বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ ফুটবলের পর্দা উঠছে আজ

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ বলে খ্যাত সাফ ফুটবল টুর্নামেন্ট। স্পন্সরের কারণে এবার নাম বদলে গেছে। নতুন নাম, ‘সাফ সুজুকি কাপ ফুটবল’। সাত দেশের অংশগ্রহণে শুরু হওয়ার অপেক্ষায় জমজমাট এই ফুটবল আসর। প্রস্তুত ভারতের সমুদ্র তীরবর্তী রাজ্য কেরালা, প্রস্তুত একমাত্র ভেনু ত্রিবান্দ্রাম। শিরোপায় চোখ প্রায় সব দলেরই। শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত প্রত্যেকটি দল। উত্তেজনা আর রোমাঞ্চের আবহ নিয়ে বুধবার পর্দা উঠবে সাফ সুজুকি কাপ ফুটবল টুর্নামেন্টের।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন বা সাফের আট সদস্য বরাবরই এ টুর্নামেন্টে খেলে আসছে। তবে এবার ব্যতিক্রম। শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। ফলে অংশগ্রহণকারী দলের সংখ্যা এখন সাত। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় নেপাল বনাম শ্রীলঙ্কা ম্যাচের মধ্যে দিয়েই পর্দা উঠবে উপমহাদেশের শীর্ষ এই ফুটবল ইভেন্টের। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

এতে অংশ নিচ্ছে বাংলাদেশও। তবে মামুনুলদের মিশন শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী আফগানিস্তান, যারা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। একই দিন নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপ ও ভুটান। বি গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ হলো মালদ্বীপ ও ভুটান। যাদের সঙ্গে বাংলাদেশের পরবর্তী ম্যাচ যথাক্রমে ২৬ ও ২৮ ডিসেম্বর।

স্বাগতিক ভারত রয়েছে এ গ্রুপে। বাকি দুই প্রতিপক্ষ হলো নেপাল ও শ্রীলংকা। ঘরের মাঠে টুর্নামেন্ট হলেও ভারত যাত্রা শুরু করবে দুই দিন পর। ২৫ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে ভারত মোকাবেলা করবে শ্রীলংকার।

এ পর্যন্ত অনুষ্ঠিত ১১টি আসরের মধ্যে ছয়টির শিরোপা জিতেছে ভারত। মোট নয়বার ফাইনালে খেলেছে তারা। স্বাভাবিকভাবেই এবারও তারাই ফেভারিট। ভারত ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯ ও ২০১১ সালের চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কা ১৯৯৫, বাংলাদেশ ২০০৩, মালদ্বীপ ২০০৯ ও আফগানিস্তান ২০১৩ সালে শিরোপা জয় করে।

সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলাগুলো অনুষ্ঠিত হবে ত্রিবান্দ্রাম আন্তর্জাতিক স্টেডিয়ামে যা গ্রিনফিল্ড স্টেডিয়াম বলেও খ্যাত। ২৪০ কোটি ভারতীয় রুপি ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামটি ভারতের প্রথম 'মাল্টি পারপাস' বা বহুবিধ ব্যবহারের উপযুক্ত স্টেডিয়াম।  

সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে মঙ্গলবার কেরালায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাত দলের কোচ ও ক্যাপ্টেন। টুর্নামেন্ট উপলক্ষ্যে সবাই নিজেদের লক্ষ্যের কথা জানান। বাংলাদেশের কোচ মামুনুল হক বলেছেন, ‘আমরা আফগানিস্তানের সঙ্গে ম্যাচ খেলার জন্য প্রস্তুত। গত ১৫ দিনে আমরা দারুণ অনুশীলন করেছি। দল বেশ অভিজ্ঞ। কারণ এই বছরে দল অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। আশা করি সাফের এই টুর্নামেন্টে ভালো রেজাল্ট করতে পারব আমরা’।

অন্যদিকে আফগানিস্তানের কোচ পিটার বলেন, ‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন। এখানে আমরা আবারো এসেছি শিরোপা জিততে। প্রত্যেক দলকেই আমরা সমীহ করছি। টুর্নামেন্টে প্রায় সব দলই শক্তিশালী।’

২০০৩ সালে ঘরের মাঠে বাংলাদেশ সর্বশেষ ও একমাত্র শিরোপা জেতে সাফ ফুটবলে। গত দুই আসরে গ্রুপ পর্বের বাধাই পার হতে পারেনি লাল সবুজ জার্সিধারীরা। গত আসরে স্বাগতিক নেপাল ও পাকিস্তানের সঙ্গে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। জিততে যাওয়া ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মামুনুলরা। এবার কোন পথে হাঁটবে বাংলাদেশ।