বিশ্ব কাঁপাচ্ছেন দীপিকা
বিনোদন ডেস্ক : দীপিকা পাড়ুকোনকে যদি সাম্প্রতিক সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য বলিউড নায়িকার খেতাব দেয়া হয়, খুব একটা ভুল হবে না হয়তো। বেশ লম্বা একটা সময় ধরে সামান্য কিছু ভুলচুক বাদে বলিউডি ফিল্মের সফলতা যদি কেউ আয়ত্ব করে নিতেই পারে, তবে তার ওপর দর্শক থেকে শুরু করে নির্মাতা তথা পরিচালক কিংবা প্রযোজকরা ভরসা তো পাবেনই। প্রথমত বলিউডি ইন্ডাস্ট্রির কথাই ধরা হোক না কেন? সেই যে ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী এবং তারপর চেন্নাই এক্সপ্রেস দিয়ে যে সফলতার বিপুল বিক্রমের যাত্রা সেটার উন্নতি ঘটছে দিন দিন। সেটা পালাক্রমে চলতে থাকে ‘হ্যাপি নিউ ইয়ার’ থেকে শুরু করে পিকে অব্দি। মাঝে একটা ছবিতে আশানুরূপ ফল না দিলেও হিটের তোপে সেটাকে নতুন করে সংজ্ঞায়িত করা আবশ্যক নয়।
চেন্নাই রেলের উচ্চগতির পর ঘোষণা এসেছিল রোহিত শেঠির পরের ছবি নিয়ে। সেখানেও তিনি নায়িকা রাখবেন দীপিকাকে এমন একটা ঘোষণার আভাস পাওয়া যায় তখনই। কিন্তু সময় যতই গড়িয়েছে পরে শোনা গেছে ভিন্ন কথা। দিলওয়ালের রিমেক করবেন শাহরুখকে নিয়ে। আর অন্যদিকে নিজের হালের প্রেমিক রণবীর সিংকে বগলদাবা করে সিনেমার পর্দায় হাজির হবেন দীপিকা। ভয় ছিল উভয় শিবিরেই। কারণ ‘চেন্নাই এক্সপ্রেস’ কিংবা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো সফল জুটি যখন ভেঙে দুই ভাগ। তখন তারা হয়ে উঠেছেন একে অন্যের প্রতিপক্ষ। তবে শেষ ফলটা ঘরে তুললেন দীপিকাই। একদিকে দিলওয়ালের চরম ব্যর্থতা অন্যদিকে রণবীর আর প্রিয়াংকাকে নিয়ে বাজিরাও এর বাজিমাত।
সবমিলিয়ে গেল বছরের শেষ সফলতাটা ঘরে তুললেন দীপিকা। তাও আবার কিং খানকে পেছনে ফেলে। এখানেই শেষ নয় কিন্তু। হালে হলিউডি ছবিতে অভিনয়ের মাধ্যমে সুখ্যাতি পেয়েছেন বলিউডের খুব কম মানুষই। অনিল কাপুর আর সবচেয়ে বেশি ইরফান খান। কিন্তু যদি প্রশ্ন আসে এই তালিকায় নায়িকা হিসেবে কে যোগ হচ্ছেন। সেখানে উঠে আসবে দীপিকারই নাম। গেল বছর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন বলে দাবি করলেও শেষ অব্দি মিথ্যেতে পর্যবসিত হয় সব। সেই সব মিথ্যাবাদীদের কদলী প্রদর্শন করে ভিন ডিজেলের বাহুলগ্ন হচ্ছেন দীপিকা। তাও আবার ভিন ডিজেলের হিটমেকার সিরিজ ট্রিপল এক্স-এর পরবর্তী পর্বে।
সেই ছবির শুটিংয়ের নানা ছবিসহ নানা অভিজ্ঞতাও আবার দীপিকা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ার বরাতে। সব মিলিয়ে হুলুস্থূল কাণ্ডই বলা চলে। তবে দীপিকাকে নিয়ে সবচেয়ে বড় আলোচনাটা উঠেছে হালে ক্যাটরিনা আর দীপিকার সাবেক প্রেমিক রণবীর কাপুরের বহুদিনের সম্পর্কচ্ছেদের পর। অনেকের ধারণা এতে নিশ্চয়ই হাত আছে দিপীকার। আবার এমনও শোনা যাচ্ছে ক্যাট নাকি বিচ্ছেদের পরই ঢালাওভাবে সময় দিচ্ছেন সালমান খানকে। তাহলে গলদটা মূলত কোন দিকে। ভারতীয় কিছু অনুসন্ধানী সংবাদমাধ্যমের তথ্যে বেরিয়ে এল অন্য তথ্য।
দীপিকার নামগন্ধও নেই যে প্রতিবেদনে। উল্টো সেখানে উঠে এসেছে আলিয়া ভাটের নাম। আলিয়াকে নিয়েই নাকি দ্বন্দ্বে মেতেছিলেন ক্যাট আর কাপুর। যার পরিণতিতে এই বিচ্ছেদ। অনেকে বলছেন অবশ্য ক্যাট-কাপুরের বহুদিনের শীতল সম্পর্কের ইতি টানতে নিতান্ত অজুহাতই ছিলেন আলিয়া ভাট। তবে আলিয়ার দায় থাক, না না থাক। দীপিকাকে নিয়ে কানাঘুষা যে থেমেছে সেটাই বড় বিষয়।











