‘মন্ত্র দিয়ে অভিনয় হয় না’
ছোটপর্দার অনন্য অভিনেত্রী তিনি। অনবদ্য অভিনয়ে দ্যুতি ছড়িয়েছেন বড়পর্দায়ও। বলছি জাকিয়া বারী মমর কথা। গত শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘রিফিউজি’। এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে অভিনয় করেছেন ‘সাহসিকা টু’ নামের ফিচার ফিল্মে। এসব নিয়েই কথা হয় মমর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন-
অভিনয়ে নিজেকে ভেঙে প্রতিবার নতুন করে তুলে ধরছেন। মন্ত্রটা কী?
মন্ত্র দিয়ে অভিনয় হয় না। কাজের প্রতি ভালোবাসা আর প্রতিনিয়ত নতুন করে নিজেকে উপস্থাপনের চেষ্টায় ভালো কিছু হয়। যে কাজ করছি, তার প্রতি ভালোবাসা এবং গল্প ও চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টাই জরুরি। এটা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য না হয়ে উঠলে সেই কাজ গ্রহণযোগ্য হয়ে ওঠে না। প্রতিনিয়ত চরিত্রের সঙ্গে মিশে গিয়ে ক্যামেরার সামনে অন্য মানুষ হয়ে ওঠার চেষ্টা করেছি। যখন থেকে মিডিয়ায় কাজ করে যাচ্ছি, এ কথাই শতভাগ মেনে চলার চেষ্টা করে গেছি।
গতানুগতিক গল্পের চেয়ে ‘রিফিউজি’র কাহিনি কতটা আলাদা?
বাংলাদেশে বসবাসরত বিহারি কমিউনিটির গল্প নিয়ে তৈরি সিরিজটিতে তাদের সংগ্রাম ও প্রতিকূলতার কথা উঠে এসেছে। এটি নির্মাণ করেছেন ইমতিয়াজ সজীব। সাম্প্রতিক সময়ে যে কয়েকটি কাজ করেছি, এর মধ্যে আমি ‘রিফিউজি’কেই এগিয়ে রাখব। কারণ কোনো কাজ শেষ হলে বোঝা যায়, প্রডাকশনটি কেমন হয়েছে। সেদিক বিবেচনায় আমার ধারণা, এই সিরিজটি দেখলে দর্শক ঠকবেন না। কারণ সব মিলিয়ে কাজটি ভালো হয়েছে। আশা করছি, দর্শকও আমার এই পরিশ্রমের মূল্যায়ন করবেন সিরিজটি দেখে।
এখন পর্যন্ত দর্শক সাড়া কেমন?
যারাই সিরিজটি দেখেছেন, তারাই নিজেদের ভালো লাগার কথা ব্যক্ত করেছেন। সহকর্মী আর শুভাকাক্সক্ষীরা আলাদা করে আমার অভিনয়ের প্রশংসা করেছেন।
সিরিজটির শুটিংয়ে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গিয়েছিলেন। বিহারি কমিউনিটি সম্পর্কে কতটা জানার সুযোগ হয়েছে?
কাজটি করতে গিয়ে দেখার সুযোগ হয়েছে, ওখানে জীবন আসলে কেমন। ওদের সম্পর্কে কমবেশি জানতাম, কিন্তু জেনেভা ক্যাম্পে গিয়ে এত কাছ থেকে আগে দেখা হয়নি। ‘রিফিউজি’র জন্য সে সুযোগটা পেয়েছি।
আফজাল হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
এর আগে ‘মর্নিং কফি’ শর্টফিল্মে একসঙ্গে অভিনয় করি আমরা। ওখানে তার চরিত্র ছিল অনেকটা হুমায়ূন আজাদের মতো, প্রগতিশীল ধরনের। আর আমার চরিত্রটি ছিল জঙ্গি, বিদেশি মানসিকতায় উদ্বুদ্ধ। আর ‘রিফিউজি’ সিরিজে ঘটেছে একেবারেই উল্টো। মনস্তাত্ত্বিক জায়গাটা, সামাজিক অবস্থান, জীবনবোধ- সব দিক দিয়ে ‘মর্নিং কফি’র একেবারেই উল্টো চরিত্র করেছি আমরা। আফজাল ভাইয়ের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা অসাধারণ। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। অনুপ্রাণিত হয়েছি।
গত বছরের ঈদুল আজহায় প্রচারিত ফিচার ফিল্ম ‘সাহসিকা’র সিক্যুয়াল আসছে এবারের ঈদে। এটি নিয়ে কিছু বলুন…
প্রথমটির মতো এবারের গল্পও একজন নারীকে কেন্দ্র করে। তবে গল্পে আগেরটির সঙ্গে কোনো মিল নেই। শুধু তাই নয়, দ্বিতীয় পার্টে এসে বদলে গেছে নির্মাতা-অভিনয়শিল্পী। কেন্দ্রীয় চরিত্রে আমার সঙ্গে আছেন শ্যামল মাওলা, তারিন ও শহীদুজ্জামান সেলিম। পরিচালনায় জিবরান তানভীর। এতে এমন একটি বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে- যা সমাজে অহরহ ঘটছে।
ইদানীং কাজ কমিয়ে দিয়েছেন। কারণ কী?
গল্প ভালো না লাগলে কাজ করি না। কারণ অভিনয়ে যে ম্যাচিউরিটি এসেছে, তাতে আমি দর্শকের কাছেও দায়বদ্ধ। সেই দায়িত্ব মাথায় ও মনে রেখেই কাজ করি। আজীবন তাই করে যেতে চাই।
চলচ্চিত্রের খবর বলুন…
কিছুদিন আগে খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা সাতজন’ ও অনন্য মামুন পরিচালিত ‘রেডিও’ সিনেমায় অভিনয় করেছি। ভিন্নধর্মী দুটি ছবিতে কাজের অভিজ্ঞতা ছিল অসাধারণ। মুক্তিযুদ্ধের সময় অবদান রাখা মেয়ের এক চরিত্রে আমাকে দেখা যাবে ‘ওরা সাতজন’-এ। এর আগে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো গল্পে আমার কাজ করা হয়নি, এটাই প্রথম। অন্যদিকে ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনাকে কেন্দ্র করে একটি গ্রামের কিছু মানুষের ঘটনা নিয়ে ‘রেডিও’র গল্প। এই ছবির মাধ্যমে রিয়াজ ভাইয়ের সঙ্গে এক যুগের বেশি সময় পর আবারও জুটি বেঁধেছি।











