সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিলাওয়াল ভুট্টোর পররাষ্ট্রমন্ত্রীত্ব নিয়ে দলে বিভক্তি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিলাওয়াল ভুট্টো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হওয়া নিয়ে তার দলে বিভক্তি দেখা দিয়েছে। তিনি দেশটির অন্যতম বৃহত্তম দল পাকিস্তান পিপলস পার্টি(পিপিপি)’র চেয়ারম্যান এবং সবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর পুত্র। তবে সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিলাওয়াল ভুট্টো বলেন, মন্ত্রিত্বের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে তাঁর দল। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পাকিস্তান মুসলিম লিগ(পিএমএলএন-নওয়াজ) এর জোট সরকারে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়ে আলোচনা চলছে। তবে এ নিয়ে তার নিজ দলে বিভক্তি দেখা দিয়েছে।

‘আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার অভিজ্ঞতা হবে বিলাওয়ালের। ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে ওই অভিজ্ঞতা তাঁর কাজে লাগবে বলে মনে করছে বিলাওয়ালকে পররাষ্ট্রমন্ত্রী করার পক্ষে দলের অংশটি।

অপরদিকে পিপিপির আরেকটি পক্ষ মনে করছে, শাহবাজ শরিফের অধীনে জোট সরকারে পররাষ্ট্রমন্ত্রী হওয়া ঠিক হবে না। তাহলে জোট সরকারের দ্বিতীয় বৃহত্তর দল হিসেবে পিপিপি প্রধান বিলাওয়ালের গুরুত্ব কমে যাবে। বিরোধিতার আরেকটি কারণ হলো, রাজনীতির মাঠে প্রধান প্রতিপক্ষ পিএমএল-এনের অধীনে দলের চেয়ারপারসন কাজ করবেন সেটি চান না পিপিপির অধিকাংশ কর্মী-সমর্থকেরা।

এদিকে দলের একজন জেষ্ঠ্য আইনপ্রণেতা বলেন, দেশের যেসব নাগরিক সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো কিংবা বেনজির ভুট্টোকে দেখননি, তাঁদের মধ্যে দলের গ্রহণযোগ্যতা তৈরিতে বিলাওয়ালের নতুন দায়িত্ব ভূমিকা রাখবে। তিনি মনে করেন, পররাষ্ট্রমন্ত্রী পদে দায়িত্ব পালন করে তাঁর যে অভিজ্ঞতা হবে, সেটি ভবিষ্যতে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হলে বিলাওয়ালের কাজে লাগবে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

সদ্যবিদায়ী ইমরানের মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিও জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে বিলাওয়ালকে শাহবাজের মন্ত্রিসভায় না নেওয়ার পরামর্শ দিয়েছেন।

শাহ মাহমুদ কোরেশি পিপিপি সরকারের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির আমলেও পররাষ্ট্রমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বলেন, জুলফিকার আলী ভুট্টোর নাতি বিলাওয়ালকে পররাষ্ট্রমন্ত্রী পদে মানাবে না। এ ছাড়া দলের কর্মীরাও এ সিদ্ধান্ত মানবেন না বলে মন্তব্য করেন তিনি।