কোম্পানির প্রস্তাবের চেয়ে বেশি বাড়িয়েছে সরকার
রাশেদ রাব্বি
সম্প্রতি প্রাথমিক স্বাস্থ্যসেবায় বহুল ব্যবহৃত ২০টি জেনেরিকের ৫৩টি ব্র্যান্ডের ওষুধের দাম বাড়িয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ ক্ষেত্রে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবনা গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে একই ওষুধের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উৎপাদনকারী ভিন্ন ভিন্ন দাম প্রস্তাব করেছিলেন বলে জানা গেছে। সেগুলো যাচাই-বাছাই করে সরকার মধ্যবর্তী একটি দাম বেঁধে দেয়। কিন্তু নয়টি ওষুধের ক্ষেত্রে এর ভিন্নতা দেখা গেছে। এসব ওষুধের ক্ষেত্রে উৎপাদনকারীর প্রস্তাবনার চেয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর বেশি দাম নির্ধারণ করে দিয়েছে। এতে বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা বলছেন, উৎপাদনকারী তাদের সব খরচ ও লাভ হিসাব করেই সাধারণত ওষুধের দাম নির্ধারণ করে থাকেন। এক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের উচিত প্রস্তাবিত দামের ন্যায্যতা যাচাই করে ন্যায়সঙ্গত মূল্য নির্ধারণ করা, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত দামের প্রভাব সহনীয় পর্যায়ে থাকে। তবে প্রস্তাবিত দামের চেয়ে বেশি দাম নির্ধারণ
করে কর্তৃপক্ষ দেশের মানুষের সঙ্গে এক প্রকার প্রহসন করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো তাদের প্যারাসিটামল ৫০০ এমজি ট্যাবলেট (র্যাপিড) ভ্যাট ছাড়া সর্বোচ্চ খুচরা মূল্য প্রস্তাব করেছে ১.০৯ টাকা। কিন্তু ভ্যাট ছাড়া ঔষধ প্রশাসন অধিদপ্তর এর দাম নির্ধারণ করেছে ১.১৩ টাকা। একই কোম্পানির প্যারাসিটামল ১২০ এমজি/৫ এমএল সিরাপের (৬০ এমএল বোতল) দাম প্রস্তাব করা হয়েছিল ২৭.০৩ টাকা। কিন্তু ভ্যাট ছাড়া অধিদপ্তর এর দাম নির্ধারণ করেছে ৩০.৪৩ টাকা। এ ছাড়া মেট্রোনিডাজল ৪০০ এমজি ট্যাবলেট বেক্সিমকো ভ্যাট ছাড়া সর্বোচ্চ খুচরা মূল্য প্রস্তাব করেছে ১.৪২ টাকা। কিন্তু অধিদপ্তর দাম নির্ধারণ করেছে ১.৪৮ টাকা। এমোক্সিসিলিন বিপি ৫০০ এমজি ক্যাপসুল এসিআই ভ্যাট ছাড়া সর্বোচ্চ দাম প্রস্তাব করা হয় ৬.৫২ টাকা; ঔষধ প্রশাসন এই দাম অপরিবর্তিত রেখেছে। জাইলোমেট্রোজালিন এইচসিআই ০.০৫% নাসাল ড্রাপ (১৫ এমএল) স্কয়ার ভ্যাট ছাড়া সর্বোচ্চ খুচরা মূল্য প্রস্তাব করেছে ১৪.৭৯ টাকা; ঔষধ প্রশাসন ভ্যাট ছাড়া দাম নির্ধারণ করেছে ১৫.৬৬ টাকা। এই ওষুধের আগের দাম ছিল ৯.৬০ টাকা, অর্থাৎ দাম বাড়ানো হয়েছে ৬৩ দশমিক ১২ শতাংশ। জাইলোমেট্রোজালিন এইচসিআই ০.০১% নাসাল ড্রাপ (১৫ এমএল) স্কয়ার ভ্যাট ছাড়া সর্বোচ্চ মূল্য প্রস্তাব করেছে ১৫.৩৬ টাকা; ঔষধ প্রশাসন দাম বেঁধে দিয়েছে ১৭.৩৯ টাকা। এই ওষুধের দাম আগে ছিল ১০.০৪ টাকা, অর্থাৎ দাম বাড়ানো হয়েছে ৭৩.২০ শতাংশ। মিথাইলডোপা ২৫০ এমজি/২ এমএল ইনজেকশন উৎপাদক প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাটসহ সর্বোচ্চ দাম প্রস্তাব করেছে ৪.৩৫ টাকা। কিন্তু অধিদপ্তর নির্ধারণ করেছে ৩.৪৮ টাকা। এই ওষুধের আগের দাম ছিল ১.৫০ টাকা, অর্থাৎ দাম বাড়ানো হয়েছে ১৩২ শতাংশ। ওআরএস (ওরাল রিহাইড্রেশন স্যালাইন) স্যাশেট উৎপাদক প্রতিষ্ঠান এসিআই ভ্যাট ছাড়া সর্বোচ্চ খুচরা মূল্য প্রস্তাব করে ৫.২২ টাকা; ঔষধ প্রশাসন এই দাম অপরিবর্তিত রেখেছে। ক্লোরফেনিরামিন ২ এমজি/৫ এমএল সিরাপ (৬০ এমএল বোতল) উৎপাদক প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ভ্যাট ছাড়া সর্বোচ্চ দাম প্রস্তাব করেছে ১৩.০৪ টাকা; অথচ ঔষধ প্রশাসন এর দাম নির্ধারণ করেছে ১৭.৩৯ টাকা।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফার্মকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য তালিকাভুক্ত ১১৭টি ওষুধের দাম বাড়ানোর ক্ষমতা আছে সরকারের হাতে। এ ক্ষেত্রে ঔষধ প্রশাসনের আরও যাচাই-বাছাই করা প্রয়োজন ছিল। বেক্সিমকো বা স্কয়ারের মতো প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানসম্পন্ন ইনগ্রেডিয়েন্ট (কাঁচামাল) দিয়েই ওষুধ উৎপাদন করে। কারণ এসব প্রতিষ্ঠান বিভিন্ন দেশে রপ্তানি করে ওষুধ। তাই তারা যে দাম প্রস্তাব করেছে সেখানে তাদের ব্যয় ও মুনাফা নির্ধারণ করাই থাকে। কোম্পানি প্রস্তাবিত দামের চেয়ে বেশি দাম নির্ধারণের কোনো যৌক্তিকতা নেই।
জানা গেছে, গত ৩০ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ওষুধের মূল্য নির্ধারণ কমিটির ৫৮তম সভায় ওষুধের পুনর্নির্ধারিত দাম অনুমোদন করা হয়। এর আগে ২০১৫ সালে কয়েকটি কম্বিনেশনের মূল্য নির্ধারণ করা হয়েছিল। সেই হিসাবে সাত বছর পরে অতিপ্রয়োজনীয় ওষুধের মূল্য নির্ধারণ করা হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, মূল্য নির্ধারণের প্রস্তাবনা প্রণয়ন ও উপস্থাপনের সময় অধিদপ্তরের মহাপরিচালক বিদেশে ছিলেন। এই সময়ে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসাবে দায়িত্বে ছিলেন পরিচালক (প্রশাসন) মোস্তাফিজুর রহমান। সাধারণত ভারপ্রাপ্ত হিসাবে শুধু নৈমিত্তিক দায়িত্ব পালন করা যায়। তবে মোস্তাফিজুর রহমান ওষুধের দাম বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পন্ন করেছেন।
এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, নিয়মানুযায়ী ওষুধের দাম নির্ধারণ করা হয়েছে। মহাপরিচালকের প্রতিনিধি হিসেবেই পরিচালক (প্রশাসন) মোস্তাফিজুর রহমান এটি উপস্থাপন করেন। কিছু ওষুধের দাম প্রস্তাবিত দামের চেয়ে বেশি বলে মনে হচ্ছে। কিন্তু ওই মূল্য প্রস্তাবনাগুলো চার থেকে পাঁচ বছর আগের। ওই সময়ে কাঁচামালের যে দাম ছিল, এখন সেই দাম আরও বেড়েছে। তাই মূল্য সমন্বয় করেই দাম নির্ধারণ করা হয়েছে। অনেকে মনে করছেন, ঔষধ প্রশাসন কোম্পানিগুলোকে সুবিধা দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ঔষধ প্রশাসন সবকিছু পর্যালোচনা করেই এই দাম নির্ধারণ করেছে। যেখানে কোম্পানিগুলো প্রত্যাশিত দাম পায়নি।
ওষুধ প্রযুক্তিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এবিএম ফারুক বলেন, করোনাকালে পৃথিবীর বিভিন্ন দেশে ওষুধের দাম, এমনকি কাঁচামালের দামও বেড়েছে। আমাদের দেশের বেশিরভাগ ওষুধের কাঁচামাল বিদেশ থেকে আনা হয়। দাম বাড়ানোর ক্ষেত্রে যার প্রভাব পড়েছে। আমাদের দেশের এপিআই শিল্পপার্ক চালু করা সম্ভব হলে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো। তা ছাড়া দামের ক্ষেত্রে ওষুধের দোকানগুলোর অনৈতিক বাণ্যিজিক মনোভাব জড়িত। তারা কোনো ওষুধের চাহিদা বেশি দেখলেই, সেটার দাম বাড়িয়ে বিক্রি করে। যার প্রভাব পড়ে জনসাধারণের ওপরে। ওষুধের দোকানের এই অসৎ কার্যক্রম নিয়ন্ত্রণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।











