১৭৭ রানে হারলো উইন্ডিজ
স্পোর্টস ডেস্ক : তৃতীয় দিন শেষে স্টিভেন স্মিথ অপরাজিত ছিলেন ৭০ রানে। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে ছিল ৪৫৯ রানে। নিজের সেঞ্চুরির জন্য কিছু সময় স্মিথ নিতেই পারতেন। কিন্তু অস্ট্রেলীয় অধিনায়ক ম্যাচ জয়ের লক্ষ্যেই ঝাঁপিয়ে পড়তে চাইলেন দ্রুত।
ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে আগের দিনই ৩ উইকেটে ১৭৯ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের অস্ট্রেলিয়ার ৪৫৯ রানের লিডটা ছোঁয়ার যেকোনো ক্ষমতাই নেই, সেটা জানতেন অস্ট্রেলীয় অধিনায়ক। তাই ‘শুভস্য শীঘ্রম. . ’ বলেই যেন বল তুলে দিলেন হ্যাজেলউড-প্যাটিনসনদের হাতে। তবে মিচেল মার্শ ৬১ রানে ৪টি আর নাথান লায়ন ৮৫ রানে ৩ উইকেট তুলে নিয়েই জয়টাকে নিজেদের নাগালে নিয়ে আসেন। এই দুজনকে সহায়তা দিয়েছেন জেমস প্যাটিনসন (২ / ৪৯) আর পিটার সিডল (১ / ৩৫)।
লক্ষ্যমাত্রা নিজেদের প্রথম ইনিংসের চেয়ে আর ১২ রান বেশি, ২৮২ করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তাও দিনেশ রামদিন আর অধিনায়ক জ্যাসন হোল্ডারের কল্যাণে। এই দুজনের মধ্যে গড়ে ওঠা শতরানের (ঠিক ১০০) জুটিটা ক্যারিবীয়দের স্বপ্ন দেখাতে না পারলেও অস্ট্রেলিয়ার জয়টাকে কিছুটা হলেও দেরি করাতে পেরেছিলেন।
রামদিন ৯০ বলে করেছেন ৫৯। এতে ছিল ৪টি চারের মার। হোল্ডার ৮৬ বল খেলে করেছেন ৬৮। আগের ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক ড্যারেন ব্রাভো ফেরেন ২১ রানেই।
ওয়েস্ট ইন্ডিজের অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে বড় ইনিংসের ভিত্তিটা প্রায় সবাই গড়েছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। রাজেন্ত্র চন্দ্রিকা ৩৭ আর ক্রেইগ ব্রাফেট ৩১ রান করেন। মারলন স্যামুয়েলস ১৯ আর জারমেই ব্ল্যাকউড ফেরেন ২০ রানে।
এই হারে এ বছর ২০০৪ ও ২০০৫ সালে নিজেদের সর্বোচ্চ ৮ হারের রেকর্ড স্পর্শ করল ওয়েস্ট ইন্ডিজ। এ বছর ৮ টেস্টে হারা ক্যারিবীয়রা ২০০৪ ও ০৫ সালেও সর্বাধিক ৮টি করেই টেস্ট হেরেছিল।
মেলবোর্নে হারের মধ্যেও একটা বিষয়ে আনন্দ ও স্বস্তি খুঁজে নিতে পারে ক্যারিবীয়রা। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের পর এই মেলবোর্নেই ৮০ ওভারের বেশি ব্যাট করতে পারল তারা।
এমন রেকর্ডে স্বস্তি-আনন্দ খুঁজলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অধঃপতনের আখ্যানটাই যেন বেশি করে ফুটে ওঠে!
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৫৫১/৩ (ডিক্লে.) ও ১৭৯/৩ (ডিক্লে.)
ওয়েস্ট ইন্ডিজ ২৭১/১০ ও ২৮২/১০
(ফল: অস্ট্রেলিয়া ১৭৭ রানে জয়ী)











