সরকারি কারখানা স্থাপনে কচ্ছপগতি
লুৎফর রহমান কাকন
পাইপলাইনে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবহার ও চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু এলপিজির নিয়ন্ত্রণ এখন পুরোপুরি বেসরকারি কোম্পানির হাতে। অভিযোগ আছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম নির্ধারণ করে দিলেও ডিলার বা খুচরা বিক্রেতারা তা মানে না। বেসরকারি কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণে রাখতে সিদ্ধান্ত নেওয়া হয়, সরকারি পর্যায়ে নতুন আরও দুটি এলপিজি কারখানা স্থাপন করার। তবে সে উদ্যোগে ব্যাপক ধীরগতি। বছরের পর বছর ঘুরছে নতুন কারখানা স্থাপনের উদ্যোগ। যে দুটি সরকারি কারখানা আছে, তাও এখন বেহাল।
এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশেন (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ আমাদের সময়কে বলেন, টাঙ্গাইলে একটি এলপিজি কারখানা স্থাপনে লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ হয়েছে। এখন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় এক লাখ টনের এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা এখনো জমি চিহ্নিত করার কাজ চলছে।
দেশে এলপিজির যে বাজার তার প্রায় ৯৮ শতাংশই বেসরকারি উদ্যোগে সরবরাহ করা হয়। জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, সরকারি পর্যায়ে চট্টগ্রাম এবং কৈলাশটিলার এলপিজি কারখানা থেকে বছরে মাত্র ১৫ হাজার টন এলপিজি সরবরাহ করা হয়। এখান থেকে যে সিলিন্ডার বোতল উৎপাদন হয়, তার সিংগভাগ সরবরাহ করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের লক্ষ্যে। খুব সামান্য পান গ্রাহক পর্যায়ের ডিলাররা। বর্তমানে দেশে এলপিজির যে সম্প্রসারিত বাজার, সেখানে সরকারি এলপি গ্যাস সিলিন্ডার উৎপাদন খুবই সামান্য। যার কারণে ডিলাররা চাহিদা মতো কখনো সরকারি এলপিজি সিলিন্ডার পান না।
বিপিসি সূত্রে জানা যায়, ২০৪১ সাল নাগাদ দেশে এলপিজির সম্ভাব্য চাহিদা নির্ধারণে এলপি গ্যাস কোম্পানি একটি প্রতিবেদন তৈরি করে। সেখানে দেখা যায়, দেশে বর্তমানে ৭০ শতাংশ পরিবার রান্নার কাজে কাঠ, খড়কুটো, লাকড়ি, শুকনা গোবর ও বায়োমাস ব্যবহার করে। বাকিরা প্রাকৃতিক গ্যাস ও এলপিজি ব্যবহার করে।
প্রতিবেদন বলছে, ২০১৯-২০ অর্থবছরে দেশে ১১ লাখ টনের মতো এলপিজি ব্যবহৃত হয়েছে। এ ছাড়া প্রতিবছর এলপিজির ব্যবহার গড়ে ৩৫ শতাংশ করে বেড়েছে। এটি অব্যাহত থাকলে ২০৪১ সালে চাহিদা হওয়ার কথা প্রায় ৭৮ লাখ টন। তবে সব মিলিয়ে এলপিজির চাহিদা দাঁড়াতে পারে ৭০ লাখ টন। দেশের এলপিজির এমন চাহিদা প্রক্ষেপণেও বিপিসির প্রস্তুতি খুবই সামান্য। চাহিদার পুরোটা জোগান মিলবে বেসরকারি খাত থেকেই।
নতুন দুই কারখানা সর্বশেষ অবস্থা বিপিসি সূত্রে জানা যায়, টাঙ্গাইলের এলেঙ্গায় এলপিজি বোতলজাত ও বাজারজাতকরণে বিপিসি ১৯৮৫ সালে ৬ দশমিক ৯১ একর জমি অধিগ্রহণ করে। উদ্দেশ্য ছিল, সেখানে বাল্ক এলপিজি সংস্থান করে বাজারজাত করা। কিন্তু প্রকল্পটি পরে আর সফল হয়নি। ফলে এখন সেখানে নতুন করে এলপিজি সিলিন্ডার উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে বিপিসি। সূত্র জানায়, টাঙ্গাইলের এলেঙ্গায় বছরে ২০ লাখ সিলিন্ডার উৎপাদন ক্ষমতার একটি এলপিজি সিলিন্ডার ম্যানুফেকচারিং প্রকল্প গ্রহণ করা হয়েছে। যার জন্য ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি টাকা। সেটার জন্য নতুন করে সম্ভাব্যতা যাচাই বাছাই চলছে।
অন্যদিকে চট্টগ্রামের পতেঙ্গায় আমদানিনির্ভর বছরে এক লাখ টন এলপিজি স্টোরেজ ও বোতলিং কারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হলেও সেটাও বেশ কয়েক বছর ধরে ধীরগতিতে এগোচ্ছে। চট্টগ্রামের কারখানাটি স্থাপনের জন্য জমি চূড়ান্ত হলেও সেটা এখন আবার যাচাই-বাছাই করা হচ্ছে বনভূমির জমি কিনা, সেটা জানার জন্য।
এদিকে ভোক্তাদের সাশ্রয়ী দামে সরবরাহের লক্ষ্যে সরকারিভাবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির লক্ষ্যে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রে একটি এলপিজি টার্মিনাল নির্মাণের উদ্যোগও নিয়েছে বিপিসি। সেটার উদ্যোগও আলোর মুখ দেখছে না।











