নতুন দামে তেল পেতে ঘুরপাক খাচ্ছে মানুষ
রেজাউল রেজা
আন্তর্জাতিক বাজারে ক্রমাগত দাম কমায় দেশীয় বাজারে খুচরা পর্যায়ে ভোজ্যতেলের দাম কমিয়েছে সরকার। দাম কমানোর বিষয়ে এ পর্যন্ত দুই দফা ঘোষণা দেওয়া হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। কম দামের নতুন বোতলের খোঁজে এখনো এক দোকান থেকে আরেক দোকানে ঘুরপাক খেতে হচ্ছে ক্রেতাদের। একাধিক দোকান খুঁজেও না পেয়ে বাধ্য হয়ে কিনতে হচ্ছে বেশি দামে। রাজধানীর বড় বাজারগুলোতে পাওয়া গেলেও এলাকার ছোট বাজার কিংবা পাড়ার মুদি দোকানগুলোয় এখনো বেশি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা।
রাজধানীর কদমতলীর তুষারধারা আবাসিক এলাকার অন্তত ছয়টি দোকান ঘুরেও ১৮৫ টাকা লিটার দরে সয়াবিনের বোতল পাননি বেসরকারি চাকরিজীবী মো. আনিস রহমান। শেষমেশ ১৯৮ টাকা দরেই কিনতে হয়েছে তাকে। কথা হলে বিরক্তি ভরা কণ্ঠে এ ব্যক্তি বলেন, ‘দাম কমানোর এক সপ্তাহ পরও আমি কেন বেশি দামে তেল কিনব। নতুন দামে পাঁচ লিটারের বোতল ৯০০ টাকায় পাওয়ার কথা। অথচ আমাকে কিনতে হলো ৯৯০ টাকায়। এক টাকা-দুই টাকা নয়, ৯০ টাকা বেশি খরচ করতে হলো। আমার এই বাড়তি টাকা কে ফেরত দেবে।’
পাশেই আরেক ক্রেতা মো. হাসিব মোল্লা বলেন, দাম কামানো হয়েছে। সে জন্যই তো এক দোকানে না পাওয়া গেলে আরেক দোকানে খুঁজতেছি হন্যে হয়ে। কিন্তু অনেক দোকান ঘুরে দেখি কোথাও দাম কমেনি। সবখানেই ৯৭০-৯৯০ টাকায় পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে। শুধু শুধুই ঘাম ঝরালাম। সেই বাড়তি দামেই তো কিনতে হলো।
এ ব্যাপারে স্থানীয় সাদ্দাম মার্কেটের মুদি দোকানদার মো. মিলন হোসেন বলেন, ‘আমাদের কিছু করার নেই। কোম্পানিগুলো এখনো কম দামের নতুন বোতল সরবরাহ করেনি।’
আন্তর্জাতিক বাজারে ধসের পর গত রবিবার দেশের বাজারে দাম কমিয়ে সয়াবিন তেলের মূল্য সমন্বয় করা হয়। লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে সয়াবিনের লিটার ১৮৫ টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে ৫ লিটারের বোতল ৯৮০ টাকা থেকে কমিয়ে আনা হয় ৯১০ টাকায়। নতুন এই দাম পরের দিন সোমবার থেকেই বাজারে বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও তা হয়নি। শেষমেশ সয়াবিনের বাজার তদারকিতে বুধবার থেকে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরের দিন বৃহস্পতিবার থেকে নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রির ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। কিন্তু তাতেও স্বস্তি ফেরেনি বাজারে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, এমনটি নতুন নয়, এর আগেও এমনটি দেখা গেছে। সাধারণত দাম বাড়ার সময় সব পর্যায়ে দাম রাতারাতি বেড়ে যায়। কিন্তু দাম কমার বেলায় অনেক সময় লেগে যায়।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান আমাদের সময়কে বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম যেভাবে বাড়াতে হবে, তেমনি কমাতেও হবে। যদিও ডলারের বিপরীতে টাকার দাম ওঠানামা করায় সমস্যা তৈরি হচ্ছে। তার পরও সবকিছু বিবেচনায় রেখে নিয়মিত মূল্য সমন্বয় করতে হবে।
দাম কমালেই কাজ শেষ হয়ে যায় না। তা পুরোপুরি বাস্তবায়ন করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, এটি করা না গেলে ভোক্তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। আমরা দেখি যে দাম কমানোর পরও নানা গড়িমসি করেন ব্যবসায়ীরা। এটিও কাম্য নয়। বাজার নজরদারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও তৎপর হতে হবে।
এদিকে রাজধানীর মালিবাগ বাজারে দেখা গেছে আরেক চিত্র। সেখানকার বিপ্লব স্টোরের ব্যবসায়ী মো. সোলায়মান জানান, এ বাজারে কোম্পানিগুলো নতুন দামে আগের এমআরপি লেখা বোতল সরবরাহ করছে। তিনি বলেন, রূপচাঁদা ব্র্যান্ডের পাঁচ লিটার বোতলে লেখা রয়েছে ৯৮০ টাকা; কিন্তু সেগুলো আমরা কিনেছি নতুন কম দামে। এগুলো বিক্রি করছি ৯২০ টাকায়। তবে অনেকে আবার এ বোতল বাইরে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করছেন। তবে বাজারে ৯২০ টাকাতেই বিক্রি হচ্ছে।
রাজধানীর কারওয়ানবাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, গত দুদিন থেকে নতুন দামের বোতল উঠতে শুরু করেছে এ বাজারে। এখানকার কিচেন মার্কেটের বিউটি স্টোরের জাকির হোসেন আমাদের সময়কে বলেন, এ বাজারে পাঁচ লিটারের নতুন বোতল এলেও বিক্রি হচ্ছে একটু বাড়তি দামে।
শুধু রাজধানী নয়, দেশের অন্যান্য এলাকায়ও বাড়তি দামে সয়াবিন বিক্রি হচ্ছে। আমাদের সময়ের তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, সেখানে ব্যবসায়ীরা আগের দামেই বিক্রি করছেন সয়াবিন তেল। এতে চরম বেকায়দায় পড়েছেন সাধারণ ক্রেতারা। গত শুক্রবার তারাগঞ্জ হাটে সরেজমিন ঘুরে দেখা যায়, বাজারের গালামালপট্টিতে মুদি ব্যবসায়ীরা বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি করছেন ১৯৫ টাকায়। কেউ কেউ আবার এর থেকেও বেশি দামে বিক্রি করছেন।











