি মাটি/বালু গ্রহণযোগ্য নয়। তবে পরিচ্ছন্ন ছোট পাথর জাতীয় সিলিকন দিতে পারলে ভালো। আর সেন্টারিং-এ লেভেল মিছিং-এর কারণে ছাদের ঢালাই উঁচুনিচু হয়। সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান বলেন, আমি এ কাজে কোনো ধরনের অনিয়ম মেনে নেব না। সমস্যা থাকলে আমি বিলের কাগজে স্বাক্ষর করবো না।











