অবেদনবিদের ৬০% বেসরকারি
প্রতীক ইজাজ : দেশে বেসরকারি হাসপাতালের তুলনায় সরকারি হাসপাতালে অ্যানেসথেসিওলজিস্টের (অবেদনবিদ) সংখ্যা অনেক কম। বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশে এই বিভাগের চিকিৎসক আছেন মাত্র তিন হাজারের মতো। তাদের মধ্যে সরকারি হাসপাতালে চাকরি করেন ১২শ’র মতো। বাকি ১৮শ চিকিৎসক চাকরি করেন বেসরকারি হাসপাতালে বা প্রাইভেট প্র্যাকটিস করেন। সে হিসেবে মোট অ্যানেসথেসিওলজিস্টের ৬০ শতাংশই বেসরকারি হাসপাতালে এবং বাকি ৪০ শতাংশ সরকারি হাসপাতালে চাকরি করেন।
এমন তথ্য জানিয়ে বাংলাদেশ অ্যানেসথেসিওলজিস্ট সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. দেবব্রত বণিক গতকাল শনিবার দেশ রূপান্তরকে বলেন, এখন দেশে বেসরকারি পর্যায়ে অ্যানেসথেসিওলজিস্ট বেশি। সে কারণে উপজেলা লেভেল পর্যন্ত বেসরকারি হাসপাতালগুলোতে অপারেশন হচ্ছে। কিন্তু সরকারি হাসপাতালে কম। সে কারণে সরকারি হাসপাতালগুলো বেশি দুর্ভোগের শিকার। অ্যানেসথেসিওলজি চিকিৎসকের সংকটের কারণে আইসিইউ ও অস্ত্রোপচারের রোগীরা মানসম্মত চিকিৎসা পাচ্ছেন না বলেও জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে নার্সিং অনুষদ ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক। তিনি বলেন, অ্যানেসথেসিওলজি চিকিৎসকের সংকটের কারণে অনেক সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে অস্ত্রোপচার হচ্ছে না বা কম হচ্ছে। সেখানে সার্জন আছে, কিন্তু অ্যানেসথেসিওলজিস্ট নেই।
এই সংকটের কারণে সরকারের করা জাতীয় অর্গানোগ্রাম অনুযায়ী অ্যানসেথেসিওলজি চিকিৎসাও দেওয়া যাচ্ছে না বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বলেন, জাতীয় অর্গানোগ্রাম অনুযায়ী, আইসিইউ ওয়ার্ডে প্রতি ৫ রোগীর জন্য একজন অ্যানেসথেসিওলজিস্ট দরকার। ১০ রোগীর জন্য ২০ জন অ্যানেসথেসিয়ার চিকিৎসক দরকার। সে হিসেবে তিন বেলার জন্য ছয় চিকিৎসক আর দুই চিকিৎসকের যদি অফ থাকে, তা হলে সেখানে আরও দুজন লাগে। সব মিলিয়ে আটজন অ্যানেসথেসিওলজিস্ট লাগে। জেলা লেভেলে একজন কনসালট্যান্ট লাগে। কিন্তু বাংলাদেশে এই মানদন্ড মানা সম্ভব হচ্ছে না।
এই চিকিৎসক বলেন, আন্তর্জাতিক মানদ- অনুযায়ী, আইসিইউ ওয়ার্ডে দুই রোগীর জন্য একজন নার্স দরকার। ১০ বেডের আইসিইউ থাকলে সকালে পাঁচজন সিস্টার থাকবে, বিকেলে তিনজন সিস্টার থাকবে, রাতে তিনজন থাকবে। আর প্রতি পাঁচ রোগীর জন্য একজন অ্যানেসথেসিয়ার চিকিৎসক সার্বক্ষণিকভাবে থাকবে। কিন্তু এখন কিছুই নেই। শুধু মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেসথেসিওলজি বিভাগের শিক্ষকরা থাকায়, সেখানে তারা দায়িত্ব পালন করেন। কিন্তু অন্য হাসপাতালে কোনো মানদন্ড নেই।
সরকারি পর্যায়ে সুযোগসুবিধা কম : সরকারি পর্যায়ে অ্যানেসথেসিওলজি চিকিৎসকের সংখ্যা কম হওয়ার পেছনে নানা ধরনের প্রতিবন্ধকতার কথা বলেছেন অধ্যাপক ডা. দেবব্রত বণিক। তিনি দেশ রূপান্তরকে বলেন, আমরা ২০১০ সাল থেকেই
অ্যানেসথেসিওলজিস্ট বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি। আমরা প্রতিবছর ২০০ করে অ্যানেসথেসিওলজির ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থী নিই, এমডির জন্য নিই ৪০ জন শিক্ষার্থী। এতে দেখা যাচ্ছে, সরকারি চিকিৎসকরা খুবই কম আসেন। ২০০ জনের মধ্যে ৫০ জন সরকারি অ্যানেসথেসিওলজির চিকিৎসক আসেন, দেড়শ জন আসেন বেসরকারি।এই জন্য শেষ ১০ বছরে সরকারির তুলনায় বেসরকারি অ্যানেসথেসিওলজিস্টের সংখ্যা বেড়েছে বেশি। সরকারি পর্যায়ে কমে গেছে।
সরকারি চাকরিতে অ্যানেসথেসিওলজিস্টরা আসছেন না কেন জানতে চাইলে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, অ্যানেসথেসিওলজি বিভাগে আসতে হলে এমবিবিএস করার পর এই বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট বা কোনো একটা কোর্স করতে হয়। পরে বিসিএসের বয়স থাকে না। তা ছাড়া পোস্ট কম থাকায় প্রতিযোগিতাও বেশি হয়।
নিয়োগের পরও সংকট : অধ্যাপক ডা. দেবব্রত বণিক বলেন, আগের চেয়ে অ্যানেসথেসিয়া চিকিৎসকের সংখ্যা কিছুটা বেড়েছে। করোনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪০৯ জন অ্যানেসথেসিওলজিস্ট নিয়োগ দিয়েছিলেন। কিন্তু সবাই যোগ দেননি। তারপরও সেখানে কিছু উন্নতি হয়েছে। এখন জেলা পর্যায় পর্যন্ত অ্যানেসথেসিওলজিস্ট আছে। কিছু কিছু উপজেলাতেও আছেন। তবে সার্জনের তুলনায় অ্যানেসথেসিওলজিস্টের সংখ্যা অনেক কম। ২৪ ঘণ্টা সেবা দেওয়ার জন্য যে পরিমাণ অ্যানেসথেসিওলজিস্ট দরকার, সেটা নেই।
এ ব্যাপারে অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, এটা ডিপার্টমেন্টাল সাবজেক্ট। নানা কারণে এই বিভাগের প্রচার ও প্রসার হয়নি। যে কারণে এখানে কেউ আসতে চান না। লোকবল তৈরি হয়নি। বাংলাদেশে বর্তমানে অ্যানেসথেসিওলজিস্টের সংখ্যা সরকারি-বেসরকারি মিলে তিন হাজারের মতো হবে। ১৮ কোটি জনসংখ্যার জন্য এই লোকবল খুবই কম। এই সংখ্যার মধ্যে ৬৪ শতাংশ সাধারণ অ্যানেসথেসিয়ার প্র্যাকটিস করেন, ১২ শতাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কাজ করেন, বাকি সংখ্যক কার্ডিওলজির সিসিইউ মিলে কাজ করেন। এত বড় জনগোষ্ঠীর জন্য এই সংখ্যা খুবই অপ্রতুল।
দরকার বিশেষ প্রণোদনা: এমন পরামর্শ দিয়ে অধ্যাপক ডা. দেবব্রত বণিক বলেন, সরকার যদি বিশেষ বিসিএসের মাধ্যমে অ্যানেসথেসিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট নিত, তাহলে সংকট কাটত। কারণ অ্যানেসথেসিওলজিস্টরা আড়ালেই থাকেন। অস্ত্রোপচার কক্ষে সবাই সার্জনকে চেনেন, কিন্তু অ্যানেসথেসিওলজিস্টকে চেনেন না। আইসিইউতে বেশির ভাগ ক্ষেত্রেই খারাপ রোগী যায়। রোগীর অবস্থা খারাপ থাকে। ৪০-৫০ শতাংশ রোগী মারা যায়। সেখানে সুনাম অর্জন করা যায় না। এই বিভাগের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসও নেই।
এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, এই বিভাগে চিকিৎসক আসার জন্য সরকার কিছু প্রণোদনা দিতে পারে। তারপর কিছু সুযোগসুবিধা বেশি দিতে পারে। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করতে পারে। এই সিদ্ধান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. রুহুল হকের সময় হয়ে আছে। কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। নেপালে অ্যানেসথেসিয়া, অর্থোপেডিকস ও নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকদের ৩শ ভাগ প্রণোদনা দেওয়া হয়। ফলে সেখানে এসব বিভাগে চিকিৎসক সংকট নেই। ভারতেও অগ্রাধিকার দেওয়া হয়। কারণ অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না। যুক্তরাজ্যে একজন সার্জন ও অ্যানেসথেসিওলজিস্ট সমান বেতন পান। কিন্তু আমাদের দেশে সার্জনের ফি ৫০ হাজার টাকা হলে, অ্যানেসথেসিওলজিস্টকে দেওয়া হয় ২-৩ হাজার টাকা। এটা প্রধানমন্ত্রীও জানেন। তাকেও বলেছি আমরা।
কেন অ্যানেসথেসিওলজি চিকিৎসক দরকার : রাজধানীর হলি-ফ্যামিলি হাসপাতালের অ্যানেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারুন আল রশিদ দেশ রূপান্তরকে বলেন, আইসিইউর রোগীদের নিবিড় পরিচর্যা করতে হয়। একজন রোগীর শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গের জন্য সর্বক্ষণিক চিকিৎসা প্রয়োজন। যেমন ব্লাডপ্রেসার, রেসপিরেশন, ইউরিনেশন, টেম্পারেচার। অর্থাৎ সবগুলো সূচক যেন ঠিক থাকে। একজন রোগীকে এসব সেবা দিতে হলে একজন অ্যানেসথেসিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক দরকার। রক্তচাপ কমে গেলে কী ধরনের ওষুধ দিলে রক্তচাপ বাড়বে কিংবা একজন রোগী ভেন্টিলেশনে আছেন, তারপরও শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দিলে ও অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে, তখন কী করলে অক্সিজেন স্যাচুরেশন বাড়তে পারে, এই পরামর্শ তো একজন সাধারণ চিকিৎসকের পক্ষে দেওয়া সম্ভব নয়। সে কারণে আইসিইউ বেডে বা অস্ত্রোপচারের সময় সর্বক্ষণিকভাবে অ্যানেসথেসিওলজিস্ট থাকা দরকার। কারণ আইসিইউতে ক্ষণে ক্ষণে শারীরিক অবস্থা সূচকগুলো বদলায়। ক্রিটিক্যাল সময়ে পরামর্শটা একজন অ্যানেসথেসিওলজিস্ট ছাড়া আর কেউ দিতে পারেন না। দেশে এ ধরনের সমন্বিত চিকিৎসা খুব কম।
আজ বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস : এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘লেটস ওয়ার্ক টুগেদার টু ইমপ্রুভ মেডিকেশন সেফটি’। দিবসটি উপলক্ষে বিএসএমএমইউ এবং বাংলাদেশ অ্যানেসথেসিওলজিস্ট সোসাইটি পৃথক কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা ও সেমিনার।











