,

জ্বালানি উপদেষ্টার বক্তব্যে প্রমাণ বিদ্যুৎ খাতের লুটপাট: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিদ্যুৎ খাত নিয়ে বিএনপির পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছিল তা প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার বক্তব্যে প্রমাণিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। অনির্বাচিত সরকারের কোথাও জবাবদিহি না থাকায় নজিরবিহীন দুর্নীতি চরম পরিস্থিতির দিকে নিয়ে গেছে। জ্বালানির অপ্রাপ্তি, বিদ্যুৎ সরবরাহে চরম বিপর্যয়ের সব দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে’।

বুধবার বিএনপি মহাসচিব স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত জানাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ‘স্থায়ী কমিটির সভায়, জ্বালানির তীব্র সংকট সৃষ্টি হওয়ায় দেশের ব্যবসায়ীদের উদ্বেগ ও প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার অসহায় মন্তব্যের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা মনে করে সীমাহীন দুর্নীতি, অযোগ্যতা ও অব্যবস্থাপনার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকারের মদদপুষ্ট গুটিকতক কোম্পানিকে সব সুবিধা প্রদান, ইনডেমনিটি আইন প্রণয়ন, দেশে গ্যাস উত্তোলনে অনীহা, স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় এবং সর্বোপরি অর্থ লুট করে বিদেশে পাচারে রিজার্ভের পরিমাণ কমে যাওয়া বর্তমান সংকটময় পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাসে ২০২৩ সালে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াবে ১১৫ বিলিয়ন ডলারে, চলতি বছরে এ ঋণ পরিশোধেই ব্যয় হবে ২৩ বিলিয়ন ডলার। অনির্বাচিত সরকারের গৃহীত তথাকথিত মেগা প্রজেক্ট এবং প্রয়োজন নয় এমন সব প্রকল্প গ্রহণ, সুষ্ঠু পরিকল্পিত নীতি ব্যতিরেকে উচ্চ সুদে ঋণ গ্রহণ, আন্তর্জাতিক ঋণ প্রদানকারী সংস্থাগুলোকে এড়িয়ে ব্যক্তি স্বার্থে ঋণ গ্রহণ অর্থনীতিতে গভীর সংকট সৃষ্টি করেছে। এর দায়ভার নিয়ে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সভায় দলের চলমান আন্দোলনের অংশ হিসাবে গত ২২ অক্টোবর খুলনায় অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের পদে পদে বাধা, হামলা, পুলিশের গ্রেপ্তারকে উপেক্ষা করে কর্মসূচির আগের রাতেই সভাস্থলে সাহসী জনগণের অবস্থান এবং পর দিন জনতার ঢলে পুরো খুলনা শহরে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়। খুলনার সমাবেশ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হয়।’

তিনি বলেন, ‘সভায় সিত্রাং ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় প্রায় ৩০ জনের প্রাণহানি ও অসংখ্য বাড়ি-ঘর ধ্বংস, মৎস্য খামার ও ফসল বিনষ্ট হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়ে দলের সব স্তরের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।’

মির্জা ফখরুল বলেন, ‘সভায় অর্থ বরাদ্দ না থাকায় ২০২২-২৩ অর্থ বছরে সামাজিক সুরক্ষা কর্মসূচি কার্যক্রম বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী পরিত্যক্ত নিগৃহীত মহিলা ভাতার জন্য নতুন তালিকাভুক্তি বন্ধ করার সমালোচনা করা হয়। সমাজের দরিদ্র জনগোষ্ঠীর সবচেয়ে অসহায় অংশ বয়স্ক ও বিধবা, স্বামী নিগৃহীত নারীরা। বর্তমান মূল্যস্ফীতির সময় এ কর্মসূচিতে নতুন তালিকাভুক্তি বন্ধ করা অমানবিক। অবিলম্বে নতুন তালিকাভুক্তি শুরুর দাবি জানানো হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় অংশ নেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না