মুক্তিযোদ্ধাদের জন্য ৫০ কোটির প্রকল্প
ইমদাদ হোসাইন
জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য ইউটিউব কনটেন্ট তৈরির প্রকল্প হাতে নিয়েছে সরকার। ‘বীরের কণ্ঠে বীরগাথা’ শীর্ষক প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা।
প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রকল্প সম্পর্কে বলেছে, জীবিত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সংরক্ষণ ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করাই এর মূল্য লক্ষ্য। এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ভাষ্যগ্রহণ করার পাশাপাশি বীরাঙ্গনাদের অবদানকেও স্মরণীয় করে রাখা হবে।
প্রকল্প-প্রস্তাবে বলা হয়েছে, ৮০ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারভিত্তিক তথ্যচিত্র নির্মাণ করে ৮০ হাজার ভিডিও কনটেন্ট ইউটিউবে আপলোড করা হবে। এগুলোর ওপর ভিত্তি করে ১৬টি ডকুমেন্টারি বানানো হবে। মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ স্থাপন করা হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।
৪৯ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পটিতে গত ৭ জুলাই অনুমোদন দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সম্পূর্ণ সরকারি অর্থায়নের প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়িত হবে। এই বছর এডিপিতে এর ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ১৩ লাখ টাকা।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা বীর মুক্তিযোদ্ধাদের ক্রমান্বয়ে হারাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো যেসব মুক্তিযোদ্ধা জীবিত আছেন, তাদের লাইভ ভাষ্য আমরা নেব। তাদের কণ্ঠ আমরা গেঁথে রাখতে চাই। একটি আর্কাইভ করব।’
তিনি বলেন, ‘সারা দেশের ৮০ হাজার মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নেওয়া হবে এই প্রকল্পের আওতায়। ১৬টি ডকুমেন্টারিতে যে খরচ হবে তা ফিচার অনুযায়ী করা, এগুলো যাচাই-বাছাই করেই অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনের আগে মন্ত্রণালয় পর্যায়ে আমাদের মিটিং হয়, যাচাই-বাছাই হয়। আমি যোগ দেওয়ার আগেই সেগুলো সম্পন্ন হয়েছে।’
প্রকল্পের ব্যয় বিশ্লেষণে দেখা যায়, ১৬টি ডকুমেন্টারি তৈরিতে ব্যয় হবে ৮ কোটি, অর্থাৎ প্রতিটি ডকুমেন্টারিতে খরচ হবে ৫০ লাখ টাকা। ৮০ হাজার মুক্তিযোদ্ধার সংক্ষিপ্ত বক্তব্য নিতে ব্যয় হবে ৩২ কোটি টাকা। পরামর্শক ব্যয় ৪৬ লাখ ৮০ হাজার টাকা। ভিডিও আর্কাইভ করতে ব্যয় ধরা হয়েছে ৯৫ লাখ টাকা। প্রচারের জন্য ব্যয় হবে ১৩ লাখ ৫০ হাজার টাকা।
এ ছাড়া প্রকল্পটিতে দুই বছরের গাড়িভাড়া বাবদ ব্যয় হবে ৩২ লাখ ৪০ হাজার টাকা, অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। ডকুমেন্টারিগুলো তৈরির কাজে জরিপ করতে ব্যয় ধরা হয়েছে ৬ লাখ টাকা। ভিডিও ট্রান্সকোডিং ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা। এই প্রকল্পের জন্য ১০টি এসি কেনার জন্য ব্যয় হবে ১৫ লাখ টাকা। ১০টি ডেস্কটপ কম্পিউটার কেনা হবে ৮ লাখ টাকা ব্যয়ে।
গাড়িভাড়ার পরও অভ্যন্তরীণ ভ্রমণব্যয় কেন এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘গাড়িভাড়ার ব্যাপারটি যারা ঢাকায় কাজ করবেন তাদের জন্য। তারা ফ্রিকোয়েন্টলি মাঠেও যাবেন। আমাদের মন্ত্রণালয় থেকে অনেক সময় কমিটি করে দেওয়া হয়। এগুলোকে সুপারভাইজ ও মনিটর করার জন্য ভ্রমণব্যয়। তারা আবার মাঠপর্যায়ের ভ্রমণও পর্যবেক্ষণ করবেন। এ জন্যই দুই ভাগে ভাগ করা হয়েছে।’
তিনি বলেন, ‘গাড়িভাড়ার বিষয়টি আলাদা। কারণ, প্রকল্প পরিচালক যখন-তখন তার টিম নিয়ে প্রকল্প এলাকায় পরিদর্শনে যাবেন। অভ্যন্তরীণ ব্যয় শুধু মনিটরিং ও সুপারভিশনের জন্য। মন্ত্রণালয়ের অফিসাররা প্রতি সপ্তাহে সেখানে গিয়ে মনিটরিং করে আমাদের রিপোর্ট দেবেন।’
ডকুমেন্টারি নির্মাতা গালিব দেশ রূপান্তরকে বলেন, ‘সাধারণত কোনো ডকুমেন্টারি তৈরিতে আমরা মোট খরচ ধরেই তা নির্মাণ করি। এমন ডকুমেন্টারিতে সাধারণত ২০-২৫ লাখ টাকা খরচ হয়। এর মধ্যেই গাড়িভাড়া, খাওয়া খরচ, ভিডিও এডিটিংসহ সব খরচ ধরা থাকে। এর বাইরে অন্য কোনো খরচ আলাদা করে দেখানো হলে তা নিয়ে প্রশ্ন তোলাই যায়।’
পরামর্শক ব্যয় প্রসঙ্গে কামরুন নাহার বলেন, ‘কোন কাজটা কীভাবে করব, তার ড্রয়িং-ডিজাইন করাসহ টোটাল বিষয় নিয়ে পরামর্শকরা আমাদের গাইড করবেন। প্রকল্প পরিচালক নেতৃত্বে থেকে কাজ করবেন। গাইডলাইনের বিষয়টা পরামর্শকরাই করবেন। আউটসোর্সের মাধ্যমে তাদের আমরা নিয়োগ দেব।’
প্রকল্প অনুমোদনের আগে প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) বলেছে, প্রকল্প শেষে ক্লাউড সার্ভিস কীভাবে চলমান রাখা হবে, প্রকল্পের আওতায় ব্যবহৃত কম্পিউটার, আসবাব ও অন্যান্য সামগ্রী কীভাবে ব্যবহার করা হবে, তার এক্সিট প্ল্যান প্রকল্প প্রস্তাবে উল্লেখ করতে হবে।
জবাবে মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্প শেষে ক্লাউড সার্ভিসের কাজটি মন্ত্রণালয়ের আইসিটি সেলের মাধ্যমে রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত হবে। কম্পিউটার, আসবাব ও অন্যান্য সামগ্রী প্রকল্প শেষে সচল থাকলে প্রযোজ্য ক্ষেত্রে টিওএন্ডইভুক্ত করা হবে, সেটি মন্ত্রণালয়ের কর্মচারীরা ব্যবহার করবেন।
যে মুক্তিযোদ্ধারা এখনো জীবিত, প্রকল্পের আওতায় তাদের সবার যুদ্ধদিনের স্মৃতি শোনা এবং তা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখনো বেঁচে আছেন ১ লাখ ২০ হাজার মুক্তিযোদ্ধা। তাদের সবার পাঁচ মিনিটের বক্তব্য সংরক্ষণ করা হবে। দেশের জন্য মুক্তিযোদ্ধাদের যে অবদান, তা ইতিহাসে সংরক্ষণ করার জন্যই এই উদ্যোগ।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, মধ্যমেয়াদি বাজেট কাঠামোতে (এমটিবিএফ) মোট ১৩টি প্রকল্প চলমান আছে। দুটি প্রকল্প এ বছরই শেষ হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের অনেকের যুদ্ধদিনের স্মৃতি শোনা হয়েছে নানা আয়োজনে। কিন্তু অনেক মুক্তিযোদ্ধা এখনো রয়েছেন, যাদের গল্প আড়ালে রয়ে গেছে। তাদের যুদ্ধকালীন অভিজ্ঞতার গল্প শোনা হয়নি কখনো।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যেসব বীর মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছেন, তাদের সাক্ষাৎকার আগামী প্রজন্মের জন্য সংগ্রহ, সম্প্রচার ও সরক্ষণ করা জরুরি। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন প্রজন্মের সঙ্গে সম্মিলন ঘটানো এবং তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে জীবিত মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের স্মৃতি নিয়ে তথ্যচিত্র ও স্বাধীনতাযুদ্ধে বিভিন্ন সেক্টরে সংঘটিত সম্মুখ যুদ্ধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে ডকুমেন্টারি নির্মাণ করে জাতীয়ভাবে আর্কাইভ করা হবে। এতে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।
উল্লেখ্য, সরকার ইতিমধ্যে তিন ধাপে মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করেছে। আরও ১৮ হাজার বীর মুক্তিযোদ্ধার নাম যাচাই-বাছাই হয়েছে।











