টাই পরার বাধ্যবাধকতা নিয়ে সরগরম ফরাসি সংসদ
অনলাইন ডেস্ক : ফ্রান্সে একদিকে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বাড়ছে, অন্যদিকে বাড়ছে ইমানুয়েল ম্যাক্রোঁর সহযোগীদের সার্বিক সংখ্যাগরিষ্ঠতা। ঠিক এ সময় দেশটির সংসদে এমপিদের ওপর টাই পরার বাধ্যবাধকতা আরোপ নিয়ে চলছে জোরালো বিতর্ক। সংসদে এমপিরা কী পরিধান করছেন, সেটি হয়তো এতটা গুরুত্ব পেত না। যদি না এ বিষয়ে ডানপন্থী রিপাবলিকান এমপি এরিক সিওটি স্পিকারকে চিঠি দিতেন।
সম্প্রতি স্পিকারকে দেওয়া ওই চিঠি নির্দিষ্ট কিছু এমপিকে, বিশেষ করে এলএফআইয়ের তরুণ সদস্যদের সংসদে ক্যাজুয়াল পোশাক পরা থেকে বিরত রাখতে দেওয়া হয়। এমনিতে দেশটিতে বিতর্ক তৈরি করার মতো অনেক বিষয়ই আছে, কিন্তু তা সত্ত্বেও পোশাকবিধি নিয়ে সরগরম দেশটির সংসদ।
দেশটিতে বামপন্থী ও গ্রিনদের নিয়ে গঠিত নিউ ইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল পপুলার ইউনিয়ন (এনইউপিইএস) জোট গত মাসের সংসদ নির্বাচনে ভালো ফল করেছে। এই জোটের শরিক উগ্র বামপন্থী দল এলএফআই (ফ্রান্স আনবাউড) উল্লেখযোগ্য সংখ্যক সদস্যের সংসদে উপস্থিতি এই বিতর্ক সৃষ্টি করেছে। আসলে এলএফআইয়ের অনেক এমপি সংসদে টাই পরে আসা পছন্দ করেন না। এ নিয়ে কিছু ডানপন্থী এমপি তাদের শঙ্কার কথা ব্যক্ত করেন। তারা মনে করেন, টাই পরা প্রতিষ্ঠান ও তাদের জনগণের জন্য ‘সম্মানের নিদর্শন’।
গত শুক্রবার এ বিষয়ে চিঠি দিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে এলএফআই। তারা বলেছে, পোশাক কাউকে এমপি করে না। এমপিদের অবশ্যই জনগণের ভাবমূর্তি, তাদের আশা এবং তাদের ক্রোধের প্রতিফলন ঘটাতে হবে। নিজেদের প্রান্তিক করা উচিত নয়। তাদের যুক্তি, ২০২২ সালে টাই পরা মানে স্মার্টনেস নয় বরং একটি ‘নির্দিষ্ট সামাজিক গোষ্ঠী’কে আরও বেশি মেনে চলা। তারা উল্লেখ করেন, আগের সংসদে ডেপুটিদের টাই ছাড়াই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।











