সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হাওয়া’র দর্শক জোয়ার সামনে আরও বাড়বে

news-image

ফয়সাল আহমেদ
অভিনেতা চঞ্চল চৌধুরী। নাটক ও সিনেমা দুই মাধ্যমেই তার সমান জনপ্রিয়তা। গতকাল মুক্তি পেয়েছে তার অভিনীত ও মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল আলোচিত ছবি ‘হাওয়া’। এই ছবি ও বিভিন্ন বিষয়ে কথা হয় চঞ্চল চৌধুরীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন- ফয়সাল আহমেদ

মুক্তির আগেই ‘হাওয়া’ নিয়ে শুরু হয়েছিল উন্মাদনা। সবাই ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন, আছেন। আপনার কেমন লাগছে?

এ অনুভূতি আসলেই অন্যরকম। মানুষ অগ্রিম টিকিট কাটছে। এই দৃশ্য আমাদের দেশে দেখা যায় কেবল হলিউডের কোনো ছবি মুক্তির সময়। মানুষ লাইন ধরে অগ্রিম টিকিট কাটে। এবার হচ্ছে আমাদের দেশের সিনেমায়। আর এটা আমার জন্য ভালো লাগার বিষয় যে, এই ছবির একটা অংশ আমি। তাই এই ভালো লাগাটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এটা অনুভব করছি। উপভোগ করছি।

প্রতিটি মাল্টিপ্লেক্সের প্রথম দুই-তিন দিনের টিকিট শেষ-

সেটাই তো শুনছি। দেখলামও। আজ (গতকাল) ছবিটি দেখতে আমরা বিভিন্ন হলে হলে গিয়েছিলাম। দর্শক ভিড় ছিল দেখার মতো। অনেকেই আগামী দুই দিন পরের টিকিট কাটতে চলে এসেছে। স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রতিদিন ‘হাওয়া’র ২৬টি শো চলবে। প্রথম তিন দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। গ্র্যান্ড সিলেট হোটেল মুভি থিয়েটারের ১৯০ আসনের থিয়েটারটি আমাদের এই সিনেমা দিয়ে উদ্বোধন করা হয়েছে। সেখানকার তিন দিনের টিকিটও শেষ। সত্যিই ভীষণ ভালো লাগছে। বাংলাদেশের সিনেমার জন্য এটি খুব ইতিবাচক দিক। আমাদের সিনেমার জন্য বিশাল সুখবর এটি। আমি বিশ্বাস করি, ‘হাওয়া’র দর্শক জোয়ার সামনে আরও বাড়বে।

কিন্তু হল সংখ্যা কমে যাচ্ছে, যা নিয়ে সংশ্লিষ্টরা হতাশ। এ ক্ষেত্রে কী করণীয়?

হল সংখ্যা কমছে- এটা অনেক দিন থেকেই। হুট করে কিন্তু কমেনি। এখন প্রথম কাজ হবে যে কয়টি হল আছে সেগুলো টিকিয়ে রাখা। আর হল টিকিয়ে রাখতে হলে ভালো ভালো ছবি ছাড়া উপায় নেই। করোনার পর এবার ঈদে অনেক ভালো ছবি মুক্তি পেয়েছে। এমন ছবি নির্মাণ ও মুক্তি দিলেই দর্শক হলে যাবেন। আর দর্শক হলে গেলে সিনেমা হলের সংখ্যা এমনিতেই বাড়বে।

‘হাওয়া’ দেখতে গিয়ে আপনার কি মনে হয়েছে- বাংলা সিনেমার দর্শক জোয়ার শুরু হয়েছে?

দর্শক ভালো ছবি দেখতে চায়। দেখতে তখনই চায়, যখন ছবির খবর তাদের কাছে পৌঁছে। তাই ভালো ছবির প্রচার দরকার। প্রচার হলে দর্শক আসবে। হাওয়ায় প্রথম দিনে যে দর্শক দেখলাম তাকে বর্তমান পরিস্থিতিতে জোয়ারই বলা যায়। খেয়াল রাখতে হবে এই জোয়ারে যেন ভাটা না লাগে। মুক্তির আগেই আমাদের ছবির সাদা সাদা কালা কালা গানটি গণমানুষের হয়ে গেছে। এটা কিন্তু একটা বিশাল প্রচার। যারা গানটি শুনেছেন এদের মধ্যে যে সবাই সিনেমা দেখেন হলে গিয়ে তা কিন্তু না। কিন্তু যারা দেখেন তাদের তো আগ্রহ বেড়ে গেছে। আমি বলতে চাই দর্শককে হলে গিয়ে সিনেমা দেখার প্রতি আগ্রহী করতে হবে। এই দায়িত্ব আমাদের-আপনাদেরই নিতে হবে।

সবাই বলে থাকেন- আপনার অভিনীত কোনো সিনেমা ফ্লপ করেনি?

কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দর্শকদের কাছে। যারা আমাকে ভালোবেসে আমার অভিনীত সিনেমা দেখেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরিচালক, প্রযোজক, সহশিল্পী ও ইউনিটের সবার প্রতি। সেই সঙ্গে আমার মা-বাবা, পরিবার ও সৃষ্টিকর্তার প্রতিও। এদিক থেকে মনে করি আমি সত্যিই ভাগ্যবান অভিনেতা। আর সবাই বলাবলি করছে, হাওয়া নাকি মুক্তির আগেই হিট। সত্যি বলতে মেজবাউর রহমান সুমন অতি যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন। হাওয়া দর্শকদের আনন্দের হাওয়ায় ভাসাবে। হাওয়া দিয়ে যদি সারাদেশে সুবাতাস বয়ে চলে তবে এটি অবশ্যই আনন্দের সংবাদ, গোটা সিনেমা শিল্পের জন্যই। এই সিনেমায় কাজ করতে গিয়ে আমাদের সবারই প্রবল ঢেউয়ের মধ্যে সমুদ্রে থাকতে হয়েছে। একবার তো ঝড়ই শুরু হলো। খুব কঠিন অবস্থা। তার মধ্যেই শুটিং করেছি। শুটিং করতে করতে সেন্টমার্টিনে এসেছি। তারপর তুমুল বৃষ্টিতে সেন্টমার্টিনে হোটেলে অবস্থান করি। ঝুঁকি বলি কিংবা চ্যালেঞ্জ, সবই ছিল।