সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার জনজীবনও বিপর্যস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গত রবিবার রাত থেকে রাজধানী ঢাকায় শুরু হয় বৃষ্টি। সময় যত গড়াতে থাকে, বৃষ্টির মাত্রাও বাড়তে থাকে। গতকাল সোমবার বিকেল থেকে শুরু হয় মুষলধারায় বর্ষণ। এতে দুর্ভোগে পড়ে নগরবাসী। বৃষ্টির পানি জমে নগরীর অলিগলিসহ প্রধান সড়কগুলোতে দেখা দেয় জলাবদ্ধতা। তলিয়ে যায় অনেক নিচু এলাকা। ঝড়ো হওয়া ও বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবী মানুষকে। বৃষ্টির কারণে গণপরিবহন কম থাকায় কর্মস্থল থেকে বেরিয়ে অনেকেই বিপাকে পড়েন। বৃষ্টি মাথায় নিয়েই তাদের যানবাহনের জন্য দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায়। আর বিকল্প বাহন হিসেবে যারা রিকশা বা সিএনজিচালিত অটোরিকশায় চড়েন তাদের গুনতে হয় দুই থেকে তিন গুণ বেশি ভাড়া।

এদিকে টানা বৃষ্টিতে দিন আনে দিন খায় এমন নিম্ন আয়ের মানুষ পড়ে চরম বিপাকে। বন্ধ ছিল রাজধানীর ফুটপাতের বহু দোকান। আয় রোজগার না থাকায় অনেকে চাল কেনার টাকাও জোগাড় করতে পারেনি।

প্রবল বৃষ্টির কারণে গতকাল বিকেলে বাংলা মোটর মোড়ে আটকা পড়েন অফিসফেরত রকিবুল ইসলাম। তিনি বলেন, ‘দুই ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি। মতিঝিলগামী যেসব বাস আসছে, সব যাত্রী ঠাসা। পা ফেলার কোনো জায়গা নেই। কয়েকবার বৃষ্টিতে ভিজে গাড়িতে ওঠার চেষ্টা করেছি। কিন্তু যাত্রীদের চাপের কারণে উঠতে পারিনি।’

এ সময় সুমাইয়া নামে আরেক যাত্রী বলেন, ‘অফিসের কাজ শেষে নামার পর দেখি ঝড়-বৃষ্টি হচ্ছে। রাস্তায় বেশিরভাগ ব্যক্তিগত বাহন। মিরপুর যাব বলে সিএনজি নেওয়ার চেষ্টা করি। কিন্তু তিন থেকে চার গুণ বেশি ভাড়া চাইছে।’

বেশি ভাড়া দাবি করার কারণ জানতে চাইলে সিএনজিচালিত একটি অটোরিকশার চালক রহমান বলেন, ‘রাস্তায় গাড়ি নাই। সড়কে পানি জমে যাওয়ায় দ্রুত এগোতে পারে না। এতে জ¦ালানি খরচ বেশি হয়। অনেক সময় ইঞ্জিনে পানি ঢুকে নষ্ট হয়ে যায়। সেটা তো আর যাত্রীরা দেবে না।’

বৃষ্টির কারণে গতকাল রাজধানীর বিভিন্ন জায়গায় তৈরি হয় জলাবদ্ধতা। রাজধানীর কারওয়ান বাজার, গ্রিনরোড, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, রামপুরা, পল্টন, নিউমার্কেট, ধানম-ি, মালিবাগ ও মৌচাক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সড়কে পানি জমে যাওয়ায় অনেকে ঘরবন্দি হয়ে পড়েন।

রাজধানীর ধানম-ির শংকরের বাসিন্দা ফেরদৌস আহমেদ উজ্জ্বল দেশ রূপান্তরকে বলেন, ‘শংকর থেকে একটু এগোলে নিরিবিলির গেট থেকে পাঠশালা গলি পর্যন্ত হাঁটুপানি। বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। একটু বৃষ্টি হলে এসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। বৃষ্টি যতদিন থাকে, জলাবদ্ধতাও ততদিন থাকে।’

রাজধানীর নিউমার্কেট এলাকার বাসিন্দা অর্ণব সরকার বলেন, ‘সারা দিন ঘরবন্দি। দমকা হাওয়া, বৃষ্টি হচ্ছে। মাঝেমধ্যে তা প্রবল আকার ধারণ করে। রাস্তায় রিকশা, অটোরিকশা কম। রাস্তার কোথাও কোথাও বিশেষ করে নিউমার্কেট ১ নম্বর গেটের সামনে পানি জমে আছে।’

ঝড়ের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তার ওপর গাছপালা ভেঙে পড়ে। ফলে দেখা দেয় যানজট। এ অবস্থায় কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশে বেরিয়ে অনেকেই বিপাকে পড়েন। রাস্তায় অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাফিক সতর্কতা নিয়ে সবচেয়ে বড় গ্রুপ ট্রাফিক অ্যালার্টে রাজধানীর বিভিন্ন এলাকার চিত্র তুলে ধরেন অনেকেই। মোস্তাফিজুর রহমান নামে একজন লেখেন ‘ইসিবি চত্বরে রাস্তায় গাছ পড়ে যাওয়ায় যানজট তৈরি হয়েছে। প্রায় এক ঘণ্টা সময় লেগেছে রাস্তা পরিষ্কার করতে।’

নাজমুল হুদা নামে আরেকজন লেখেন, ‘বসুন্ধরা আবাসিক থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত সিএনজি ৫০০ টাকা ভাড়া চাচ্ছে। অথচ এটুকু পথ ১৫০ টাকা। অনেক রিকোয়েস্ট করে ৩০০ টাকায় রাজি করালাম।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে বৃষ্টির প্রবণতা আরও দুদিন থাকবে। বুধবার বৃষ্টির রেশ কিছুটা কমে আসবে। এ ছাড়াও আগামী ৪৮ ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবেই এই বৃষ্টি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ ব্যাপারে আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, ‘রংপুর বিভাগ বাদ দিয়ে সারা দেশেই বৃষ্টি হবে। বৃষ্টি হবে মঙ্গলবারও। পরদিন বুধবার বৃষ্টির রেশ কিছুটা কমে আসবে। কিছু কিছু জায়গা বৃষ্টিহীনও থাকতে পারে সেদিন।’

বিপাকে নিম্ন আয়ের মানুষ : টানা বৃষ্টির মধ্যে রাজধানীর বড় বড় দালানের মানুষ যখন খিচুড়ি ভোজ ও অলস ঘুমে কাতর ঠিক তখন চাল কেনার টাকা জোগাতে কলার ঝাঁকা নিয়ে রায়সাহেব বাজার এলাকার ফুটপাতে বসে ছিলেন মোহাম্মদ মোহর আলী (৭০)। বৃষ্টি থেকে বাঁচতে দুই টুকরো পলিথিন দিয়ে দুই ঝাঁকা কলা ও নিজেকে কোনোরকমে ঢেকে রেখেছিলেন। শরীরের বামপাশ প্যারালাইজড হওয়ায় ঠিকভাবে হাঁটতে পারেন না। স্ত্রীর সাহায্যে লাঠিতে ভর করে চলতে হয়।

মোহর আলী বলেন, ‘কলাগুলো বিক্রি করতে না পারলে এগুলো নষ্ট হয়ে যাবে। নতুন করে কলা কেনার টাকা আমার কাছে নেই। তাই বাধ্য হয়েই বসে আছি। উপায় নেই।’

শুধু মোহর আলী নন, বৃষ্টিতে বিপাকে পড়েছেন ফুটপাতে ঘুরে ঘুরে বাদাম-বুট, শসা-আমড়া, পানি, পান-সিগারেট ও ফল বিক্রেতাসহ বিভিন্ন নিম্ন আয়ের মানুষ। পরিবারের খরচ জোগাতে প্রতিদিনের মতো রাস্তায় বের হলেও হতাশা নিয়েই বাড়ি ফিরতে হয়েছে তাদের।

বাহাদুরশাহ পার্কের ফুটপাতে ফল বিক্রেতা রফিক আহমেদ (৩৪) বলেন, ‘আজ (গতকাল) সকাল থেকেই বৃষ্টি। আপেল-কমলার ঝাঁকা এনেছি। পলিথিন দিয়ে ঢেকে রেখেছি। বৃষ্টি থামলে কিছু বিক্রি হবে সেই আসায় বসে আছি। কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই।’

বাসে ঘুরে ঘুরে বাদাম-বুট বিক্রেতা জুয়েল হাসান (২৭) বলেন, ‘আজ (গতকাল) রাস্তায় মানুষ কম। বেশিরভাগ বাসের দরজা-জানালা লাগানো। সকাল থেকে তেমন বিক্রি হয়নি। বাড়িতে মা ও বোন আছে। বাজার শেষ হয়ে গেছে। ফেরার সময় বাজার করতে হবে। কী দিয়ে কী করব বুঝতে পারছি না।’

রায়সাহেব বাজার এলাকায় ঘুরে ঘুরে পান-সিগারেট বিক্রি করেন শফিকুল ইসলাম (৩০)। তিনি বলেন, ‘বৃষ্টিতে বেচাকেনা তেমন হয়নি। প্রতিদিন যা আয় হয় তা দিয়ে মোটামুটিভাবে চলে। বাসায় ছোট মেয়ে আছে। গরুর মাংস খেতে চায়। টাকার অভাবে মাছ-মাংস কিনতে পারি না।’

তাঁতীবাজার মোড়ের মুচি বাচ্চু (৩২) বলেন, ‘আমাদের তো কোনো নির্দিষ্ট দোকান নেই। যখন যেখানে ফাঁকা পাই তখন সেখানেই সুই-সুতা নিয়ে বসে পড়ি। বৃষ্টিতে কোথাও বসার কোনো জায়গা পাইনি। সকাল থেকে ব্যাগ নিয়ে এ মোড়ে দাঁড়িয়ে আছি। বৃষ্টি থামার কোনো নাম নেই। আজ কোনো আয় হয়নি।’

বাহাদুরশাহ পার্ক এলাকার আইসক্রিম বিক্রেতা ইয়াসিন সিজান (৩০) বলেন, ‘বৃষ্টিতে এমনিতেই ঠা-া। দুপুর ২টার পর দোকান নিয়ে এসেছি। একটি আইসক্রিমও বিক্রি হয়নি। এখন আর আইসক্রিম বিক্রি হবে না। সামনে শীত আসছে। অন্য ব্যবসা ধরতে হবে।’

হেঁটে হেঁটে ফ্লাস্কে করে চা বিক্রি করে মাসুদ (১৪)। হতাশ কণ্ঠে সে বলল, ‘বাবা দুই বছর হলো মারা গেছে। গে-ারিয়ায় একটি রুম ভাড়া করে মা ও বোনকে নিয়ে থাকি। ছোট বোন স্কুলে পড়ে। মা এক বাসায় রান্নার কাজ করে। আমি সারা দিন ঘুরে ঘুরে চা বিক্রি করি। আজ (গতকাল) চা নিয়ে এলাম কিন্তু পার্কে মানুষ কম। তাই বেশি বিক্রি হয়নি।’

* প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি যায়েদ হোসেন মিশু