সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাসকিনের হাতে অপেক্ষার অবসান

news-image

ক্রীড়া প্রতিবেদক : গুণে গুণে ১৫ বছর। সেই ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। তারপর থেকেই মূল পর্বে জয় অধরা টাইগারদের। অবশেষে ডারবানের সেই সুখস্মৃতি ফিরল হোবার্টে। তাসকিনের হাতে দীর্ঘ অপেক্ষার হলো অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ডাচদের হারিয়ে জয়ের দেখা পেলো বাংলোদেশ। তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ফুরিয়েছে সাকিবদের প্রতীক্ষার প্রহর।

শেষ ওভারে জয় থেকে ২৪ রান দূরে ছিল ডাচরা। তবে টি-টোয়েন্টিতে এমন লক্ষ্যও দুরূহ কোনো বিষয় নয়। তবুও অধিনায়ক সাকিব ভরসা রাখলেন সৌম্যের ওপর। চতুর্থ বলে ছয় হজম করলে জাগে ফের তীরে এসে তরী ডুবার শঙ্কা। তবে শেষ বলে মেকারানের উইকেট নিয়ে নিশ্চিত করেন টাইগারদের ৯ রানের জয়।

নেদারল্যান্ডের মতো দলের বিপক্ষে এমন জয় খুব একটা স্বস্তির নয়। তবুও টাইগাররা যে লক্ষ্য দিয়েছিল, তাতে এই জয়ে পুরো অবদানটাই বোলারদের। যার শুরুটা করেছিলেন তাসকিন আহমেদ। অবিশ্বাস্য বোলিংয়ে প্রথমেই হানেন জোড়া আঘাত। ইনিংসের উদ্বোধনী দুই বলেই উইকেট নেওয়া তাসকিনের শেষ পর্যন্ত শিকার চারটি। ২৫ রান খরচায় চার ব্যাটারকে ফিরিয়ে তিনিই হয়েছেন ম্যাচসেরা।

নেদারল্যান্ডকে মাত্র ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। আঁটোসাটো বোলিংয়ে ডাচদের দমিয়ে রাখা ছাড়া বিকল্প নেই। আর সেটাই করেছেন তাসকিনন আহমেদ। শুরুতেই হানেন জোড়া আঘাত। ইনিংসের প্রথম দুই বলেই উইকেট নিয়ে সুযোগ তৈরি হয়েছিল টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করার। তবে সেটা আর হয়নি। ওভার শেষে আর কোনো উইকেট না এলেও আসে তিনটি রান।

প্রথমে ভিক্রমজিতকে, পরের বলে বাস ডি লিডিকে। তাতেই হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয় তাসকিনের। হতে পারতেন এই সংস্করণে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক শিকারি। কিন্তু শেষ পর্যন্ত তা আর পারেননি। তবে হ্যাটট্রিক না পেলেও নেদারল্যান্ডসকে চাপে ফেলতে সমর্থ হন। তিন ওভার শেষে দুই উইকেট হারিয়ে মাত্র ৬ রান তুলতে পেরেছে তারা।

তাসকিনের পর জোড়া আঘাত হানেন সাকিব আল হাসানও। চতুর্থ ওভারে বল হাতে নেন টাইগার অধিনায়ক। তার প্রথম ডেলিভারিতেই সুইপ করে স্কয়ার লেগ দিয়ে ছক্কা পাঠান ডেভিড ও দাউদ। কিন্তু ছক্কা মারার পরের বলেই আউট এই ব্যাটার। এক বল পর ফের আরও এক ব্যাটারের বিদায়। তবে দুটো উইকেটই রান-আউট।

এরপর ধুঁকতে থাকা ডাচরা পথ হাতরে বেড়ায়। ত্রাতা হয়ে আসেন কলিন অ্যাকারম্যান। তার ব্যাটে ম্যাচে ফেরার প্রাণপন চেষ্টা করে যায়। অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসকে সঙ্গে নিয়ে তিনি গড়েন ৪৪ রানের একটি জুটি। তবে সেই জুটি ভাঙে সাকিবের বলে। ব্যাকওয়ার্ড পয়েন্ট দাঁড়িয়ে থাকা হাসান মাহমুদ ক্যাচ লুফে নিলে ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস ১৬ রান করে বিদায় নেন।

তখনও একপ্রান্ত আগলে রেখেছিলেন অ্যাকারম্যান। তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে নিচ্ছিলেন তিনি, কিন্তু অন্য প্রান্তে ব্যাটাররা ছিলেন যাওয়া আসার মিছিলে। তাই শেষে হাল ছেড়ে দেন তিনিও। তাসকিনের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। তাতেই বেজে যায় বিদায়ের ঘণ্টা।

তবু শেষ উইকেটে ৩৪ রান যোগ হয়েছে মেকারানের ব্যাটে। তিনিই করেন ২৪ রান। তবে শেষ বলে সৌম্যের বলে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল সুপার ‍টুয়েলভে টাইগারদের জয়। যে জয়ের জন্য প্রতীক্ষা দীর্ঘ ১৫ বছরের।