সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রোমাঞ্চের এশিয়া কাপ আজ শুরু

news-image

ক্রীড়া ডেস্ক : বল মাঠে গড়ানোর কথা ছিল দুই বছর আগে। সেটাও পাকিস্তানের মাটিতে। কিন্তু করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে তা পিছিয়ে যায় এক বছর। নানা জটিলতায় গত বছরও শুরু হয়নি এশিয়া কাপ। ১৫তম আয়োজন নিয়ে যেন রাহুর দশা লেগেছিল! নতুন করে ২০২৩ সালে পাকিস্তানকে আয়োজনের ভার দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আর এ বছর শ্রীলংকাকে। কিন্তু দীপরাষ্ট্রের দেশটিতে কয়েক মাস ধরে চলমান আর্থিক অস্থিরতা ও জনগণের তীব্র আন্দোলনের মুখে টুর্নামেন্ট সরে যায় সংযুক্ত আরব আমিরাতে।

জল বহু দূর গড়ানোর পর অবশেষে প্রতীক্ষার পালা শেষ হচ্ছে। আজ রাতেই যে শুরু হচ্ছে রোমাঞ্চকর ব্যাট-বলের লড়াই। টানা দ্বিতীয়বারের মতো মধ্যপ্রাচ্যের দেশটিতে বসছে এশিয়ার ক্রিকেট যুদ্ধ। দুবাইতে শ্রীলংকা-আফগানিস্তান ‘বি’ গ্রুপের ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে রোমাঞ্চকর এই প্রতিযোগিতা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

অবশ্য টুর্নামেন্টের আসল শুরু আগামীকাল থেকে। যেখানে ‘এ’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বাংলাদেশের জন্য টুর্নামেন্ট শুরু হবে পাক-ভারত মহারণের

৪৮ ঘণ্টা পর। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই মিশন শুরু করবে টাইগাররা। সবশেষ গত আসরে টুর্নামেন্টের ফাইনালে ওঠা বাংলাদেশের জন্য এবার গ্রুপপর্বের বাধা উতরানোরই বড় পরীক্ষা।

প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। আগের ১৪ আসরের ৭ বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। চার বছর আগে মাশরাফি বিন মোর্ত্তজার বাংলাদেশকে হারিয়ে সবশেষ শিরোপাটা জিতেছিল ভারতীয়রা। আগের আয়োজনটা অবশ্য ওয়ানডে সংস্করণে ছিল। বিশ^কাপের বছর বিধায় রীতি অনুযায়ী এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে। সংযুক্ত আরব আমিরাতের দুই ভেন্যুতে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আগামী ১১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ১৩ ম্যাচের টুর্নামেন্টে শারজাহ পেয়েছে মোটে ৩টি!

যথারীতি এশিয়া কাপের এই আসরেও ফেভারিটের তকমা ভারতের গায়ে জড়ানো। শিরোপাপ্রত্যাশীদের দৌড়ে এগিয়ে ছিল পাকিস্তানও। কিন্তু দলটির শক্তিমত্তা অনেকটাই কমে গেছে বোলিং বিভাগের সেরা অস্ত্র শাহিন আফ্রিদিকে হারানোয়। চোট নিয়ে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন পাক পেসার। তাতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। রোহিত-কোহলিদের কাছে আফ্রিদি যে যমদ্যূত!

অবশ্য পাকিস্তান বরাবরই অননুমেয়। তাই তাদের শিরোপা জয়ে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ভারতের সঙ্গে তাদেরও ফেভারিটের তালিকায় রাখতে হচ্ছে। বাকি চারটি দল তথা বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং টুর্নামেন্টের আন্ডারডগ। স্বাগতিক শ্রীলংকা ক্রিকেট বোর্ড আরব আমিরাতেই টুর্নামেন্ট পরিচালনা করবে। গতবার যেমনটি করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে ৫টি দল সরাসরি এশিয়া কাপের মূলপর্বে অংশ নিলেও হংকং এসেছে বাছাইপর্বের বাধা ডিঙিয়ে।