কে এই ‘কিং অফ ইনস্টাগ্রাম’?
ইন্সটাগ্রামে কী করে বিখ্যাত হতে হবে, তার সহজপাঠ আপনাকে পড়াতে পারেন একজনই৷ তিনি ‘কিং অফ ইনস্টাগ্রাম’, ড্যান বিলজেরিয়ান৷ একজন পেশাদার পোকার প্লেয়ার৷ জন্ম ফ্লোরিডায়, ২০০০ সালে মার্কিন নৌসেনার ‘সিল’ প্রশিক্ষণ নিতে গিয়ে ব্যর্থ হন৷ তখন থেকেই আগ্নেয়াস্ত্রের প্রতি অগাধ ‘ভালবাসা’! এখন নিজেই একটি অনলাইন পোকার রুমের সহ-প্রতিষ্ঠাতা৷ টুইটার তাঁকে সবচেয়ে ‘রসিক’ পোকার প্লেয়ারের খেতাপ দেয়৷
কিন্তু ড্যান বিলজেরিয়ানের কেরিয়ারের গ্রাফের সঙ্গে তাঁর ইনস্টাগ্রামে জনপ্রিয়তার তুলনাই হয় না৷ ২০১৩ সালে তাঁর পোস্ট করা ছবি প্রথম সমালোচনার কেন্দ্রে আসে৷ তাঁর বিলাসবহুল জীবন, বিকিনি-পরিহিতাদের নিয়ে প্রাসাদে ‘আদিম’ জীবনযাপন ও ড্রাগের প্রতি আসক্তি তাঁকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ক্রমশ ‘কুখ্যাত’ করে তুলতে শুরু করে৷ মাত্র ৩২ বছর বয়সেই ড্রাগের নেশার খপ্পরে তিনবার হৃদরোগে আক্রান্ত হন ড্যান বিলজেরিয়ান৷ মদ্যপান করে মডেলদের সঙ্গে হাতাহাতি করে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে৷
এ সব তো গেল তাঁর ব্যক্তিগত জীবনের কেচ্ছা৷ কিন্তু জানেন কি, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্টের দৌড়েও সামিল ড্যান বিলজেরিয়ান! তাঁর পিছনে সমর্থন রয়েছে খোদ ডোনাল্ড ট্রাম্পের৷ তার সঙ্গে ড্যান বিলজেরিয়ানের ইনস্টাগ্রাম প্রোফাইলের ১৪ মিলিয়ন ফলোয়ার্স তো রয়েছেই৷











