একই চেয়ারে দিনের পর দিন পিকে-কাণ্ডের অভিযুক্তরা
জিয়াদুল ইসলাম
একই বিভাগে কর্মকর্তারা সর্বোচ্চ কতদিন দায়িত্ব পালন করতে পারবেন, তা অফিস আদেশের মাধ্যমে নির্দিষ্ট করা থাকলেও সেটির প্রতিপালন নেই বাংলাদেশ ব্যাংকে। এমনকি বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতিতে সহায়তাকারী বা দুর্নীতির দায়ে অভিযুক্ত কমকর্তাদেরও একই বিভাগে দীর্ঘসময় বহাল রাখার মতো ঘটনা ঘটছে।
সম্প্রতি একই বিভাগে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী মোহাম্মদ ফেরদৌস কবির নামের এক কর্মকর্তাকে অন্য বিভাগে বদলি করার পর বিষয়টি আবার সামনে আসে। কারণ আলোচিত পিকে হালদারের অর্থ লোপাটের ঘটনায় অভিযুক্তদের তালিকায় ফেরদৌস কবিরেরও নামও রয়েছে। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা বা তাদের আশীর্বাদপুষ্ট কর্মকর্তাদের বছরের পর বছর অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালনের জন্য রেখে দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তা এক বিভাগে দায়িত্ব পালন করতে পারবেন সর্বোচ্চ ৩ বছর। তবে পরিদর্শন বিভাগগুলোর ক্ষেত্রে তা সর্বোচ্চ ৫ বছর। কিন্তু এই নিয়মের প্রতিপালন হয় না বাংলাদেশ ব্যাংকেই। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকেই যদি নিয়মকানুন সঠিকভাবে প্রতিপালিত না হয়, তা হলে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কিভাবে বাণিজ্যিক ব্যাংক পরিচালনার দিকনির্দেশনা দেবে সংস্থাটি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজম্যান্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী আমাদের সময়কে বলেন, ‘এই দায়দায়িত্ব বাংলাদেশ ব্যাংককেই নিতে হবে। কারণ তারা অভিযুক্ত কর্মকর্তাদেরও সঠিক সময়ে বদলির পদক্ষেপ নেয়নি। দীর্ঘসময় একটা বিভাগে কর্মকর্তাদের বহাল রাখার বিষয়টি প্রশ্নের জন্ম দেয়। তা ছাড়া নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নিজেরাই যদি নিয়ম না মানে, তা হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের থেকে কী শিক্ষা নেবে।’
খোঁজ নিয়ে জানা যায়, প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) সাড়ে ৪ হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের চার কর্মকর্তাকে গত ২৪ জানুয়ারি জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ফেরদৌস কবির ১০ বছরের বেশি সময় ধরে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের দায়িত্বে ছিলেন। গত ২১ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগের এক আদেশে তাকে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) বিভাগে বদলি করা হয়। অপর তিনজনের মধ্যে দুজন এরই মধ্যে অবসরে চলে গেছেন। অবসরে যাওয়া ওই দুই কর্মকর্তাও একই বিভাগে টানা ১৫ বছরের বেশি চাকরি করেছেন। আর মো. হামিদুল আলম নামের সহকারী পরিচালক পদমর্যাদার অপর কর্মকর্তা পাঁচ বছর পার হলেও এখনো আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগেই বহাল আছেন।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম আমাদের সময়কে বলেন, ‘পিকে-কা-ে যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের নিয়মের বাইরে একই বিভাগে বহাল রাখা হয়েছে কিনা বা কেন বহাল রাখা হলো, সে বিষয়ে খোঁজ না নিয়ে কিছু বলা সম্ভব নয়।’
এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি পিকে হালদার নানা জালিয়াতির মাধ্যমে অন্তত চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা লোপাট করেছেন। প্রতিষ্ঠানগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)। পিকে হালদারের এ অর্থ লোপাটে সহায়তা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলম। এ বিষয়ে পিকে হালদারের সহযোগী ‘ইন্টারন্যাশনাল লিজিংয়ের’ সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক গত বছরের ২ ফেব্রুয়ারি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম চাপা দিতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন কর্মকর্তাদের পাঁচ থেকে সাত লাখ টাকা করে দিত রিলায়েন্স ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং। আর কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের তৎকালীন মহাব্যবস্থাপক শাহ আলমকে প্রতি মাসে দেওয়া হতো দুই লাখ টাকা করে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম-দুর্নীতি ‘ম্যানেজ’ করতেন সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। রাশেদুল হকের দেওয়া ওই জবানবন্দি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আর্থিক প্রতিষ্ঠানগুলো দেখভালের দায়িত্বে থাকা কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলমের বিভাগ বদল ছাড়া আর কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। প্রায় সাত বছর ধরে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বে ছিলেন। গত ৩১ জানুয়ারি তিনি অবসরে যান। আর এসকে সুর চৌধুরী ২০১৮ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর তাকে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা করা হয়েছিল। বর্তমানে তিনিও অবসরে। দুজনই আর্থিক প্রতিষ্ঠানগুলো তদারকির দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের আরেক গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের দায়িত্ব ছিলেন।
জানা যায়, বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং ও পিপলস লিজিংয়ের জাল-জালিয়াতির ঘটনায় জড়িত ব্যক্তিদের দায়দায়িত্ব নির্ধারণে আদালতের নির্দেশে গত বছরের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুরকে প্রধান করে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ নামে একটি কমিটি করা হয়। ওই কমিটি একই বছরের ১ অক্টোবর বিআইএফসির আর্থিক অনিয়মের ঘটনায় জড়িত ব্যক্তিদের দায়দায়িত্ব নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। তবে এখন পর্যন্ত ওই প্রতিবেদনটি আদালতে দাখিল করা হয়নি।











