বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটু কম-বেশি হবেই
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটু কম-বেশি হবেই। কিন্তু আমাদের নানা লোকজন রয়েছে, যারা এটি নিয়ে নানারকম মন্তব্য এবং গুজব করে বেড়ায়। তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের তিন মাসের খাদ্য কেনার যে রিজার্ভ, সেটি থাকলেই যথেষ্ট। তবে ভোগ্যপণ্য ও খাদ্যপণ্যে পরনির্ভরশীলতা কমাতে হবে, নিজের দেশে উৎপাদন বাড়াতে হবে।’
গতকাল বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণকেন্দ্রসহ দেশের বিভিন্ন উপজেলায় নবনির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এ অনুষ্ঠান আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে শুধু রেমিট্যান্সের ওপর নির্ভরশীল নয়, রপ্তানিনির্ভর বিদেশি মুদ্রা অর্জনের দিকে আমাদের আরও বেশি মনোযোগ দিতে হবে।’
প্রধানমন্ত্রী পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে দেশের রপ্তানি আয় আরও সমৃদ্ধ করতে এবং বিদেশে নতুন বাজার খুঁজে বের করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের পণ্য যাতে বিদেশে রপ্তানি হয়, সে জন্য পণ্যের বহুমুখীকরণ করা এবং পণ্যের জন্য নতুন নতুন বাজার আমাদের খুঁজে বের করতে হবে। যেখানে যে পণ্যের চাহিদা, সেই ধরনের পণ্য বাংলাদেশে উৎপাদনের মাধ্যমে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পদক্ষেপ আমরা নেব। আমাদের একটা কথা সব সময় মাথায় রাখতে হবে- পরনির্ভরশীলতা আমাদের কমাতে হবে এবং নিজেদের পায়ে নিজেরা যেন দাঁড়াতে পারি, সেই ব্যবস্থা করতে হবে।
সরকারপ্রধান বলেন, ‘আমাদের যে উর্বর জমি ও জনসংখ্যা রয়েছে, তাতে উদ্যোগ নিলে আমরা সেটি করতে পারি। শুধু উৎপাদন নয়, খাদ্যপণ্য সংরক্ষণ আধুনিকীকরণ করতে হবে এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পও ব্যাপকভাবে গড়ে তুলতে হবে। এতে করে দেশের মানুষের জন্য যেমন একটি বাজার তৈরি হবে, আবার বিদেশেও আমরা রপ্তানি করতে পারব ‘
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এখানে করোনা ভাইরাস মোকাবিলা করতে হয়েছে আমাদের, এর সঙ্গে শুরু হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। ফলে বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দিচ্ছে। তিনি বলেন, ‘এই যুদ্ধ অর্থহীন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে, এই যুদ্ধ শুধু যারা অস্ত্র তৈরি করে তারাই লাভবান হচ্ছে, আর সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে।’
শেখ হাসিনা বলেন, ‘এই যুদ্ধ, শুধু যুদ্ধই নয়; এর সঙ্গে আবার নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার ফলে আজ সারাবিশ্ব অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। তারা এখন বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করেও খাদ্যনিরাপত্তা নিয়ে শঙ্কিত। সে কারণে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সেখানে আমাদের মতো দেশ, যারা কেবল উন্নয়নের পথে যাত্রা শুরু করেছি, একটি লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপ্রাণভাবে, আর তখনই এ ধরনের বাধা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।’
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। প্রবাসীকল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং বিএমইটির মহাপরিচালক মো. শহিদুল আলম অনুষ্ঠানে বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনকালে চলমান দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম তৃণমূলের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ২০১৫ সালের নভেম্বরে প্রথম পর্যায়ে গৃহীত ৪০ উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন শীর্ষক প্রকল্প অনুমোদন হয়।
যেসব উপজেলায় প্রশিক্ষণকেন্দ্র হচ্ছে, সেগুলো হলো- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল টিটিসি, রংপুরে পীরগঞ্জ ও গঙ্গাচড়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, পাবনার সুজানগর, নরসিংদীর মনোহরদী, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ, মুন্সীগঞ্জ সদর, দিনাজপুরের খানসামা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নগরকান্দা, খুলনার দিঘলিয়া, ময়মনসিংহের হালুয়াঘাট, যশোরের কেশবপুর, চট্টগ্রামের রাউজান ও সন্দ্বীপ, কুমিল্লার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম, গাজীপুরের কাপাসিয়া, শেরপুর সদর, টাঙ্গাইলের কালিহাতী ও নাগরপুর, লালমনিরহাটের হাতীবান্ধা এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা।
তার সরকার বিদেশগামী কর্মীদের স্বার্থ সুরক্ষায় বিশেষ পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৩ বছরে ৫৫টি নতুন শ্রমবাজার তৈরি করতে সক্ষম হয়েছে। যেখানে বিএনপি-জামায়াত জোটের শাসনামলে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে হয়রানিসহ নানা অভিযোগে অনেক জায়গাতেই শ্রমবাজার কমে আসে।
তিনি বলেন, ২০০৫-০৬ সালে জোট সরকারের বিদেশে কর্মী প্রেরণের সংখ্যা ছিল ২ লাখ ৫২ হাজার ৭০২ জন, আর রেমিট্যান্সের পরিমাণ ছিল ৪ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। সেখানে আওয়ামী লীগ সরকার ২০২১-২২ অর্থবছরে তা ৫ গুণ বৃদ্ধি করতে সক্ষম হয়। এই সময়ে কর্মী পাঠানো হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৫০৫ জন। আর ২১ দশমিক ০৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রধানমন্ত্রী এ পরিসংখ্যান তুলে সমালোচকদের উদ্দেশ্যে বলেন, যারা এখন সমালোচনা করেন, তাদেরই জবাবটা দিতে চাই। কারণ তা হলে আর বিভ্রান্তি ছড়াতে পারবে না, তাদেরও হিসাবটা জানা উচিত, তারা ক্ষমতায় থাকতে কী অবস্থা ছিল দেশে।











