রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাধ্যের বাইরে বাড়ির স্বপ্ন

news-image

রেজাউল রেজা
মহামারী করোনার ধকল কাটিয়ে অর্থনীতির চাকা সচল হওয়ার পাশাপাশি গত অক্টোবর থেকে নির্মাণ খাতে প্রাণ ফিরতে শুরু করলেও তাতে বাদ সেধেছে নির্মাণসামগ্রীর চড়া বাজার। অতীতের সব রেকর্ড ভেঙেছে রডের দাম। দেশের বাজারে প্রথমবারের মতো রডের টন ৯০ হাজার টাকায় পৌঁছেছে। একইভাবে লাফিয়ে বাড়ছে ইট, পাথর, বালুর দামও। বাড়তি বাজারে সিমেন্টের দাম আরও বাড়াতে চায় উৎপাদনকারীরা।

সংশ্লিষ্টরা বলছেন, গত দুই বছরের ব্যবধানে ভবন নির্মাণের ব্যয় লাগামহীনভাবে বেড়েছে। কেবল রড, সিমেন্ট, ইট, বালু, পাথর নয়; একই সঙ্গে থাই অ্যালুমিনিয়াম, গ্রিল-রেলিং, ইলেকট্রনিক ও স্যানিটেশনসামগ্রীর দামও অস্বাভাবিকভাবে বাড়ছে। বাড়তি ব্যয়ের চাপে ভবন নির্মাণকাজে স্থবিরতা নেমে এসেছে। ফ্ল্যাটের দাম বেড়েছে, বিক্রিও কমছে। এতে বিপাকে পড়েছেন নির্মাণ খাতে জড়িত ব্যবসায়ীরা। অন্যদিকে স্বল্প সঞ্চয়ীদের বাড়ি নির্মাণের বহুদিনের লালিত স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

লাগাতার বাড়তে থাকা নির্মাণ খরচের চাপ কুলিয়ে উঠতে না পেরে স্বপ্নের বাড়ি তৈরির কাজ শুরুর আগেই থামিয়ে দিতে বাধ্য হয়েছেন রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও এলাকার বাসিন্দা নুরু মোহাম্মদ গাজী। পেশাজীবনের সবটুকু সঞ্চয় দিয়ে সাড়ে তিন কাঠা জমিতে বসবাসের জন্য বাড়ি নির্মাণের কাজ হাতে নিয়ে কেবল ফাউন্ডেশন পর্যন্তই থেমে যেতে হয়েছে।

আমাদের সময়কে নুরু মোহাম্মদ বলেন, ধারণা করেছিলাম সব মিলিয়ে ৪৫ থেকে ৪৮ লাখের মধ্যে ভবনের ফাউন্ডেশন শেষ করতে পারব; কিন্তু নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় খরচ হয়ে গেছে ৫৪ লাখের বেশি টাকা।

নুরু বলেন, বাড়ির কাজ শুরুর সময় একেএস রডের টন ৬৮ হাজার টাকায় পেলেও তা মাঝে দাম বেড়ে হয় ৭৫ হাজার টাকা। রডের দাম ৮৮ হাজার ছাড়ানোর পর কাজ থামিয়ে দিয়েছি। এখন দাম ৯০ হাজারে কাছাকাছি। আগে এক ট্রাক ইট ২৭ হাজার ৫০০ টাকায় পেয়েছি। এখন ৩২ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। ট্রাকপ্রতি যমুনা বালুর দাম ৫ হাজার ৫০০ টাকা ছাড়িয়ে গেছে, সাড়ে ৬ হাজার টাকার নিচে পাকশি বালু পাওয়া যাচ্ছে না। গত বছর মাঝামাঝি পাথর প্রতি বর্গফুট ১৮৫ টাকায় পেলেও ফেব্রুয়ারিতে কিনেছি ২৪০-২৫০ টাকায়। এত চড়া বাজারে বাড়ি করা সম্ভব না। ফাউন্ডেশন শেষ করেই কাজ থামাতে বাধ্য হয়েছি।

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (রিহ্যাব) বলছে, দেশের বাজারে রড, ইট, বালু, সিমেন্ট, টাইলস, পাথর, থাই অ্যালুমিনিয়াম ও বৈদ্যুতিকসামগ্রী ছাড়াও অন্যান্য নির্মাণসামগ্রীর দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। নির্মাণসামগ্রীর বাড়তি এ দাম কুলিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন আবাসন উদ্যোক্তারা। ব্যক্তি উদ্যোগেও যারা ভবন নির্মাণ করছেন তারাও মাঝপথে কাজ থামিয়ে দিতে বাধ্য হচ্ছেন।

নির্মাণসামগ্রীর ওপর রিহ্যাবের এক জরিপে উঠে এসেছে, দুই বছরের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে রডের দাম। ২০২০ সালে যেখানে এক টন রডের দাম ৬৪ হাজার টাকা ছিল, এখন সেখানে খরচ হচ্ছে সর্বনিম্ন ৮৮ হাজার টাকা। চলতি মাসে যা ৯০ হাজার টাকায় ঠেকেছে। বাংলাদেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ দাম। দুই বছর আগে ভালো মানের সিমেন্ট ৪০৫ টাকায় এক বস্তা সিমেন্ট কেনা গেলেও এখন তা ৪৬০ টাকা। দুই বছরের বালুর দাম বেড়ে প্রায় চারগুণ হয়েছে। ইটের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। পাথরের প্রতি বর্গফুটের পেছনেও খরচ ৮০ টাকা বেড়েছে। ২০২০ সালে থাই অ্যালুমিনিয়ামের পেছনে খরচ প্রতি বর্গফুটে ২৫০ টাকা ছিল, এখন খরচ হচ্ছে ৪২০ টাকা পর্যন্ত। একইভাবে গ্রিল-রেলিং, পিভিসি পাইপ, স্যানিটারি ফিটিংস ও ইলেকট্রনিকসামগ্রীর দামও বেড়েছে।

রিহ্যাবের সহসভাপতি কামাল মাহমুদ আমাদের সময়কে বলেন, রড-সিমেন্টসহ সব উপকরণের দাম অস্বাভাবিক পর্যায়ে বাড়ায় অস্থিরতা তৈরি হচ্ছে আবাসন শিল্প খাতে। ক্রমবর্ধমান দামের কারণে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে নির্মাণকাজ। স্থবিরতা নেমে এসেছে এ খাতে। অতিরিক্ত খরচের চাপে অনেক প্রজেক্টের কাজ মাঝপথে থেমে আছে। এভাবে দাম বাড়তে থাকলে কাজের দীর্ঘসূত্রতা আরও বাড়বে, যা আবাসন উদ্যোক্তাদের জন্য বড় উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়। এ কারণে শুধু আবাসন খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবে না বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজেও স্থবিরতা নেমে আসবে।

তিনি আরও বলেন, আমরা হিসাব করে দেখেছি, অতি সম্প্রতি বৃদ্ধিপ্রাপ্ত রড, সিমেন্টসহ অন্য নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে প্রতি বর্গফুটে নির্মাণ ব্যয় বেড়েছে ৩৭০ থেকে ৪০০ টাকা। ৫০/৫০ অনুপাতে ডেভেলপারের খরচ বেড়েছে প্রায় ৭৪০ থেকে ৮০০ টাকা। বাড়তি খরচের কারণে গত দুই বছরে ফ্ল্যাটের দাম বেড়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। দাম বাড়ায় ফ্লাট বিক্রিও ৩০ শতাংশ পর্যন্ত কমেছে।

নির্মাণসামগ্রীর অব্যাহত দাম বৃদ্ধিতে আবাসন খাতের শিল্পোদ্যোক্তারা দুশ্চিন্তায় রয়েছেন বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর নির্মাণ খাতবিষয়ক স্ট্যান্ডিং কমিটি। গত বছরের শেষে কমিটি জানিয়েছে, করোনার প্রকোপ কমে আসায় নির্মাণ খাত ঘুরে দাঁড়ানোর আশা করেছিলেন এ খাতের শিল্পোদ্যোক্তারা; কিন্তু নির্মাণসামগ্রীর অব্যাহত দাম বৃদ্ধিতে উল্টো বিপাকে পড়েছেন। নির্মাণসামগ্রীর দাম প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। এতে খাতসংশ্লিষ্টদের বড় লোকসানে পড়তে হচ্ছে। বর্তমানে মূল্যবৃদ্ধির এ হার ৩০ শতাংশ হয়েছে বলে মনে করেন এফবিসিসিআইয়ের পরিচালক ইকবাল হোসেন চৌধুরী।

এফবিসিসিআইয়ের পরিচালক ও জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী আমাদের সময়কে বলেন, করোনার ফলে এক বছরেরও বেশি সময় ব্যবসা বন্ধ ছিল। ভাইরাসের প্রকোপ কমায় ঠিক যখন ব্যবসায় ফিরতে শুরু করেছি, তখনই নির্মাণসামগ্রীর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একদিকে করোনায় মানুষের আর্থিক সামর্থ্য হ্রাস পাওয়ায় ফ্ল্যাটের ক্রেতা অর্ধেক কমে গেছে, অন্যদিকে ভবন নির্মাণ খরচ যে হারে বেড়েছে তাতে ফ্ল্যাটের দাম ৩০-৩৫ শতাংশ পর্যন্ত বাড়াতে হচ্ছে। কিন্তু এ দামে কেউ ফ্ল্যাট কিনবেন না। তাই বাধ্য হয়ে বর্তমানে আমার প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট বিক্রি বন্ধ রেখেছি।

তিনি আরও বলেন, নতুন প্রজেক্ট দূরে থাক, চলমান প্রজেক্ট শেষ করতেই হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে যেসব ফ্ল্যাট বিক্রি করা হয়েছে সেগুলো শেষ করতে বাড়তি টাকা খরচ হচ্ছে আমাদের। যেভাবে রড, সিমেন্ট, থাই অ্যালুমিনিয়াম, ইলেকট্রনিক ও স্যানিটেশন ফিটিংসের দাম বাড়ছে তাতে আমাদের লোকসানের পরিমাণটাও বাড়ছে।

নির্মাণ খাতে বর্তমানে সবচেয়ে বেশি ভোগাচ্ছে রডের দাম। বাজারে ভালো মানের ৬০ গ্রেডের এক টন রড কিনতে খরচ করতে হচ্ছে ৯০ হাজার ২০০ টাকা পর্যন্ত। এলাকা ও দোকানভেদে কোথাও কোথাও এর বেশি দামেও বিক্রি হচ্ছে। দেশের বাজারে এটাই এখন পর্যন্ত রডের সর্বোচ্চ দাম। চলতি মাসের শুরুতে যা পাওয়া গেছে ৮৮ হাজার টাকায়। দুই বছর আগে এ রড ৬৪ থেকে ৬৬ হাজার টাকাতেও পাওয়া গেছে বলে জানান নির্মাণসামগ্রীর ব্যবসায়ী মো. ফরহাদ হোসেন।

রাজধানীর যাত্রাবাড়ীর মেসার্স ফরহাদ এন্টারপ্রাইজের এ ব্যবসায়ী বলেন, রডের দাম রেকর্ডের পর রেকর্ড করছে। সপ্তাহখানেকের ব্যবধানে টনপ্রতি ২ থেকে ৩ হাজার টাকা বেড়ে গেছে। এর আগে চলতি মাসের শুরুতে টনপ্রতি ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বেড়ে দাম ৮৮ হাজার টাকায় উঠে। কেবল রডের পেছনেই লাখ-লাখ টাকা খরচ করে ক’জন আর বাড়ি বানাতে পারে। মিল থেকে বলা হচ্ছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে নাকি দাম এমনটা বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নির্মাণসামগ্রীর বাজারে সমন্বয়ের ব্যাপক অভাব রয়েছে। এর সুযোগ নিয়ে ব্যবসায়ীরা খেয়াল-খুশিমতো দাম বাড়াচ্ছেন। বর্তমানে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অজুহাতে হু-হু করে দাম বাড়ছে। রিহ্যাবের সহসভাপতি কামাল মাহমুদ বলেন, নির্মাণসামগ্রীর বাণিজ্যে সরকারের নজর এড়িয়ে ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। ইউক্রেন-রাশিয়ার ইস্যুতে অতিরিক্ত হারে রডের দাম বাড়ানো হচ্ছে। যাচাই করলে দেখা যাবে প্রকৃত দাম এত বাড়ার কথা নয়। ব্যবসায়ীরা যোগসাজশ করে দাম বাড়াচ্ছেন।

দামের বিষয়ে জানতে চাইলে রাজধানীর একটি স্টিল মিলের চেয়ারম্যান আমাদের সময়কে বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে কাঁচামালের দাম বেড়ে গেছে। এ জন্য দাম বাড়তি। অনেক স্টিল মিল এখন রড উৎপাদন কমিয়ে দিয়েছেন। কারণ যে কোনো সময় দাম কমে যেতে পারে। তখন বাড়তি দামের কাঁচামালের উৎপাদিত রডের দাম পাওয়া যাবে না- এমন ভাবনায় অনেক স্টিল মিল, বিশেষ করে ছোট মিলগুলো উৎপাদন কমিয়ে দিয়েছে। যার ফলে বাজারে একটা অস্থিরতা দেখা দিয়েছে।

স্টিল মিল মালিকরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে প্রতি টন স্ক্র্যাপ বা পুরনো লোহার টুকরার দাম ছিল ৫৭০ ডলার, যা এখন বেড়ে ৭০০ ডলারে পৌঁছেছে।

শাহরিয়ার স্টিল মিলের ব্যবসায়ী আলম মাসুদ বলেন, ‘রডের বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে তাতে বলা মুশকিল সামনের দিনগুলোয় দাম কোন পর্যায়ে যায়। দাম বাড়ার কারণে রডের বিক্রি অনেক হারে কমে গেছে। এতে দাম কমেও যেতে পারে।

সরকারি সংস্থা ট্রেড করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবও বলছে, গ্রেডভেদে প্রতি টন রডের দাম মাসের ব্যবধানে ১০ দশমিক ৫৪ শতাংশ পর্যন্ত বেড়েছে এবং বছরের ব্যবধানে বেড়েছে সাড়ে ২৪ শতাংশ পর্যন্ত।

বাজারবিশ্লেষকরা বলছেন, দেশ অবকাঠামোগত উন্নয়নে অনেক দূর এগোলেও নির্মাণসামগ্রীর বাজারে সরকারের নজরদারির বড় ঘাটতি রয়েছে। এ সুযোগে কিছু প্রতিষ্ঠিত কোম্পানি যোগসাজশ করে মুনাফা করছেন।

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি আমাদের সময়কে বলেন, নির্মাণসামগ্রীর দাম অসহনীয় পর্যায়ে পৌঁছে গেলে স্বাভাবিকভাবেই আবাসন খাতসহ ব্যক্তি পর্যায়ে নির্মাণকাজ স্থবির হয়ে পড়বে। বর্তমানে রেকর্ড দামে রড বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে কাঁচামালের দাম বেড়েছে ঠিকই তবে সে তুলনায় দেশের বাজারে দামটা বেশিই বেড়েছে। মূল্য সমন্বয়ে সরকারকে নজর দিতে হবে। তিনি আরও বলেন, রড-সিমেন্ট-স্টিলের মতো গুরুত্বপূর্ণ সামগ্রীগুলোর বাজার দেশের কিছু বড় প্রতিষ্ঠানের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। সরকারের উচিত এসব গুরুত্বপূর্ণ সামগ্রী ন্যায্য দামে বিক্রি হচ্ছে কি না তা যাচাই করা। এদিকেও সরকারের কড়া নজরদারি প্রয়োজন।

এদিকে সিমেন্টের দামও বাড়তে চাচ্ছেন উৎপাদনকারীরা। বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সূত্রে জানা গেছে, সিমেন্টের কাঁচামাল ও আমদানির ক্ষেত্রে খরচ বেড়েছে। এ ছাড়া জ্বালানির বাড়তি দামও অন্যতম কারণ। এতে সিমেন্টের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করার কথা ভাবছে উৎপাদনকারীরা।

সম্প্রতি বিসিএমএ সভাপতি মো. আলমগীর কবির গণমাধ্যমকে জানান, কাঁচামালসহ জাহাজভাড়া বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেও দেশীয় বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সিমেন্ট কোম্পানিগুলো বড় লোকসান গুনছে। এ অবস্থা বেশিদিন চললে ক্ষতির পরিমাণ বাড়বে। সুতরাং মূল্য সমন্বয় করার কোনো বিকল্প নেই।

এদিকে রাজধানীর একাধিক ব্যবসায়ী জানান, ইতোমধ্যেই বাজারে সিমেন্টের দাম বাড়তে শুরু করেছে। এখন যে সিমেন্টের বস্তা ৪৫০ থেকে ৪৬০ টাকা সেটা ৪৮০ টাকাতেও বিক্রি হচ্ছে কোথাও কোথাও। রাজধানীর কদমতলী এলাকার বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল ট্রেডিং করপোরেশনের ব্যবসায়ী মাহমুদুল হাসান আমাদের সময়কে বলেন, মাস খানেক আগেও ফ্রেশ, মেঘনা, শাহ সিমেন্টের বস্তা ৪০৫-৪১০ টাকা ছিল। এখন তা ৪৬০ টাকার নিচে বিক্রি করা যাচ্ছে না। কোম্পানির লোক জানিয়ে দিয়েছে সপ্তাহখানেকের মধ্যে এ দাম আরও বাড়বে।

রিহ্যাবের জরিপ বলছে, প্রতি পিস ইটে এখন খরচ করতে হচ্ছে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত। দুই বছর আগে যা ৮ টাকায় পাওয়া গেছে। মৌসুমের মঝেও ইটের বাড়তি দামের বিষয়ে ইটভাটা মালিক সমিতি জানিয়েছে, ইট পোড়াতে কয়লার প্রয়োজন এবং কয়লার দাম এখন অনেক বাড়তি। এর প্রভাব ইটের দামে পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিনল্যান্ড দিচ্ছে ২০ লাখ ইউরো রোহিঙ্গাদের জন্য

নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু