বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরে স্বাভাবিক জীবনে ফিরেছে শতাধিক তরুণ

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মানের চিকিৎসা দিয়ে মাদকাসক্ত ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনছে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ‘ওয়েসিস’। এক বছরে শতাধিক মাদকাসক্ত তরুণকে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করেছে এই ওয়েসিস। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর থেকেই জনসেবামূলক কাজ করছে প্রতিষ্ঠানটি।

ওয়েসিস সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের অনেক মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে রোগীদের চিকিৎসার নামে নির্যাতন করার অভিযোগ আছে। কোনো কোনো নিরাময় কেন্দ্রে মানসম্মত চিকিৎসা দূরের কথা, অপচিকিৎসা-নির্যাতনে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটে। আবার কোনো কোনো নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে রোগীকে আটকে রেখে এমনভাবে নির্যাতন করা হয় যে, মুক্তির পর রোগীকে সেই নির্যাতনের ক্ষত বহুদিন বয়ে বেড়াতে হয়। এ প্রেক্ষাপটে পুলিশের পক্ষ থেকে মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। এটি উন্মুক্ত রয়েছে সর্বসাধারণের জন্য। এখানে সার্বক্ষনিক দুজন এডিকশন কাউন্সিলর এবং একজন করে এফসিপিএস সাইকিয়াটিক ডাক্তার, সাইকোলজিস্ট ও ফিজিও থেরাপিস্ট দায়িত্ব পালন করেন। চারজন এমবিএস ডাক্তার পালাক্রমে রোগী দেখেন। এছাড়া আছেন পাঁচজন নার্স ও ১২ জন ওয়ার্ড বয়। একজন পুলিশ সুপারের (এসপি) নেতৃত্বে এখানে কর্মরত আছেন ৫৫ জন লোক।

ওয়েসিস থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন স্পেনে রেস্টুরেন্ট ব্যবসা করা চল্লিশোর্ধ আরিফুর রহমান (ছদ্মনাম)। তিনি জানান, পারিবারিক অস্থিরতা থেকে মাদকাসক্ত হয়ে পড়েন। ১০ বছর ধরে বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিলেও সুফল পাননি। এক পর্যায়ে তিনি ভর্তি হন ওয়েসিসে। টানা চার মাস চিকিৎসা নিয়ে ছয় মাস আগে বাসায় ফেরেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ। মাদকের নেশা আর তাকে টানে না। তিনি নিজে মাঝেমধ্যে ওয়েসিসে গিয়ে কাউন্সিলিং করেন চিকিৎসাধীন মাদকাসক্তদের।

জানা গেছে, ৬০ শয্যাবিশিষ্ট মাদক নিরাময় কেন্দ্র ওয়েসিসের বিশেষত্ব হচ্ছে, ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে টেলিমেডিসিন সেবা। চিকিৎসা নিয়ে রোগী চলে যাওয়ার পরও রোগীদের কাউন্সিলিং এবং ডোপটেস্ট করা হয় বিনামূল্যে। নারী রোগীদের জন্য এখানে আছে স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা। এখান থেকে যারা সুস্থ হন, তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নিরাময় কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত রাখা হয়। সাততলা বিশিষ্ট আধুনিক এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আছে ২২টি রুম। পুরুষদের জন্য ১৬টি রুমে আছে ৪৬টি শয্যা। মহিলাদের ছয়টি রুমে শয্যা আছে ১৪টি। ডাবল কেবিন ২৮টি, ট্রিপল কেবিন ১৫টি এবং জেনারেল ওয়ার্ডে আছে ১১টি বেড। এছাড়া জেনারেল ট্রিপল বেড আছে ছয়টি। জেনারেল ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ড বা কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত।

মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওয়েসিসের তদারকির দায়িত্বে থাকা পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, কয়েক বছরের মধ্যে মানিকগঞ্জে আরও একটি অত্যাধুনিক মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে ইতোমধ্যে ১০ বিঘা জমি কেনা হয়েছে। আরও জমি কেনা হবে। ওই কেন্দ্রটিতে সুইমিং পুল এবং গার্ডেনসহ নানা ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। প্রস্তাবিত কেন্দ্রটি নির্মাণ করতে সময় লাগবে। এজন্য আপাতত কেরানীগঞ্জে প্রকল্পটি শুরু করেছি। সম্পূর্ণ অলাভজনক এই সেবা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। আশা করছি, এর সফলতা অব্যাহত থাকবে।