বছরের শুরুতেই টাঁকশালে নাদিয়া
অভিনয়ে নাদিয়া আহমেদ ব্যস্ত থাকলেও নাচ থেকে নিজেকে কখনও দূরে সরিয়ে রাখেননি। যে কারণে অভিনয়ের পাশাপাশি বলা যায় বছরজুড়েই নাদিয়াকে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন বিশেষ বিশেষ অনুষ্ঠানে নাচ করতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় নতুন বছরের দ্বিতীয় দিনে গাজীপুরের টাঁকশালে একটি অনুষ্ঠানে তিনি নৃত্য পরিবেশন করবেন। সঙ্গে থাকবেন লিখন ও নাদিয়ার নাচের গ্রুপ ‘নৃত্যকথা’। এদিকে চলতি বছরে আর কোনো নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন না গুণী এই অভিনেত্রী। নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে তিনি পুরনো ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নেবেন। তবে চলতি বছরের একেবারে শেষপ্রান্তে নাদিয়া নতুন চারটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। নাটকগুলো হচ্ছে- সকাল আহমেদের ‘একটি বাবুই পাখির বাসা’, অঞ্জন আইচের ‘মেঘের পরে মেঘ জমেছে’, ফরিদের ‘পাগলা হাওয়ার দিন’ ও এস এ হক অলিকের ‘আয়না ঘর’। চারটি ধারাবাহিক নাটক যথাক্রমে রচনা করেছেন কাজী শাহেদুল ইসলাম, অঞ্জন আইচ, শুভাশীষ সিন্হা ও মাসুম আজিজ। নিজের বর্তমান কাজ প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, অভিনয় ও নাচ দুটোই আমার খুব প্রিয়। তবে নাচের প্রতি ভালোলাগা, ভালোবাসা একটু বেশি। আমার পরিচয় প্রথমত একজন নৃত্যশিল্পী, তারপর অভিনেত্রী। আমি কৃতজ্ঞ যারা আমাকে তাদের নাটকে নিয়ে কাজ করছেন। আমি চেষ্টা করি সবসময় নিজের চরিত্র ভালোভাবে ফুটিয়ে তোলার। নতুন ধারাবাহিক চারটিতে আমাকে দর্শক নতুন চার রকমভাবে দেখতে পাবেন।
এদিকে সম্প্রতি জাহিদ হাসানের বিপরীতে বরিশালের ভাষায় একটি নাটকে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ। একবছর বিরতির পর তিনি জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন। পাশাপাশি নিজের স্কুলে (ভিকারুন্নিসা নূন স্কুল) ১৪ বছর পর নৃত্য পরিবেশন করেছেন গেল ২৬শে ডিসেম্বর। নাদিয়া আহমেদ অভিনীত ধারাবাহিক নাটক ‘দাগ’ ‘জীবনের অলিগলি’, ‘লড়াই’, ‘বাক্সবন্দী’, ‘সম্রাট’, ‘পরণ কথা’, ‘গন্তব্য নিরুদ্দেশ’ বিভিন্ন চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে।
‘বিয়ে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না’: লিজা
ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার পর থেকে স্টেজ, অ্যালবাম ও প্লেব্যাকে নিয়মিত কাজ করছেন চলতি প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। এরই মধ্যে বেশ কিছু জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। চলতি বছর প্রকাশ পেয়েছে তার দ্বিতীয় একক অ্যালবাম ‘পাগলি সুরাইয়া’। এছাড়া উপস্থাপনাতেও সফলতার স্বাক্ষর রেখেছেন তিনি। এদিকে লিজা এখন সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে। এখন তিনি অবস্থান করছেন আমেরিকায়। প্রায় দেড় মাসের সফরে সেখানে রয়েছেন তিনি। আমেরিকা থেকেই নিজের বর্তমান ব্যস্ততা ও গানের বিভিন্ন দিক নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন লিজা। তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন
কি খবর? কেমন কাটছে দিনকাল?
খুব ভালো আছি। অনেক দিন ধরেই আমেরিকায় আছি। শো করছি। এই নিয়ে এই বছর দ্বিতীয়বারের মত আসলাম এখানে। দুটোই লম্বা সফর। এবার প্রায় দেড় মাসের মত থাকছি।
শো কেমন হচ্ছে?
ভালো হচ্ছে। আমেরিকায় আমার শ্রোতা তৈরি হয়েছে। এ কারণেই প্রবাসীদের আমন্ত্রণে বছরের দ্বিতীয় এই শো করতে এসেছি। শো করছি আর মুগ্ধ হচ্ছি। কারণ শ্রোতারা প্রাণভরে উপভোগ করছেন ও উৎসাহ দিচ্ছেন। আমার জন্মদিনটিও এখানে পালন করেছি। বেশ ভালোই কেটেছে। তবে পরিবারকে অনেক মিস করছি। দেশটাকে মিস করছি।
দেশে আসা হচ্ছে কবে?
৭ই জানুয়ারি দেশে ফিরবো ইনশাআল্লাহ। শো এর পাশাপাশি আমেরিকার বিভিন্ন রাজ্য ঘুরেও বেড়াচ্ছি। বলতে পারেন এটা আমার জীবনের একটি স্মরণীয় সফর।
চলতি বছরই দ্বিতীয় একক ‘পাগলি সুরাইয়া’ প্রকাশ পেয়েছে? সাড়া কেমন মিললো?
অনেক ভালো সাড়া মিলেছে। বিশেষ করে আরফিন রুমি ভাইয়ার সুর-সংগীতে আমার ‘পাগলি সুরাইয়া’ গানটি মানুষ ভালোভাবে গ্রহণ করেছেন। এর মিউজিক ভিডিও বিফোর ইউ চ্যানেলেও প্রচার হয়েছে। বাকি গানগুলোর সাড়াও ভালো। অ্যালবামটির ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশিই পেয়েছি।
নতুন গানের পরিকল্পনা রয়েছে?
বেশ কিছু নতুন গান তৈরি করা হয়ে গেছে। কয়েকজন সুরকার গানগুলো করেছেন। নতুন বছরে আমার তৃতীয় একক অ্যালবামের মাধ্যমে গানগুলো প্রকাশ করবো। দেশে ফিরেই সেই পরিকল্পনা করবো। দেখা যাক কি হয়।
উপস্থাপনার কি অবস্থা?
আমেরিকা আসার ফলে উপস্থাপনায় বড় একটা গ্যাপ পড়ে গেলো। তবে উপস্থাপনার চেয়ে গান আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সংগীতশিল্পী হিসেবে পরিচয় দিতেই আমি বেশি গর্ববোধ করি। উপস্থাপনা করছি কেবল শখের বসে। তবে ভালোই লাগে। দেশে ফিরে হয়তো আবার উপস্থাপনা শুরু করবো।
অডিও ইন্ডাষ্ট্রির বর্তমান অবস্থা কেমন মনে হচ্ছে?
অডিও ইন্ডাস্ট্রি এখন অনলাইন নির্ভর। কারণ এখন মানুষ সিডিতে নয়, অনলাইনে গান শুনছে। এটা সর্বাধুনিক মাধ্যম। বেশ সহজও বটে। তবে একটা নিয়মের মধ্যে সব কিছু আসতে হবে। আয়ের যে মাধ্যমগুলো তৈরি হয়েছে সে বিষয়ে স্বচ্ছ ধারণা বেশিরভাগ শিল্পীরই নেই। সেই বিষয়টা পরিস্কার হয়ে গেলেই সুদিন ফিরবে বলে মনে হয় আমার।
আংটি বদলতো হয়েছে। বিয়ে হচ্ছে কবে?
বিয়ে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। কারণ আমার হবু বর বাবলু নিজের কাজ নিয়ে ব্যস্ত। আমিও ব্যস্ত গান নিয়ে। দুজনের ব্যস্ততাটা কমলেই বিয়ে সারবো।
‘অভিনয় যতই করছি ততই শিখছি’:রওশন জাহান
২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় নাম লেখান হাসিন রওশন জাহান। এ সময়ে একাধিক ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন হাসিন।
কেমন আছেন? কেমন চলছে সব?
খুব একটা ভালো নেই। অনেক ব্যস্ততা। অনেক দৌড়াদৌড়ির মধ্যে আছি। আমি রীতিমতো ক্লান্ত। একটা লম্বা বিশ্রামের প্রয়োজন। কিন্তু সেই সুযোগটা কিছুতেই করে উঠতে পারছি না।
এত ব্যস্ততা কি নিয়ে?
এখন তো নাটকের ব্যস্ততা খুব একটা নেই। বিগত ২ মাসেরও বেশি সময় ধরে নাটকের শুটিং থেকে দূরে আছি। আমি ঠিকানা বদল করলাম। নিকেতন ছেড়ে এখন বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ ফ্ল্যাটে উঠেছি। বাসার কাজগুলো গোছানো, সাজসজ্জা সবই আমাকে দেখতে হয়েছে। নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ করেছি। যে কারণে নাটকের কাজ থেকে গত দুমাস বিরত ছিলাম। এখনও ফ্ল্যাটের টুকিটাকি অনেক কাজ বাকি রয়েছে। সেগুলো আস্তে ধীরে সেরে নেব শিগগিরই।
অনেক ঝামেলার মধ্যেই রয়েছেন তাহলে। গত কিছুদিনে ঢাকার বাইরে আসা-যাওয়ার মধ্যেও ছিলেন…
নাটকের কাজ থেকে বিরত থাকার কথা বলেছি। একেবারে তো আর বিরতি নিতে পারিনি। আগে শিডিউল দেয়া কাজগুলোতে সময় দিতে হয়েছে। কক্সবাজার গিয়েছি। সেখানে একটি খণ্ড নাটকে অভিনয় করলাম। এটা তো নভেম্বর মাসের কথা। আবার সেখান থেকে ফিরে বাড়ির কাজ করেছি। এর মাঝে আবার ‘মেঘের ওপারে’ নাটকের শুটিংয়ে যোগ দিতে হয়েছে। এটার কাজও সিরাজগঞ্জে হয়েছে। সবমিলিয়ে টুকটাক শুটিং তো চালাতেই হয়েছে।
প্রচার চলতি অন্য ধারাবাহিক কোনগুলো?
এখন বিভিন্ন চ্যানেলে প্রচার চলছে বেশ কয়েকটি নাটক। তার মধ্যে আরটিভিতে জাহিদ হাসানের পরিচালনায় ‘উড়ামন’, চ্যানেল নাইনে দীপংকর দীপনের ‘গ্র্যান্ডমাস্টার’ ও চ্যানেল আইতে তাহের শিপনের ‘ভৈরব’ ধারাবাহিকগুলোতে আমাকে দেখা যাচ্ছে। এছাড়া আরও কয়েকটি নতুন নাটকে অভিনয়ের কথা চলছে।
ভালোবাসা দিবসের কোনো কাজ নিয়ে পরিকল্পনা রয়েছে?
এখনও সেভাবে পরিকল্পনা করিনি। তবে প্রতিবারই দু-একটি নাটকে কাজ করি। এবারও ইচ্ছা আছে। যদি ভালো স্ক্রিপ্ট পাই তবে অবশ্যই অভিনয় করবো।
নিজেকে মূল্যায়ন করেছেন কখনও?
আমি অভিনেত্রী। এটা আমার পেশা। বলতে পারেন আমি একজন পেশাদার অভিনেত্রী। কাজের ক্ষেত্রে বরাবরই পেশাদারিত্বটা ধরে রাখার চেষ্টা করি। আর নিজেকে মূল্যায়ন করার ব্যাপারে কখনও ভাবিনি। কাজ করে যাচ্ছি। অভিনয় যতই করছি ততই শিখছি। প্রতিদিন নতুন অনেক শেখা হচ্ছে। কোথাও কোন ত্রুটি নিজের চোখে ধরা পড়লে নিজে শুধরে নিই। আর যদি না পারি সিনিয়রদের সাহায্য নিই। নিজেকে মূল্যায়নের এখনও অনেক সময় বাকি আছে।
শুটিংয়ের বাইরে সময়টা কিভাবে কাটান?
শুটিংয়ের বাইরে মূলত আমার স্বামী মারুফকে নিয়েই সময়টা কাটে। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিই। পাশাপাশি শপিং, ঘুরে বেড়ানোর মধ্যে দারুণ সময় যায় আমাদের। আসলে মারুফের সঙ্গে বিয়ের পর আমার জীবনটাই বদলে গেছে। অনেক ভাল মনের একজন মানুষ সে। আমাদের বোঝাপড়াটা অনেক ভালো। আসলেই আমরা খুব সুখী দম্পতি।











