,

ট্রেনে ফিরতেও শেষ নেই ভোগান্তির

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক-বীমাসহ সব অফিস খুলে যাওয়ায় ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। কিন্তু রেলপথে কর্মস্থলে ফিরতে তাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় শুক্রবার অনেক যাত্রীকে ট্রেনের ছাদে অবস্থান নিতে দেখা যায়; কেউ কেউ দরজার লোহার রডে ঝুলে, কেউ কেউ ইঞ্জিনে বসে গন্তব্যে ফিরছিলেন। অনেকে স্ত্রী-সন্তানদের গ্রামে রেখে একাই ফিরেছেন ঢাকায়।

ভুক্তভোগীরা জানান, কেবল ট্রেনেই নয়, স্টেশনেও তারা ভোগান্তির শিকার হয়েছেন। বিভিন্ন স্টেশনে ট্রেন থেকে নামার পর কর্মরত একশ্রেণির আনসার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের হাতে নাজেহাল ও হয়রানির শিকার হতে হয়েছে। অভিযোগ রয়েছে, টিকিট তল্লাশির নামে যাত্রীদের কাছ থেকে তারা টাকা হাতিয়ে নিচ্ছেন।

শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। সরেজমিন রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঘুরে কয়েকটি আন্তঃনগর ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে নানা অভিযোগ পাওয়া যায়। শুক্রবার পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন থেকে সকাল ৯টায় বিমানবন্দর স্টেশনে নামেন অর্ধশত যাত্রী। ট্রেনের আজমল, মানিক, একাববরসহ ভুক্তভোগী কয়েকজন জানান, ঈদের ছুটি শেষ হওয়ায় ঢাকায় কর্মস্থলে ফিরতে হচ্ছে। কিন্তু যাত্রীদের চাপে ট্রেনের ভেতরে ঢোকার কোনো সুযোগ ছিল না। বাধ্য হয়ে ছাদে ও ইঞ্জিনে ঝুলে ফিরতে হয়েছে। তাদের অভিযোগ, বিমানবন্দর স্টেশনে নামার পর আনসারসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কর্মীদের হাতে তারা নাজেহাল হয়েছেন। একই ধরনের অভিযোগ করেছেন আরও কয়েকজন।

এদিন বিমানবন্দর স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সময়মতো না ছাড়ায় শতাধিক যাত্রী চরম ভোগান্তির শিকার হন। তারা জানান, ধূমকেতুর সকাল সোয়া ৬টায় রাজশাহীর উদ্দেশে বিমানবন্দর স্টেশন ছাড়ার কথা ছিল। কিন্তু সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওই ট্রেন না ছাড়ায় ভোগান্তির শিকার হন তারা। এ ট্রেন সম্পর্কে তথ্য জানাতে স্টেশন কর্মীদের অসহযোগিতার অভিযোগও উঠেছে।

এ ব্যাপারে বিমানবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান বলেন, টিকিট তল্লাশির নামে আনসারসহ নিরাপত্তা কর্মীদের হাতে যাত্রী হয়রানির বিষয়টি তার জানা নেই। তবে এ ধরনের অভিযোগ উঠলে জড়িত কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, বিভিন্ন আন্তঃনগর ট্রেন ছাড়ার নির্ধারিত সময় পার হলে স্টেশন থেকে মাইকে ঘোষণা দিয়ে যাত্রীদের অবহিত করা হয়।

ট্রেনের ছাদে ও ইঞ্জিনে যাত্রী ওঠা প্রসঙ্গে বিমানবন্দর স্টেশনের আরএনবির প্রধান কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, ট্রেনের ছাদে, বাম্পারে ও ইঞ্জিনে যাত্রী ওঠা নিষেধ থাকলেও অনেকে তা মানছেন না। ঈদ উপলক্ষে গন্তব্যে ফেরার চাপ বেশি থাকায় যাত্রীরা এভাবে ফিরছেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না