রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেলাল খানের নাম বাদ দিতে আইনি নোটিশ

news-image

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এর বিজয়ীদের নাম সম্প্রতি ঘোষণা করা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা বিতর্ক। এবার এতে যোগ হলো আরও একটি বির্তক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়, ‘হৃদয় জুড়ে’ সিনেমার ‘বিশ্বাস যদি যায় রে’ গানের জন্য বেলাল খান ‘শ্রেষ্ঠ সংগীত পরিচালক’ পুরস্কার পেতে যাচ্ছেন।

কিন্তু এর বিরোধিতা করছেন এম এ রহমান নামের আরেক সংগীত পরিচালক। তিনি নিজেকে গানটির প্রকৃত সংগীত পরিচালক দাবি করছেন এবং বেলাল খানের নাম বাদ দিতে আইনি নোটিশও পাঠিয়েছেন। তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মেজবা উদ্দীন শরীফ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, মোহাম্মদ আশিকুর রহমান ওরফে এম এ রহমান প্রায় ১০ বছর ধরে সফলতার সঙ্গে বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন। এ পর্যন্ত তার সংগীত পরিচালনায় প্রায় দুই শতাধিক গান প্রকাশ পেয়েছে। এম এ রহমানের সংগীত পরিচালনায় বেলাল খানের প্রায় ত্রিশটি গানের কাজের মাধ্যমে ঘনিষ্ঠতা হয়। তারই ধারাবাহিকতায় এম এ রহমান ২০১৯ সালে নভেম্বরে ‘হৃদয় জুড়ে’ সিনেমায় বেলাল খানের গাওয়া ‘বিশ্বাস যদি যায়রে ভেঙে’ গানটির সংগীত পরিচালনা করেন। কিন্তু গত ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এর প্রজ্ঞাপনের ১৩ নং ক্রমিকে বর্ণিত সংগীত পরিচালক হিসেবে তার নামের পরিবর্তে বেলাল খানের নাম প্রকাশ করা হয়েছে। অথচ এই গানটি সম্পূর্ণ এম এ রহমানের সংগীত পরিচালনায় সৃষ্টি হয়েছে, যাহা সংশোধন হওয়া একান্ত প্রয়োজন।

আইনি নোটিশে আরও দাবি করা হয়েছে, উক্ত গানটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর এম এ রহমান প্রতিবাদ করিলে বেলাল খান তাকে মনগড়া (অ্যারেঞ্জার) শব্দের সঙ্গে পরিচিত করান এই বলে যে, ‘সংগীত পরিচালকের আধুনিক অর্থ অ্যারেঞ্জার অর্থাৎ তুমিই তো এই গানের সংগীত পরিচালক’। এছাড়াও ‘পাষাণ’ সিনেমায় ‘যদি কখনো’ শিরোনামের গানে সংগীত পরিচালক হিসেবে এম এ রহমানের নামের পরিবর্তে বেলাল খান তার নাম ব্যবহার করেছেন। তখন প্রতিবাদের মুখে বেলাল খান উক্ত গানটি নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকৃত সংগীত পরিচালক এম এ রহমানের নাম প্রকাশ করেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

এদিকে এম এ রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘বেলাল খান শুধু আমাকে গানের সুর দিয়েছেন। সংগীত পরিচালনা আমি নিজ থেকেই করেছি। বেলাল খান শুধুই সুরকার ও গায়ক। এটা মিডিয়ার সবাই জানেন। তিনি কী করে এই গানের সংগীত পরিচালক দাবি করেন? আমি পুরস্কার চাই না। যারা সংগীত পরিচালনার কিছুই জানেন না, আমাদের মতো সংগীত পরিচালককে দিয়ে গান তৈরি করে তারা নিজেরা ক্রেডিট নেন। এটা অন্যায়।’

অন্যদিকে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বেলাল খান বলেন, ‘শুধু অন্যকে ছোট করতে তিনি (এম এ রহমান) এ কাজটি করছেন। যারা সংগীতে কাজ করেন, তারা ভালো করেই জানেন কীভাবে গান সম্পন্ন হয়। গানটিতে বাবু ও মীর মাসুদ ভাইয়ের মতো এম এ রহমানও একজন অ্যারেঞ্জার হিসেবে যুক্ত ছিলেন। কেউ যদি একটা স্ট্রিং বাজান আর দাবি করেন, তিনি সংগীত পরিচালক- তাহলে তো হবে না। এটা হাস্যকর।’

উদাহরণ টেনে বেলাল খান আরও বলেন, ‘“আম্মাজান” গানে বাদ্যযন্ত্র বাজিয়েছেন শওকত আলী ইমন ভাই। কিন্তু তাই বলে তো তিনি তার সংগীত পরিচালক নন। সংগীত পরিচালক ছিলেন প্রয়াত স্যার আহমেদ ইমতিয়াজ বুলবুল। আরেকটি কথা, ‘বিশ্বাস যদি যায় রে’ গানটি প্রকাশিত হয়েছে আড়াই বছর আগে। এত পরে কেন তিনি (এম এ রহমান) প্রতিবাদ করছেন? কারণটা কিন্তু জাতীয় পুরস্কার। হয়তো বিতর্ক সৃষ্টি করে এই পুরস্কারটা বাতিল করতে পারেন, কিন্তু আমি পিছু পা হবো না।’

সবশেষ বেলাল খান জানান, মান-মর্যাদা ক্ষুণ্ণ করায় তিনিও এম এ রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।