সরাইলে ভ্রাম্যমান আদালতে ২ হাজার টাকা জরিমানা : জব্দ ফল এতিমখানায় বিতরণ
স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ফল ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় তাঁর ফলও জব্দ করে স্থানীয় একটি এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ঘটনায় স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন পথচারীরা।
ইউএনও’র কার্যালয় সূত্রে জানা যায়, এছন মিয়া (৫০) নামের এক ফল ব্যবসায়ী সরাইল উপজেলা সদরের বৈকাল বাজার এলাকার ঐতিহাসিক বকুলতলায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করে কয়েক বছর ধরে ব্যবসা করে আসছে। এতে সেখানে সার্বক্ষণিক যানজট লেগেই থাকে। এ ছাড়া সহস্রাধিক পথচারী দখলদার ওই ব্যবসায়ির জন্য চরম কষ্টে চলাচল করত। প্রশাসনের শত বাঁধা উপেক্ষা করে সেখানকার দখল ছাড়ছেন না ওই ব্যবসায়ি। অবশেষে গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এছন মিয়াকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত এছন মিয়ার ৩০ কেজি বড়ই ও ২০ কেজি আপেল জব্দ করে। পরে এসব ফল উপজেলা সদরের দারুল কোরআন হুসানিয়া এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সৈয়দা নাহিদা হাবিবা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।











