আট ম্যাচ পর জয় ম্যানইউর
স্পোর্টস ডেস্ক : আট ম্যাচ পর অধিনায়ক ওয়েন রুনির নৈপুণ্যে জয়ের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে ওল্ড ট্রাফোর্ডে সোয়ানসিকে ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এই জয়ে নতুন বছরে শুভ সূচনা করলেন ভন গলের শিষ্যরা। ২০১৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লেখান ভন গল। ৩ বারের মুখোমুখিতে একবারও জয়ের দেখা পায়নি সোয়ানসির সঙ্গে। চতুর্থবারে এসে জয়ের দেখা মিলল।
বেশ লম্বা সময় পর ম্যান ইউ-এর এই জয়ে তাই ম্যান ইউ ভক্তদের উচ্ছ্বাসটাও যেন একটু বেশি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই জয়ে গোল দুটি করেছেন এন্থনি মার্শাল এবং ওয়েইন রুনি।
আট ম্যাচে জয়শূন্য থাকা ম্যানইউ নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নেমে প্রথমার্ধে তেমন একটা সুবিধা করতে পারেনি। গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল।
তবে ৪৭ মিনিটে সফলতা পায় রেড ডেভিলরা। এন্থনি মার্শালের গোলে এগিয়ে যায় ম্যানইউ। ওয়েলসের মিডফিল্ডার অ্যাশলে ইয়াংয়ের ক্রসে হেড করে বল জালে জড়ান মার্শাল। তবে খেলার ৭০ মিনিটের মাথায় সিগুরসনের গোলে সমতায় ফেরে সোয়ানসি। খেলার ৭৭ মিনিটে রুনির গোলে এগিয়ে যায় ম্যানইউ।
এ জয়ে ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।











