সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাচ্চাকে স্কুলে দেবো নাকি অফিসে যাবো?

news-image

অনলাইন ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে সকালের শিফট চালু হয় সকাল সাড়ে ৭টায়। আর নতুন সময়সূচিতে আজ থেকে সরকারি অফিস শুরু হবে ৮টায়। এ দুইয়ে মিলে দিনটা শুরু হবে তীব্র যানজট দিয়ে এমন আশঙ্কা নিয়ে দিন শুরুর প্রস্তুতির কথা জানিয়েছেন বিভিন্ন খাতের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

কিন্তু ঝামেলা বেধেছে যারা ঢাকার আশপাশ থেকে অফিস করেন তাদের বেলায়। অফিস সময় এক ঘণ্টা এগিয়ে আনার কারণে অনেক কর্মকর্তা-কর্মচারীকে ভোরের আলো ফোটার আগেই অফিসের উদ্দেশে বাড়ি থেকে বের হতে হবে।

সরকারের বিভিন্ন স্তরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানিয়েছেন, তারা সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে অফিসে যান। স্কুল সকাল সাড়ে ৭টায় হওয়ায় এতদিন তারা নির্বিঘ্নে সন্তানদের পৌঁছে দিয়ে নির্ধারিত সময়ে অফিসে পৌঁছতে পারতেন। কিন্তু অফিস সময় এক ঘণ্টা এগিয়ে আনায় সেটা সম্ভব হবে না বলে তারা মনে করছেন। এর কারণ হিসেবে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক তীব্র যানজটের কথা বলেছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি মোহাম্মদপুরে থাকেন। ধানমন্ডির একটি স্কুলের সকালের শিফটে সন্তানকে পৌঁছে দিয়ে তিনি ৯টায় অফিসে পৌঁছান। কর্মদিবসে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পুরো ধানমন্ডি জুড়েই যানজট থাকে। এগুলো পার হয়ে তাকে সময়মতো অফিসে পৌঁছতে হয়। এখন অফিস সময়সূচি আরও এক ঘণ্টা এগিয়ে আনায় কোনোভাবেই নির্ধারিত সময়ে তার পক্ষে অফিসে উপস্থিত হওয়া সম্ভব নয় বলে তিনি মনে করেন।

বিদ্যুৎ ভবনে চাকরি করেন জাহাঙ্গীর আলম। তিনি নরসিংদীর শিবপুর থেকে প্রতিদিন ঢাকা আসা-যাওয়া করে গত পাঁচ বছর ধরে চাকরি করছেন। সকাল ৬টায় রওনা দিয়ে ৭টায় ঘোড়াশাল থেকে ট্রেনে ওঠেন। দেড় ঘণ্টায় তিনি কমলাপুর পৌঁছে যান। সেখান থেকে রাজধানীর আবদুল গনি রোডের অফিসে যেতে ৯টা বেজে যায়। এখন অফিস সময় এক ঘণ্টা এগিয়ে আনায় তাকে বাড়ি থেকে বের হতে হবে ৫টায়। ভোরের অন্ধকারেই তাকে বাড়ি থেকে বের হয়ে আসতে হবে বলে তিনি জানিয়েছেন।

সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক ড. নাহিদ রশীদ বলেন, ‘যানজটের বিষয় তো আছেই, এটা নতুন কিছু নয়। সরকার অফিস সময় এগিয়ে আনার যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। কল্যাণ বোর্ডের প্রায় ৮০টি গাড়ি বিভিন্ন গন্তব্য থেকে কর্মকর্তা-কর্মচারীদের রাজধানীর বিভিন্ন অফিসে পৌঁছে দেবে। নির্ধারিত সময়ের আগে তাদের গন্তব্যে পৌঁছে দিতে অনেক গাড়িচালককে সূর্য ওঠার আগেই রওনা দিতে হবে। কারণ নরসিংদী, গাজীপুর বা নারায়ণগঞ্জ থেকে যারা ঢাকায় আসবেন তাদের সকাল ৮টার আগে অফিসে পৌঁছে দিতে হবে। রাস্তায় বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যানজটের আশঙ্কা আছে বলেই হাতে একটু সময় নিয়ে বের হতে হবে।’

জ্বালানি ও বিদুৎ সাশ্রয়ে আজ বুধবার থেকে সরকারি অফিস শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে ৮টায় শুরু হচ্ছে। আর শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুদিন করা হলেও তাদের ক্লাস শুরুর সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ প্রভাতি শিফট আগের মতোই শুরু হবে সকাল সাড়ে ৭টায়। শিক্ষাপ্রতিষ্ঠান এবং অফিস সময়ের মধ্যে মাত্র আধঘণ্টা ব্যবধান থাকায় রাজধানীর যানজট আরও বাড়বে বলে মনে করছেন শিক্ষার্থী-অভিভাবকরাও।

সাধারণত রাজধানী ও বিভাগীয় শহরের নামিদামি স্কুল-কলেজের শিক্ষার্থীদের অনেকে যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে। আর এসব শিক্ষাপ্রতিষ্ঠান সাধারণত দুই শিফটে পরিচালিত হয়। প্রভাতি শিফট চলে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর দিবা শিফট চলে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, মনিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ধানম-ি গভ. বয়েজ হাই স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলসহ রাজধানীর নামিদামি সব শিক্ষাপ্রতিষ্ঠানই দুই শিফটে চলে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বেইলি রোড, শান্তিনগর, মতিঝিল, মিরপুর, ধানমন্ডি, নিউ মার্কেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বড় ধরনের যানজট তৈরি হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগে সরকারি অফিস শুরু হতো সকাল ৯টায়। আর স্কুল শুরু হতো সকাল সাড়ে ৭টায়। দেড় ঘণ্টার ব্যবধান থাকলেও নামিদামি স্কুলগুলোর সামনে বড় ধরনের যানজট লেগে যেত। কিন্তু নতুন সময়সূচি অনুযায়ী এখন স্কুল ও সরকারি অফিসের মধ্যে ব্যবধান থাকবে আধা ঘণ্টা। এতে শিক্ষার্থী-অভিভাবক এবং অফিসগামী উভয়ই বড় ধরনের যানজটের মধ্যে পড়বে। এমনকি যেসব অফিসগামী তাদের সন্তানদের স্কুল-কলেজে পৌঁছে দিয়ে অফিসে যেতে চান, তাদেরও বড় ধরনের যানজটের মধ্যে পড়তে হবে।

রাজধানীর মোহাম্মদপুরের কিশোলয় বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রহমত উল্লা বলেন, ‘অফিস এবং স্কুল সময়ের মধ্যে মাত্র আধা ঘণ্টা ব্যবধান থাকায় চাকরিজীবী এবং শিক্ষার্থী উভয়ই চাপের মধ্যে পড়বে। অনেক কর্মজীবী মা-বাবা আছেন যারা তাদের সন্তানকে সকালে প্রভাতি শাখায় পৌঁছে দিয়ে অফিসে যান। তারা বড় ধরনের সমস্যায় পড়বেন।’

তিনি আরও বলেন, ‘সকাল সাড়ে ৭টার স্কুল ধরতে এমনিতেই শিক্ষার্থীদের সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। স্কুল সময়সূচি সাড়ে ৭টার আগে এগিয়ে আনা হলে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হবে। তারপরও স্কুল ও অফিস সময়ের মাঝে অন্তত এক ঘণ্টার ব্যবধান থাকা উচিত।’

ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, ‘প্রভাতি শাখার শিক্ষার্থীরা সাধারণত সোয়া ৭টার মধ্যে স্কুলে চলে আসে। তাই আমি মনে করি, অফিসগামীদের মধ্যে শিক্ষার্থীদের যাতায়াতের তেমন কোনো সমস্যা হবে না। আর রাজধানীর যানজট নিত্যনৈমিত্তিক ব্যাপার। এরপরও সব সিদ্ধান্তের পেছনে কিছু সুবিধা ও অসুবিধা দুটিই থাকে। সবকিছু মেনেই আমাদের চলতে হবে।’

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক আবদুল মজিদ সুজন বলেন, ‘ভিকারুননিসা স্কুল শুরু ও ছুটির সময় বেইলি রোড এলাকার গাড়ির চাপ শান্তিনগর ও আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। হেঁটে চলাই কষ্টকর হয়ে পড়ে। এখন কাছাকাছি সময়ে অফিসও শুরু হলে দুর্ভোগ আরও বাড়বে। আমার মনে হয়, স্কুল শুরু ও অফিস শুরুর সময়ের মধ্যে এক ঘণ্টার ব্যবধান থাকা উচিত। সে ক্ষেত্রে সরকারি-বেসরকারি অফিস সকাল সাড়ে ৮টায় শুরু হলে ভালো হয়।’

সূত্র:দেশ রূপান্তরকে