আজ থেকে শুরু হচ্ছে বর্ষা ঋতু
নিজস্ব প্রতিবেদক : গ্রীস্মের তাপপ্রবাহকে শীতল করতে এবার অনেক আগে থেকেই শুরু হয়েছে বৃষ্টি। মাঝে মাঝেই ঝড় আর বৃষ্টি এসে ভ্যাপসা গরমের মধ্যে প্রকৃতিকে বার্তা দিয়ে গেছে- বর্ষা আসন্ন। অবশেষে সেই অপেক্ষার পালা ফুরিয়ে আজ বুধবার থেকে শুরু হচ্ছে বর্ষা ঋতু। অর্থাৎ ১৪২৯ বঙ্গাব্দের ক্যালেন্ডার অনুযায়ী, আজ বর্ষার প্রথম মাস আষাঢ়ের প্রথম দিন। বৈষ্ণব কবির ভাষায়- ‘আষাঢ়স্য প্রথম দিবস’।
আষাঢ় ও শ্রাবণ- এ দুই মাস বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই মেঘ, বৃষ্টি, প্রেম, নতুন প্রাণ, জেগে ওঠার গান। মহাকবি কালীদাস তার ‘মেঘদূত’ কাব্যে আষাঢ়স্য প্রথম দিবসে বিরহ কাতর যক্ষ মেঘকে দূত করে কৈলাশে পাঠিয়েছিলেন তার প্রিয়ার কাছে। আবার বৃষ্টির শব্দে যক্ষের মতোই কবিগুরু রবীন্দ্রনাথের হৃদয় যেন এক অজানা বিরহে ভারাক্রান্ত হয়ে উঠত। তাই রবীন্দ্রনাথ কালীদাসের উদ্দেশে লিখেছিলেন- ‘কবিবর, কবে কোন বিস্মৃত বরষে/কোন পূণ্য আষাঢ়ের প্রথম দিবসে/ লিখেছিলে মেঘদূত। মেঘমন্দ্র শ্লোক বিশ্বের বিরহী যত সকলের শোক/রাখিয়াছ আপন আঁধার স্তরে স্তরে/ সঘন সংগীত মাঝে পূঞ্জীভূত করে।’ আষাঢ় মানেই সময়-অসময়ে ঝমাঝম বৃষ্টি, কর্দমাক্ত পথঘাট, খাল-বিলে থৈ থৈ পানি, নদীতে বয়ে চলা ছবির মতো পাল তোলা নৌকার সারি।
বর্ষার নতুন জলে স্নান সেরে প্রকৃতির মনও যেন নেচে ওঠে। ফুলে ফুলে শোভিত হয় প্রকৃতি। তাল তমাল শাল পিয়াল আর মরাল কপোতের বন বীথিকায় চোখে পড়ে বকুল, কদম, জারুল, পারুল, কৃষ্ণচূড়া ও রাঁধাচূড়াসহ অসংখ্য ফুল। তাই তো বর্ষা কবিদেরও ঋতু। বর্ষা নিয়ে কবিরা লিখেছেন অসংখ্য কবিতা-গল্প-গান। বাদলদিনের প্রথম কদম ফুল করেছ দান/আমি দিতে এসেছি শ্রাবণের গান- বর্ষা নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই আবেগময় প্রেমসিক্ত কথা ও সুর যেন সে কথাই বলে। একইভাবে কবি মাইকেল মধুসূদন দত্ত বর্ষার রূপকে ভাবনার তুলিতে বর্ণনা করেছেন এভাবে- ‘গভীর গর্জন করে সদা জলধর উথলিল নদ-নদী ধরনীর উপর/রমণী রমন লয়ে সুখে কেলি করে দানবাদি দেব যক্ষ সুখিত অনন্তরে।’ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ তার কবিতায় বলেছেন- ‘কেমন বৃষ্টি ঝরে-মধুর বৃষ্টি ঝরে-ঘাসে যে বৃষ্টি ঝরে- রোদে যে বৃষ্টি ঝরে আজ।’
আধুনিক কবিরাও নানাভাবে করেছেন বর্ষাবন্দনা। মহাদেব সাহা লিখেছেন- ‘বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি। শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদাবলী।’ নির্মলেন্দু গুণের কলমে খেলেছে- ‘গ্রীষ্ম চলিল, বর্ষা আসিল, আষাঢ়ে নামিল ঢল/বুনো পাখি সব ডাকে অবিরল : বাওয়া ক্ষেত করতল।/এই তো কখন নেমেছে বৃষ্টি, অবিরাম তবু ঝরছে/না পেয়ে উপায় রাখালের দল ভিজে ভিজে বাড়ি ফিরছে।’ অর্থাৎ বর্ষাবিহীন বাংলাদেশ ভাবাই যায় না। কবির কবিতায়, শিল্পীর সুরে-গানে, চারুশিল্পীর তুলির আঁচড়ে নকশীকাঁথার ফোঁড়ে ফোঁড়ে বর্ষার অপরূপ বর্ণনা, স্থিতি ও ব্যাপ্তি মূর্ত ও চিরকালীন হয়ে আছে।
এই ডিজিটাল যুগে এসেও বর্ষা নিয়ে মানুষের ভালোবাসায় এতটুকু কমতি হয়নি; বরং বেড়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে পাতার পর পাতা গল্প হয়তো রচিত হয় না; কিন্তু আষাঢ়ের বারিধারার সঙ্গে সঙ্গে নিউজ ফিড যেন ভিজে যায় অদৃশ্য বর্ষার জলে। বর্ষা উৎসব পালিত হয় দেশের বিভিন্ন শহরের সংস্কৃতাঙ্গনে। কয়েক বছর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বা লিচুতলায় উদযাপিত হতো বর্ষা উৎসব। কিন্তু করোনার মহামারীর দীর্ঘ ছোবল অনেকটা লণ্ডভণ্ড করে দিয়েছিল প্রাণের এসব উৎসবকে।
তবে আবারও সংস্কৃতি অঙ্গন ঘুরে দাঁড়িয়েছে। আবারও দীর্ঘ সময় পর পালিত হবে বর্ষা উৎসব। কাল বৃহস্পতিবার বাংলা একাডেমির নজরুল মঞ্চে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হবে বর্ষা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সবুজ চত্বরে জাতীয় বর্ষা উদযাপন পর্ষদ এই উৎসবের আয়োজন করেছে।











