,

‘শিক্ষা খাতে টেকসই উন্নয়নে বিশ্ব নেতাদের একযোগে কাজ করতে হবে’

news-image

প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি : উচ্চপর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শিক্ষা খাতে বৈশ্বিক পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার প্যারিসে জাতিসংঘের শিক্ষাসংক্রান্ত বিশেষায়িত সংস্থা ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত দুদিনব্যাপী ‘রূপান্তরিত শিক্ষা’ শীর্ষ সম্মেলনের প্রাক-আয়োজনে উচ্চপর্যায়ের কমিটির সভায় তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, শিক্ষা খাতে টেকসই উন্নয়ন তখনই সম্ভব হবে যখন আমাদের বৈশ্বিক দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার থাকবে। এ জন্য তিনি বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানান।

বিশ্বব্যাপী শিক্ষা খাতের সর্বোচ্চ আন্তঃরাষ্ট্রীয় নীতি-নির্ধারণী পরিষদের উচ্চপর্যায়ের স্টিয়ারিং কমিটির লিডারস গ্রুপ সদস্য হিসেবে এ সম্মেলনের প্রাক-আয়োজনে অংশ নেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশ্বের ছয়টি ভৌগোলিক অঞ্চলের ১২জন শিক্ষামন্ত্রী এ গ্রুপের সদস্য। উচ্চপর্যায়ের এই বৈঠকে সিয়েরা লিওন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জুলিয়াস মাদা বায়ো এবং ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে আজোলে যৌথ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে সম্মেলনের প্রাক-আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি ভিডিও বার্তা দেন। বার্তায় তিনি শিক্ষাকে রূপান্তরের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ইথিওপিয়ার রাষ্ট্রপতি সাহলে-ওয়ার্ক জিউডে এবং সিয়েরা লিওনের রাষ্ট্রপতি জুলিয়াস মাদা-বায়োসহ ইউনেস্কো সদস্য রাষ্ট্রসমূহের শতাধিক মন্ত্রী এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

দিনের দ্বিতীয় ভাগে বাংলাদেশের শিক্ষামন্ত্রী রূপান্তরিত শিক্ষাবিষয়ক একটি পূর্ণাঙ্গ অধিবেশনে অন্যতম বক্তা হিসেবে যোগ দেন। আর্জেন্টিনা, লাটভিয়া ও চিলির শিক্ষামন্ত্রীসহ অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনাকালে মন্ত্রী একটি প্রযুক্তিনির্ভর ও সাশ্রয়ী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল শিক্ষাব্যবস্থা রূপান্তর এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের দূরদর্শী পদক্ষেপের কথা তুলে ধরেন।

প্যারিসের প্রাক এই শীর্ষ সম্মেলন শেষে একটি খসড়া প্রস্তবনা গৃহীত হবার সম্ভাবনা রয়েছে, যা আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য মূল শীর্ষ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ কার্যপত্র হিসেবে বিবেচিত হবে।

২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত টেকসই উন্নয়ন অভীষ্টের শিক্ষা সংক্রান্ত লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সমন্বয়কারী সংস্থা হিসেবে ইউনেস্কো এই প্রাক শীর্ষ সম্মেলন আয়োজন করে আসছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না