পুরনো গান গেয়ে জাতীয় পুরস্কার পাচ্ছেন কণ্ঠশিল্পী!
তারেক আনন্দ
‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’- এ সুর, এ কথা যখন ভেসে আসে, তখন মনে পড়ে যায় ‘অবুঝ হৃদয়’ ছবির রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠ। চোখে ভাসে জাফর ইকবাল ও ববিতার রোমান্টিক দৃশ্য। চিরচেনা এ গানটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল। কথা, সুর, সংগীত ও গায়কীর কারণে গানটি হয়েছে কালজয়ী।
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমার গানের জন্য ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল! আসলেই কি তাই! এও কি সম্ভব? তাই হতে যাচ্ছে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের গানে।
২০২০ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ছবি ‘বীর’। এ ছবিতে ‘অবুঝ হৃদয়’ ছবির ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ গানের ব্রিজলাইনটুকু নিয়ে ‘বীর’ সিনেমার জন্য নতুন করে কথা লেখেন কবীর বকুল। ভারতের সংগীত পরিচালক আকাশ সেনের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দেন ইমরান ও কোনাল। ছবি মুক্তির পরই এই গান নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। বরেণ্য সংগীত ব্যক্তিত্বরা জনপ্রিয় গানের দুই লাইন নিয়ে নতুন করে সিনেমায় ব্যবহার করাটাকে দেখেন নেতিবাচক হিসেবে। আর সেই গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন কোনাল। জারি করা প্রজ্ঞাপনে গানটির নাম ‘ভালোবাসার মানুষ তুমি…’ থাকলেও আসলে সেই গানটিই হলো ‘তুমি আমার জীবন’। এস কে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি ‘তুমি আমার জীবন’ নামেই প্রকাশ হয়েছে। গতকাল পর্যন্ত এই নামেই আছে ইউটিউবের থাম্বলাইন ও ইনফরমেশনে। এখানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা গান থেকে যে দুটি লাইন ব্যবহার করা হয়েছে নতুন গানে সেটিরও কোনো স্বীকৃতি দেওয়া হয়নি!
পুরনো গান থেকে দুই লাইন ব্যবহার ও সেই গান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি কতটা যুক্তিসঙ্গত এ নিয়ে কিংবদন্তি গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান বলেন, ‘যাদের সক্ষমতা আছে তারা অন্যের জিনিস গ্রহণ করে না। এগুলো হচ্ছে অক্ষমতার চূড়ান্ত অবক্ষয়। অক্ষম ব্যক্তিরাই এগুলো করছে। কিছুটা জুড়ে দেওয়া হলো অক্ষমতা। এদের মধ্যে সৃজনশীল বলতে কিছু নেই। কেন যে তারা এগুলো করছে, এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। এটা অসাধু চিন্তা, অসাধু ব্যবসায়িক চিন্তা। আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
গীতিকবি ও সংগীত-গবেষক ড. তপন বাগচী এ নিয়ে বলেন, রবীন্দ্রনাথের কিংবা আহমেদ ইমতিয়াজ বুলবুলের গানের কিংবা কবিতার আস্থায়ীর দুই লাইন নিয়ে নিজের মতো করে একটি গান লেখা হলে তার একক কৃতিত্ব কেউ দাবি করতে পারেন না। একক নামে যদি প্রচারিত হয়, তবে তা নৈতিক নয় এবং চুরি। কোনাল যে গান গেয়ে পুরস্কার পেলেন, সেই গান নিয়ে উত্থাপিত অভিযোগ যদি সত্য হয়, তার জন্য কোনালকে দায়ী করা ঠিক হবে না। দায়ী হবেন গীতিকার, সুরকার এবং অবশ্যই পুরস্কার প্রদানকারী কমিটি। যদি কেউ একবার এক লাইনও চুরি করে থাকেন, তবে তিনি সারাজীবনের জন্যই এই অপবাদ বহন করবেন। আর যিনি বারবার চুরি করে থাকেন, তবে তাকে কী বলা যায়, আমার জানা নেই। গীতিকবি, সুরকার, কণ্ঠশিল্পী এবং চলচ্চিত্র পরিচালকদের উচিত হবে, নিজেদের অবস্থান পরিষ্কার করা। এবং চুরির অভিযোগ প্রমাণ হলে, সেই গান চলচ্চিত্র থেকে বাদ দেওয়া উচিত বলে আমি মনে করি। না হলে সুরকার, কণ্ঠশিল্পী এবং চলচ্চিত্র পরিচালকও এই অভিযোগের দায় বহন করবেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এর জুরিবোর্ডের সম্মানিত সদস্য ছিলেন চিত্রনায়ক রিয়াজ। ‘তুমি আমার জীবন’ গানটি কীভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এ নিয়ে কথা হয় তার সঙ্গে। চিত্রনায়ক রিয়াজ বলেন, আমরা যারা জুরিবোর্ডে ছিলাম তাদের কাজ হলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রিপোর্ট প্রদান করা। এর পর মন্ত্রণালয় যখন বিচার-বিশ্লেষণ করে থাকেন তখন জুরিবোর্ডের সঙ্গে আলোচনাও হয় না। জুরিবোর্ডের কোনো এখতিয়ারও থাকে না। আপনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তরও আমার কাছে নেই। এখানে ১০০% পুরস্কার যে জুরিবোর্ডের এখতিয়ারে হয় সেটা নয়। এ দায় জুরিবোর্ডের একার ওপর বর্তায় না। জুরিবোর্ড যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত সব সময় বাস্তবায়ন হয় না। যেহেতু জুরিবোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত না তাই আমি এই দায় জুরিবোর্ডের সদস্য হিসেবে নিতে চাই না।
জনপ্রিয় গানের দুই লাইন নিয়ে নতুন করে গান লেখা প্রসঙ্গে গানটির গীতিকার কবীর বকুল বলেন, এটা আমার চিন্তা না, ছবির প্রডিউসার ইকবাল ‘অবুঝ হৃদয়’ ছবির ওই গান থেকে দুই লাইন ব্যবহার করতে চান রেফারেন্স হিসেবে। এটাকে অ্যাডাপটেশন বলে। আমার কথার সঙ্গে নরমালি যদি সুরটা না আসত, তা হলে নতুন গানই মনে হতো। প্রডিউসার চেয়েছে ওই সুরটা রাখতে। প্রডিউসার ও শাকিব খানের ডিমান্ড। আমি তোমায় ভালোবাসি- এটা তো জাতীয় সংগীতের লাইন। এই কথা অনেক গানে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন সুরের কারণে নতুন মনে হয়। ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’- এটা আমি অনেক গানেই ব্যবহার করতে পারি। সুরটা যদি ব্যবহার না হতো, তা হলে কেউ বলতে পারত না যে এটা পুরনো গান থেকে নেওয়া হয়েছে। এমন অনেক উদাহরণ আছে, পুরোনো গান থেকে লাইন নিয়ে নতুন করে গান তৈরির। এতে আমি দোষের কিছু দেখি না। সারাবিশ্বে এমন হয়ে থাকে।
তুমি আমার জীবন গানের জন্য কীভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শিল্পী- সেটিই এমন হাস্যকর ঘটনার জন্ম দিয়েছে। এমনকি পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকের মতে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কি এতই সস্তা হয়ে গেল!











