জ্বালানি খাতের ১০০ দিনের কর্মসূচি
লুৎফর রহমান কাকন
গতকাল বুধবার ছিল নির্বাচিত সরকারের প্রথম দিন। এদিনই বিদ্যুৎ ও জ¦ালানি খাতকে অগ্রাধিকার দিয়ে রমজান, গ্রীষ্ম এবং সেচ-সময়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে প্রথম মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এদিকে প্রথম দিন বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও একই নির্দেশনা দেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জ্বালানি খাতে ১০০ দিনের কর্মপরিকল্পনা (কর্মসূচি) গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।
মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের অধীন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দুই বিভাগের কর্মকর্তারা মন্ত্রীদের সামনে সামগ্রিক কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা দেন। এর মধ্যে বিদ্যুৎ বিভাগ তাদের সামগ্রিক উপস্থাপনায় বিদ্যুৎ খাতের সংকট, অর্থ সংকট, ভর্তুকি অর্থ আদায়, রমজান, গ্রীষ্ম এবং সেচের সময়ে বিদ্যুৎ সরবরাহের কী কী চ্যালেঞ্জ রয়েছে সেগুলো উপস্থাপন করেন। একই সঙ্গে জ্বালানি বিভাগ থেকে তাদের প্রাইমারি জ্বালানির জোগান, গ্যাসের সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপে জানা যায়, মন্ত্রী বলেছেন, মন্ত্রণালয়ের কী কী সমস্যা বা সংকট রয়েছে তা মানুষের কাছে মুখ্য বিষয় নয়। মানুষ বিএনপিকে বিশাল ভোটে বিজয়ী করেছে। ফলে মানুষকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কী কী বিষয়ে আলাপ-আলোচনা করে সমাধান করতে হবে সেই সব বিষয়ের হালনাগাদ চিত্র তৈরি করে কাছে উপস্থাপন করতে।
এদিকে, প্রথম বৈঠকে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের মুখে মন্ত্রী বলেন, গ্রীষ্মকাল ও রমজান সামনে রেখে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা নিয়ে সতর্ক অবস্থানে সরকার। এ খাতের আর্থিক ও সরবরাহ পরিস্থিতি নিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, বাড়তি চাহিদার এই সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই সবচেয়ে বড় অগ্রাধিকার। একই সঙ্গে বকেয়া পরিশোধ ইস্যুকে কেন্দ্র করে উৎপাদকদের পক্ষ থেকে চাপ সৃষ্টির কোনো চেষ্টা হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও ইঙ্গিত দেন তিনি। স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদকদের সংগঠন ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন (বিপপা) বকেয়া না পেলে সরবরাহ ব্যাহত হতে পারেÑ এমন শঙ্কার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্য নতুন সরকারের ওপর অযাচিত চাপ তৈরির শামিল। তিনি জানান, সরকার আলোচনার মাধ্যমে সমাধান চায়, তবে কোনো ধরনের ‘ব্ল্যাকমেইল’ মেনে নেওয়া হবে না।
এদিকে মন্ত্রণালয়ের প্রথম দিন তিনি বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। সেখানে মন্ত্রী বাংলাদেশের জ্বালানি সেক্টর, বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষৎ পরিকল্পনাবিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করেন। একই সঙ্গে আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা ও আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনার বিষয়ে কাজ করতে সবাইকে আহ্বান জানান।
বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে গ্যাসের উৎপাদন বৃদ্ধি। অন্তত ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা। ৭টি অনুসন্ধান কূপ, ৭টি উন্নয়ন কূপ এবং দুটি কূপের ওয়ার্কওভার প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা কমিশনের প্রেরণ। পিএসসির আওতায় সমুদ্রে তেল, গ্যাস অনুসন্ধানে ২০২৬ চূড়ান্তকরণ। গ্যাস অনুসন্ধানে একটি রিগ ক্রয়ের দরপত্র উন্মুক্তকরণ ও মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করা। তেল, গ্যাস অনুসন্ধানে সাইসমিক সার্ভে পরিচালনা করা। এলএনজি অবকাঠামো স্থাপনের উদ্যোগ গ্রহণ। যার মধ্যে ভাসমান এবং স্থলভাগের এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ গ্রহণ। গ্যাসলাইন সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে ভোলার গ্যাস গ্রিডে যুক্ত করতে বরিশাল-আমিনবাজার-খুলনা পাইপলাইন স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই। মহেশখালী-বাখরাবাদ গ্যাস পাইপলাইন স্থাপনের লক্ষ্যে জিটুজি কার্যক্রম পরিচালনা। সিস্টেম লস কমিয়ে আনতে উদ্যোগ গ্রহণ, স্মার্ট মিটার স্থাপন, বিপিসিকে অটোমেশন এবং ডিজিটাইলেশন কার্যক্রম বাস্তাবায়ন। সরকারি ব্যবস্থাপনায় এলপিজি আমাদানি তরান্বিত করা। এসপিএমের অপারেশনাল কার্যক্রম বাস্তবায়নে ঠিকাদার নিয়োগ চূড়ান্তকরণ। জ্বালানি তেল ক্রয়ে জিটুজি প্রাইসিং মূল্যায়নের ক্ষেত্রে অটোমেশন কার্যক্রম চালু করা। ইআরএলের কার্যক্রম গতিশীল ও বাস্তবায়নে প্রকল্প পরিচালক নিয়োগ, পিএমসি নিয়োগের বিষয় চূড়ান্তকরণ। এসপিএম প্রকল্পের কাছে পাম্পিং স্টেশন ও ট্যাংক নির্মাণে ফিজিবিলিটি স্টাডি সম্পাদন, চট্টগ্রামে এলপিজি টার্মিনাল স্থাপনে প্রি-ফিজিবিলিটি স্টাডি ও এলপিজি কাঠামো উন্নয়নের জন্য সমঝোতা স্মারক সই, মাতারবাড়ী কক্সবাজার এলাকায় এলপিজি টার্মিানাল স্থাপনের প্রি-ফিজিবিলিটি স্টাডি, খনিজ অনুসন্ধানের লক্ষ্যে জরিপ ও ভূ-তাত্ত্বিক মানচিত্রায়ন-সংক্রান্ত সমন্বিত পরিকল্পনা গ্রহণ, ২০০ কিলোমিটার ভূ-তাত্ত্বিক জরিপ, কয়লা খনির উন্নয়ন. কয়লা-সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণে কারিগরি আর্থিক সম্ভাব্যতা সমীক্ষা অনুমোদন বিষয় কার্যক্রম, বিভিন্ন নদী ও সমুদ্রসৈকতে হেভি মিনারেল এবং অন্যান্য খনিজ সম্পদ প্রাপ্তির সম্ভাব্যতা যাচাই, অবৈধ খনিজ সম্পদ আহরণ বন্ধ করতে উদ্যোগ গ্রহণ, বিকল্প জ¦ালানি প্রাপ্যতা এবং বাণিজ্যিক উপযোগিতা নির্ধারণের গবেষণার সম্ভাব্যতা যাচাই। এছাড়া পলিসি প্রণয়ন ও হালনাগাদকরণ বিষয় পর্যালোচনা। বিজনেস প্ল্যান প্রণয়ন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানিকে তিনটি পৃথক কোম্পানিতে বিভক্ত করার জন্য সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন, বিপিসির আওতায় ৮টি কোম্পানিকে ৫টি কোম্পানিতে পুনঃবিন্যাসকরণ বিষয়ে কর্মপরিকল্পনা, ইনজাউচ প্রশিক্ষণ প্রদানের বিষয় জোরদার, কর্মশালা, সেমিনার বৃদ্ধি, গবেষণা ও পরীক্ষাগার সম্প্রসারণ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিদিনের কাজে অটোমেশন চালু করা।











