অভিনয়ে চিরকালের উত্তম
বিনোদন প্রতিবেদক : উত্তম কুমার ভারতীয় চলচ্চিত্রের বাংলা সিনেমার একজন কিংবদন্তি এবং মহানায়ক। স্বাধীনতাপরবর্তী সময়ে বাংলার প্রথম সুপারস্টার হলেন তিনি। শুরুতে অরুণ কুমার নামে কিছু বাণিজ্যিকভাবে অসফল সিনেমা দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও কিছু সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন বাংলার সব থেকে জনপ্রিয় নায়ক। তাকে ম্যাটিনি আইডল বলা হতো। সেই সময়ের যুবকরা উত্তম কুমারের মতো হতে চাইত, তরুণীরা উত্তম কুমারের নামে মোহাচ্ছন্ন ছিল। খুবই অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯৮০ সালের আজকের দিনে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুর সময় তিনি ‘ওগো বঁধু সুন্দরী’ সিনেমার শুটিং করছিলেন। শেষ দিনের শুটিং চলাকালেই তার মৃত্যু হয়। এই মহানয়কের মৃত্যুতে বাংলা সিনেমায় নেমে আসে এক গভীর শোকের ছায়া। তার অন্তিম যাত্রায় সারা কলকাতার মানুষ পথে বেরিয়ে আসে। বাংলা সিনেমা যতদিন থাকবে উত্তম কুমার মহানায়ক হয়েই রয়ে যাবেন।
উত্তমভক্তদের জন্য খবর হচ্ছে- অরুণ কুমার চট্টোপাধ্যায়ের উত্তম কুমার হয়ে ওঠার গল্প রুপালি পর্দায় তুলে ধরলেন পরিচালক অতনু বসু। ছবিতে মহানায়কের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। গল্পে সুচিত্রা সেন হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সাবিত্রি চট্টোপাধ্যায়ের চরিত্রে দেতীপ্রিয়া রায়। রুপালি পর্দার উত্তম থেকে নায়িকাদের উত্তম, কিংবা সাংসারিক উত্তম। মহানায়কের চরিত্রের সবদিকই নিজের ছবিতে তুলে আনার চেষ্টা করেছেন পরিচালক।
এই ছবি দেখার আগে পাঠকদের জন্য তুলে ধরা হলো উত্তম কুমারের চলচ্চিত্র জীবন। চাকরির পাশাপাশি সুহৃদ সমাজ নাট্যগোষ্ঠীতে তিনি অভিনয় করতেন। এটি তাদের পারিবারিক নাট্যগ্রুপ হিসেবে খ্যাত। নিতীন বোস পরিচালিত মায়াডোর নাটকে তিনি সকলের নজর কাড়েন। এর পর নীতিন বোসের পরিচালনায় ‘দৃষ্টিদান’ ছবিতে ১৯৪৮ সালে চলচ্চিত্র জীবন শুরু করেন। তখন নিজের আসল নাম অরুণ কুমার চ্যাটার্জি লিখতেন। পর পর কিছু ছবি ফ্লপ হওয়ার পর যখন তিনি সিনেমা ছেড়ে দেবেন ভাবছিলেন। তার পর ১৯৫৩ সালে নির্মল দের পরিচালনায় ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে তিনি অভিনয় করেন। এই ছবিতে উত্তম কুমার মুখ্য ভূমিকায় ছিলেন না। ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায় ছিলেন এই ছবির প্রধান আকর্ষণ। তার পরও এই ছবি দিয়েই সাধারণ দর্শক উত্তম কুমারকে পছন্দ করা শুরু করেন। এই ছবি দিয়েই প্রথম উত্তম কুমার জুটি বাঁধেন সুচিত্রা সেনের সঙ্গে। পরবর্তীকালে এই জুটি বাংলা ছবির জগতে ইতিহাস সৃষ্টি করেছিল। এই ছবির পর উত্তম কুমারকে আর ফিরে তাকাতে হয়নি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাফল্যের সাথে অভিনয় করে গেছেন। উত্তম কুমার জন্মগ্রহণ করেন ৩ সেপ্টেম্বর, ১৯২৬ সালে কলকাতার আহিরিটোলায় মামারবাড়িতে। তার পিতৃনিবাস হলো কলকাতার ভবানীপুরে। তার পিতা সাতকড়ি চ্যাটার্জি এবং মা চপলা দেবী। তার দুই ভাই হলেন- বরুণ এবং তরুণ।











