বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণিল আয়োজনে বসন্তবরণ

005326n1নগরের ডিসি হিলে ‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’, বহদ্দারহাট বাস টার্মিনালের পাশে স্বাধীনতা পার্কে ‘এসো প্রাণের উচ্ছ্বাসে’ স্লোগানে শনিবার দিনভর বর্ণিল আয়োজনে বসন্তবরণ করা হয়। জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আহা আজি এ বসন্তে এতো ফুল ফুটে…।’ গানটির সঙ্গে গলা মেলান উপস্থিত সবাই। ওই সময় এক অনন্য সুন্দর পরিবেশ সৃষ্টি হয় সেখানে। এছাড়া সিআরবির শিরিষতলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নগরজুড়ে ছিল কবিতা, গান, নৃত্য, আবৃত্তি, বাউলগীতি, ছড়াপাঠসহ নানা আয়োজন। বিকেলে বসন্ত শোভাযাত্রায় নামে মানুষের ঢল। এদিকে আজ রবিবার ‘বিশ্ব ভালোবাসা দিবস’ ঘিরেও চলছে তরুণ-তরুণীর নানা আয়োজন। অভিজাত হোটেলগুলোতে রয়েছে দুদিন ধরে বিশেষ অনুষ্ঠান।

ঋতুরাজ বসন্তের প্রথম দিনে উৎসবের নগরীতে পরিণত হয় চট্টগ্রাম। শিশু-কিশোরী-তরুণীসহ বিভিন্ন বয়সের নারীরা বাসন্তী রঙে নিজেদের রাঙিয়ে তুলেন। তাঁদের শাড়ির সঙ্গে চুলের খোঁপায় গাঁদা ফুল ও ফুলের মালা, কপালে বাসন্তী রঙের টিপ। কিশোর-তরুণসহ নানা বয়সী ছেলেরা রঙ-বেরঙের পাঞ্জাবি, টি-শার্ট পরে আসেন ঘরের বাইরে। মোবাইল, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনিময় হয় বসন্তের শুভেচ্ছা।

পতেঙ্গা সমুদ্রসৈকত, বিমানবন্দর সড়কের কর্ণফুলী তীর ঘেঁষে নেভাল এলাকা, আগ্রাবাদ শিশুপার্ক, কাজির দেউড়ি শিশুপার্ক, ফয়’স লেক, চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র ছিল লোকে লোকারণ্য। ডিসি হিলের বইমেলায় উপচে পড়া ভিড়। পহেলা ফাল্গুন উপলক্ষে অনুষ্ঠান নিয়ে মেতে ওঠে হাজারো প্রাণ।

ডিসি হিলে আড্ডায় মুখর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজীব, রায়হান, স্বপ্লিল, বর্ণিলসহ তাঁদের কয়েকজন সহপাঠী। রায়হান বলেন, ‘বসন্ত হল প্রাণের কলরব, বসন্ত মানে পূর্ণতা।’ বর্ণিল বলেন, ‘গত তিন বছর ধরে আমরা সহপাঠীরা একসঙ্গে বসন্তের প্রথম দিনে অনুষ্ঠান উপভোগ করি।’

শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ : শনিবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে ঋতুরাজ বসন্ত উৎসবের উদ্বোধন হয়। বাদ্যযন্ত্রীরা ঢোল-তবলায় উৎসবমুখর করে তুলেন একাডেমি প্রাঙ্গণ। অনুষ্ঠানস্থলের চারদিকে ঘুরে ঘুরে বসন্তকে স্বাগত জানান তরুণ-তরুণীরা। তরুণদের গায়ে হলুদ পাঞ্জাবি, মাথায় ফিতা, তরুণীরা পরেছেন লাল পেড়ে হলুদ শাড়ি, খোঁপায় গুঁজেছেন গাঁদা ফুলের মালা। শুধু কি তরুণ-তরুণী! উৎসবে শিশু সন্তানকে নিয়ে এসেছেন বাবা। মাকে নিয়ে এসেছেন ছেলে। বসন্তকে ঘিরে তরুণ-প্রবীণের মিলনমেলা বসে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে।

উদ্বোধনের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই নৃত্য নিয়ে আসেন শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল। তাঁরা লাগে দোল পাতায় পাতায় গানের তালে নৃত্য পরিবেশন করেন। এরপর সংগীত ভবনের শিল্পীরা পরিবেশন করেন সমবেত গান।

কবি শাহিদ আনোয়ার ও সেলিনা শেলী আবৃত্তি করেন কবিতা। তবে তারুণ্যের আবেগ যেন সবচেয়ে বেশি টেনেছে কাজী মাহাতাব করিমের গানে। সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ‘যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার’ গানটি যখন মাহাতাব করিমের কণ্ঠে ভর করছিল তখন তাঁর সঙ্গে সুর মেলান তরুণ-তরুণীরা। এ গানের পরে সুরের ঢংয়ে কবি বেলায়েত হোসেন পরিবেশন করেন ‘পালকি চলে’ ও ‘বাসন্তী’ কবিতা দুটি। এর পর শিশুশিল্পী সুমাইয়া ইসলাম পরিবেশন করে ‘প্রজাপতি’ আর ‘ফুল ফুটে’ গান দুটি। দর্শকের হূদয় ছুঁয়ে যায় আরেক শিশুশিল্পী ফজিলাতুন নেছা চৌধুরীর লোকগীতি।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় ওই উৎসবের আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন। প্রমার সভাপতি রাশেদ হাসান বলেন, ‘বসন্ত উৎসবের মধ্য দিয়ে আমরা তারুণ্যের জয়গান গাইতে চাই। ভালোবাসার রঙ ছড়িয়ে দিতে চাই সুস্থ সংস্কৃতির মিলনের মধ্য দিয়ে। বিশ্বজুড়ে যে সন্ত্রাসের যে বীজ বপন হয়েছে, এ রকম উৎসবের মধ্য দিয়ে সন্ত্রাস মোকাবিলায় শক্তি সঞ্চার করতে চাই। অশুভ শক্তির সেই বীজ-মূল উৎপাটন করতে চাই।’

ডিসি হিল : বসন্ত উৎসবের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ। শনিবার সকাল সাড়ে ৯টায় ভায়োলিনিস্ট চট্টগ্রামের যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। নূপুরের ঝংকারে নৃত্যের তালে তালে বসন্তকে বরণ করে নেন নৃত্যশিল্পীরা। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন একক ও বৃন্দ আবৃত্তি। শিল্পীদের অংশগ্রহণে চলে একক ও দলীয় সংগীত।

ডিসি হিলের অনুষ্ঠানে আসা ফরহাদ হোসেন বলেন, ‘বৈশাখের মতো বসন্ত উৎসবও এখন প্রাণের উৎসবে পরিণত হয়েছে। রঙিন ফুলের মতো রাঙিয়ে দিতে বসন্ত উদযাপন হচ্ছে।’

তরুণ জামাল আহাম্মদ বলেন, ‘সুস্থ সংস্কৃতি পালন করলে মানুষ নানা ধরনের কুসংস্কার থেকে দূরে থাকবে। অন্যদিকে সুস্থ সংস্কৃতির ধারায় ফিরে আসবে।’

ছোট বোন ও বান্ধবীদের নিয়ে বসন্ত উৎসবে আসেন সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজের ছাত্রী অনিন্দিতা দত্ত। তিনি বলেন, ‘অপসংস্কৃতি দূর করতে হলে প্রয়োজন সুস্থ সংস্কৃতিচর্চা।’

বোধন আবৃত্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রণব চৌধুরী জানান, বসন্ত উৎসবকে দুই পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা। বিকেল ৩টা থেকে রাত ৮টা। ডিসি হিলের সামনে থেকে বিকেল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। এ পর্বে ছিল ঢোল বাদন, দলীয় ও একক নৃত্য, দলীয় ও একক সংগীত এবং একক আবৃত্তি অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রথম পর্বে কথামালায় বসন্ত নিয়ে অনুভূতি ব্যক্ত করেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক প্রমুখ।

স্বাধীনতা পার্ক : বসন্তবরণ করতে নগরের নতুন রূপে সজ্জিত স্বাধীনতা পার্কে ছিল বসন্ত উৎসবের নানা আয়োজন। দিনভর নানা অনুষ্ঠানের মধ্যে ছিল মেহেদি উৎসব, লোকসংস্কৃতি উৎসব, নাচ ও গান। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীর ভিড় দেখা যায় সেখানে।