সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানির আমদানি বাড়লেও সক্ষমতা বাড়েনি বিপিসির

news-image

পরিবহন, লোড-আনলোড হয় সেকেলে পদ্ধতিতে, অটোমেশনে অগ্রগতি নেই পরিশোধন ক্ষমতা না বাড়ায় বেশি দামে তেল আনতে হয় জেটি সংকটের কারণে ক্ষতিপূরণ দিতে হয় জাহাজগুলোকে

গত ১০ বছরে দেশে জ্বালানি তেলের চাহিদা অব্যাহতভাবে বেড়েছে। এর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রতিনিয়ত জ্বালানি তেল আমদানির পরিমাণও বাড়িয়েছে। পাশাপাশি বেসরকারি পর্যায়েও জ্বালানি তেল আমদানির পরিমাণ বেড়েছে। তবে সরকারি পর্যায়ে বিপিসির জ্বালানি তেলের ধারণক্ষমতা আশানুরূপ বাড়েনি। তৈরি হয়নি প্রয়োজনীয় অবকাঠামো।

জ্বালানি তেল লোড-আনলোাড এবং সরবরাহ ব্যবস্থা আধুনিকায়ন করা হয়নি। সেকেলে পদ্ধতিতেই চলছে কার্যক্রম। অটোমেশনের বিষয়ে বছরের পর বছর ধরে আলাপ-আলোচনা হলেও কার্যত অগ্রগতি নেই। এদিকে, জেটি সংকটের কারণে তেল খালাসে সময় লাগায় বিদেশি জাহাজগুলোকে দিতে হয় ক্ষতিপূরণ। এ ছাড়া গত ১০ বছর চেষ্টায় দ্বিতীয় রিফাইনারি ইউনিট স্থাপন করতে ব্যর্থ হওয়ায় অতিরিক্ত দামে পরিশোধিত তেল কিনতে হচ্ছে বিপিসিকে।

বিপিসির জ্বালানি তেলের মজুদ সক্ষমতা না বাড়ায় বড় সমস্যা হচ্ছে বিশ্ববাজারে দাম কমে গেলে আমদানি বাড়িয়ে মজুদ করা যাচ্ছে না। একই সঙ্গে আপদকালীন মজুদও বাড়ানো যায় না। ফলে তেলের বিশ্ববাজার অস্থিতিশীল হলে অল্পদিনেই এর প্রভাব পড়ে দেশের বাজারে, যার নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে। এ ছাড়া বিপিসির প্রাক্কলিত আমদানি ব্যয়ের তুলনায় প্রকৃত ব্যয় বেশি হয়ে গেলে আর্থিক সংকটে পড়ে সংস্থাটি।

উদাহরণ হিসেবে বলা যায়, করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের দাম খুব কম ছিল, তখন ভারতসহ অন্যান্য দেশ জ্বালানি তেল কিনে সংরক্ষণ করে। কিন্তু মজুদ সক্ষমতা না থাকায় বাংলাদেশ কম দামে তেল পাওয়ার সুবিধা নিতে পারেনি।

অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতসহ অন্যান্য দেশে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতিনিয়ত জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে থাকে। তবে বিপিসি এখনো স্বয়ংক্রিয় সমন্বয় ব্যবস্থায় যেতে পারেনি। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে দ্রুত দাম বাড়ানো হয়। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশে কমানো হয় না বললেই চলে। ভোক্তাদের অপেক্ষায় থাকতে হয় মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর।

বিপিসি সূত্রে জানা যায়, প্রায় ৫০ বছরের পুরাতন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসির আধুনিকায়ন হয়নি। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানুষ। নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। বিশেষজ্ঞরা বলছেন, বিপিসি জ্বালানি তেল আমদানি আর বিক্রিতেই বেশি প্রাধান্য দিয়েছে। বিশ^ পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিজের সংস্কার করতে পারেনি।

বিদেশ থেকে আসা জ্বালানি তেল মাদার ভেসেল বা বড় জাহাজে চট্টগ্রামে গভীর সমুদ্রে নোঙর করা থাকে। সেখান থেকে লাইটার জাহাজ বা ছোট জাহাজে করে বিপিসির প্রধান ডিপোতে বা তেল বিপনন কোম্পানিগুলোর সংরক্ষণাগারে খালাস করা হয়। এরপর ছোট ছোট জাহাজে করে দেশের বিভিন্ন ডিপোতে পৌঁছে দেওয়া হয়। সারাদেশে জ্বালানি তেল পরিবহনের যে রুট তার মধ্যে শতকরা ৯০ শতাংশ জ্বালানি তেল সরবরাহ করা হতো নৌপথে। ৮ শতাংশ রেলপথে এবং বাকি দুই শতাংশ সড়কপথে। কিন্তু ২০১৯-২০ অর্থবছর থেকে নৌপথে জ্বালানি তেল সরবরাহ কমেছে। এক হিসাবে দেখা গেছে, গত বছরে নৌপথে ৮৪ শতাংশ জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। নৌপথে জ্বালানি তেল পরিবহন কমে যাওয়ার অন্যতম কারণ বলা হচ্ছে দেশের নদ-নদীগুলোর নাব্য সংকট।

বিপিসির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ১০ বছরে নিয়মিতভাবে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে। ২০১২-১৩ অর্থবছরে জ্বালানি তেলের চাহিদা ছিল ৫০ লাখ ৮৬ হাজার ৪৬৯ টন। গত ১০ বছরে প্রায় ২০ লাখ টন জ্বালানির চাহিদা বেড়েছে। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে দেশে জ্বালানি তেলের চাহিদা দাঁড়ায় ৬৯ লাখ ৫ হাজার ৫৭৮ টন। জ্বালানি তেলের মধ্যে দেশে সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের। এরপরই রয়েছে পেট্রল, জেট এ-১ ফুয়েল এবং অকটনের।

দেখা যাচ্ছে, গত ৫০ বছরে জ্বালানি তেলের চাহিদা অনেক বাড়লেও মজুদ ক্ষমতা আশানুরূপ বাড়েনি। সরকারিভাবে এ পর্যন্ত পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে মাত্র ১৩ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল মজুদের সক্ষমতা রয়েছে। ২০০৯ সাল পর্যন্ত এ সক্ষমতা ছিল মাত্র আট লাখ ৯৩ হাজার ৯৯০ মেট্রিক টন। গত ১০ বছরে মজুদ ক্ষমতা বেড়েছে পাঁচ লাখ টন। তাতে মজুদ সক্ষমতা দাঁড়ায় ১৩ লাখ ৬০ হাজার টনে। বর্তমানে দেশে জ্বালানি তেলের চাহিদা-জোগানের ব্যবস্থা রয়েছে ৩০ দিনের।

বিপিসির কর্মকর্তারা বলছেন, আরও ১৩ লাখ ৩৫ হাজার টন মজুদ ক্ষমতা বাড়ানো বিষয়টি প্রক্রিয়াধীন। নির্মাণাধীন মজুদ ট্যাংকারগুলোর কাজ শেষ হলে দেশে ৬০ দিনের জ্বালানি তেল মজুদ সক্ষমতা তৈরি হবে।

অন্যদিকে জ্বালানি তেল অপারেশনে অটোমেশন ব্যবস্থায় না যাওয়ার বিষয়ে বিপিসির বিরুদ্ধে রয়েছে পুরনো অভিযোগ। এ ব্যাপারে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জ্বালানি তেল পরিবহন ব্যবস্থা আধুনিকায়নে অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে দেশের জ্বালানি তেল পরিবহন ও সরবরাহ অনেক সহজ হবে।

বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ বলেন, তেল পরিবহনে ঢাকা-চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পাইপলাইন স্থাপন করা হচ্ছে। এ ছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে পাইপলাইন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জ্বালানি তেল পরিবহন ও সরবরাহ অনেক সহজ হবে। তিনি বলেন, গভীর সমুদ্র থেকে পাইপলাইনে তেল খালাসের জন্য এসপিএম (সিঙ্গেল পয়েন্ট মুরিং) করা হচ্ছে। এটা বাস্তবায়িত হলে বিপিসির প্রায় আট হাজার কোটি টাকা বছরে সাশ্রয় হবে। অটোমেশন করার প্রক্রিয়াও চলছে বলে তিনি জানান।

বিপিসি সূত্রে জানা যায়, দেশের প্রায় ৭০ লাখ টন জ্বালানির চাহিদা থাকলেও বিপিসি নিজস্ব ব্যবস্থাপনায় আমদানি করে প্রায় ৫১ লাখ টন। বাকিটা বেসরকারি পর্যায়ে আমদানি হয়। ২০১২-১৩ অর্থবছরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলের পরিমাণ ছিল ৩৬ লাখ ৩০ হাজার ৭৬৩ টন। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলের পরিমাণ ছিল ৫১ লাখ ১২ হাজার ৩৮২ টন। এর মধ্যে ডিজেল ৩৯ লাখ ৬৮ হাজার ৮৬৩ টন, জেট ফুয়েল চার লাখ ২৭ হাজার ৩৯৯ টন, অকটেন চার লাখ ৩৬ হাজার ৭১৮ টন এবং ফার্নেস অয়েল দুই লাখ ৬২ হাজার ৯০৩ টন।

বিপিসি সূত্রে জানা যায়, জ্বালানি নীতিমালা অনুযায়ী দেশে ৬০ দিনের চাহিদার সমপরিমাণ জ্বালানি তেল মজুদ রাখার বিষয়ে উল্লেখ থাকলেও বর্তমানে মজুদ সক্ষমতার অভাবে পণ্যভেদে ৩০ থেকে ৩৫ দিনের জ্বালানি মজুদ রাখা সম্ভব। মজুদস্বল্পতার কারণে ২০২০ সালে করোনা মহামারীকালীন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বিগত ১০ বছরের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। কিন্তু এ সুবিধা নেওয়া যায়নি।

শুধু মজুদ ক্ষমতা বাড়েনি তা নয়, গত ১০ বছরে দ্বিতীয় রিফাইনারি করতে পারেনি বিপিসি। গত ১০ বছর ধরে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করলেও আলোর মুখ দেখেনি। ফলে সরকার পর্যাপ্ত অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ও পরিশোধন করতে পারছে না। এ কারণে অধিক পরিমাণে পরিশোধিত তেল আমদানি করতে গিয়ে সরকারের অনেক বেশি ব্যয় বেড়েছে।

সূত্রে জানা যায়, বর্তমানে বিপিসি তিনটি জেটির মাধ্যমে জ্বালানি তেল খালাস করে থাকে। বছরে প্রায় ৬৬ থেকে ৬৭ টন জ্বালানি তেল তিনটি জেটির মাধ্যমে খালাস করা কঠিন হয়ে পড়েছে। চলতি বছরের শুরুর দিকে একটি জাহাজ বিপিসির একটি জেটি ভেঙে ফেলে। পরে মাত্র দুটি জেটি দিয়ে তেল খালাস করতে হয় বিপিসিকে। ফলে সংকটে পড়ে। জেটি সংকট এবং তেলের মজুদাগার সংকটের কারণে সময়মতো তেল খালাস করতে না পারায় প্রায়ই বিপিসিকে বিদেশি জাহাজগুলোর ক্ষতিপূরণ দিতে হয়।