শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চেতনাই আমাদের পাহারাদার

untitled-1_189326বাংলাদেশে বইমেলার উদ্ভবের ইতিহাস নিয়ে বেশ বিভ্রান্তি আছে। সূচনা পর্বের ইতিহাস অনেকটাই লেখক-পাঠক-প্রকাশক এমনকি গবেষকদের কাছেও অস্পষ্টতার আবরণে ঢাকা পড়ে গেছে। বিষয়টি নিয়ে কোনো অনুসন্ধিৎসু গবেষক কোনো শ্রমশীল খননেও ব্রতী হননি, দেখতে পাচ্ছি। ফলে বেশ গোলমেলে একটা অবস্থার সৃষ্টি হয়েছে। অন্ধের হাতি দর্শনের মতো যিনি যা অনুভব করতে পারতেন, সেটাকেই ইতিহাস বলে চালানোর চেষ্টা হচ্ছিল।

আমরা সাম্প্রতিককালে এ বিষয়ে কিছুটা তত্ত্ব-তালাশে প্রয়াসী হয়েছি। কিছু বইপত্র, ষাটের দশকে কিছু পত্রিকার প্রতিবেদন এবং নথিপত্র ঘেঁটে বাংলাদেশের প্রকাশনা ইতিহাসের যে হদিস আমরা পেয়েছি, তা এ রকম। দেখা যাচ্ছে, বিখ্যাত কথাসাহিত্যিক এবং গ্রন্থকেন্দ্রের এক সময়ের পরিচালক সরদার জয়েনউদ্দীনই এ দেশে গ্রন্থমেলার প্রবর্তক। ১৯৬২ সালে তিনি যখন বাংলা একাডেমির সহকারী প্রকাশনা কর্মকর্তা, তখন বাংলা একাডেমির লাইব্রেরিতে আসা একটি বই দেখে গ্রন্থমেলা সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। বইটির নাম ছিল The Wonderful World of Books. বইটির সম্পাদক ছিলেন Alfred Stefferud.

. বইয়ের প্রকাশক Mentor Book বইটি প্রথম বেরোয় ১৯৫৩ সালে। ১৯৬০ সালে এর ষষ্ঠ সংস্করণ প্রকাশিত হয়। বইটিতে বহু লেখকের মূল্যবান চিন্তাসমৃদ্ধ গ্রন্থবিষয়ক আলোচনা অন্তর্ভুক্ত হয়। এই বইয়ে Book Fair কথাটি উল্লেখ ছিল। এখান থেকেই সরদার জয়েনউদ্দীন গ্রন্থমেলার ধারণাটি পেয়ে যান। বাংলা একাডেমি থেকে তিনি জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে যোগ দেন। এই সময়টায় তিনি ইউনেস্কোর শিশু গ্রন্থবিষয়ক উপকরণ নিয়ে কাজ করছিলেন। এসব উপকরণ সংগ্রহ করার পর তা নিয়ে একটি প্রদর্শনী করার কথা হচ্ছিল। কিন্তু ওই Book Fair কথাটি তার মাথায় থাকায় ওই উপকরণ নিয়েই ১৯৬৫ সালে তিনি তৎকালীন সেন্ট্রাল পাবলিক লাইব্রেরিতে (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি) একটি শিশু গ্রন্থমেলার আয়োজন করেন। সেই থেকে বাংলাদেশে গ্রন্থমেলার সূচনা।

সরদার জয়েনউদ্দীন এই শিশু গ্রন্থমেলা করেই পুরো তৃপ্তি লাভ করেননি। তিনি আরও বড় আকারে বইমেলার আয়োজন করার কথা ভাবেন। ১৯৭০ সালে নারায়ণগঞ্জ ক্লাবের উদ্যোগে তিনি নারায়ণগঞ্জে একটি গ্রন্থমেলার আয়োজন করেন। এতে যোগ দিয়েছিলেন অধ্যক্ষ মুহাম্মদ আবদুল হাই, শহীদ অধ্যাপক মুনীর চৌধুরী, সরদার ফজলুল করিম প্রমুখ। এই জমজমাট বইমেলায় তিনি একটি মজার কাণ্ডও করেছিলেন। মেলার একটি জায়গায় একটি গরু বেঁধে রেখে তার গায়ে লেখা হয়েছিল_ ‘আমি বই পড়ি না’।

১৯৭২ সালে ইউনেস্কো ওই বছরকে আন্তর্জাতিক গ্রন্থবর্ষ ঘোষণা করে। সরদার জয়েনউদ্দীন এ উপলক্ষে ‘৭২ সালের ২০-২৬ ডিসেম্বর বাংলা একাডেমিতে একটি আন্তর্জাতিক গ্রন্থমেলার আয়োজন করেন। বিশ্বের ১২টি দেশকে এই মেলায় আমন্ত্রণ জানানো হয়। অস্ট্রেলিয়া, জিডিআর এবং আরও একটি দেশ শেষ পর্যন্ত এতে যোগ দেয়নি। কিন্তু ভারত, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া প্রভৃতি দেশ মেলায় অংশগ্রহণ করে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আমেরিকা সহযোগিতা না করায় ছাত্ররা মার্কিন যুক্তরাষ্ট্রের স্টলের নাম মুছে দিয়ে ভিয়েতনামটি যুক্ত করে দেয়। ফলে ভিয়েতনামও এই বইমেলায় অংশগ্রহণ করে। এ মেলার প্রধান অতিথি ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী এবং সভাপতিত্ব করেছিলেন ড. মুহম্মদ এনামুল হক।

১৯৭৩ সালে সরদার জয়েনউদ্দীন বর্তমান শিল্পকলা একাডেমি ভবনে একটি জাতীয় গ্রন্থমেলার আয়োজন করেন এবং বেশ কয়েক বছর ধরে দেশের বিভিন্ন জেলায় বইমেলার আয়োজন করেন। এতে নিয়মিত অংশগ্রহণ করতেন অভিনেতা ও আবৃত্তিশিল্পী গোলাম মুস্তাফা, হাসান ইমাম, হাসান আজিজুল হকসহ কবি-শিল্পী-সাহিত্যিক ও বহু বুদ্ধিজীবী। অনেক জেলায় তিনি আয়োজন করেছিলেন বইমেলার। থানাগুলোতেও বইমেলা করার ইচ্ছা ছিল তার। এভাবেই বাংলাদেশে বইমেলার একটি ভিত্তি তিনি তৈরি করে দিয়েছিলেন।

বাংলা একাডেমিতে ১৯৭২ সালে কোনো বইমেলা হয়নি। কিন্তু ১৯৭৩ সালে স্ট্যান্ডার্ড পাবলিশার্সের রুহুল আমিন নিজামী, মুক্তধারার চিত্তরঞ্জন সাহা এবং বর্ণমিছিলের তাজুল ইসলাম বাংলা একাডেমির পূর্বপ্রান্তের দেয়াল ঘেঁষে বইয়ের পসরা সাজিয়ে রাখেন। এ অনানুষ্ঠানিক বইমেলা ১৯৭৪-এর প্রথম জাতীয় সাহিত্য সম্মেলনে আরেকটু স্পষ্ট রূপ পায়। এতে বাংলা একাডেমিসহ ৮টি প্রকাশনা সংস্থা অনেকটা অনানুষ্ঠানিক বইমেলার আয়োজন করে। এই বিচ্ছিন্ন বইমেলা ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে থাকে এবং একটি ভালো বইমেলা করার জন্য গ্রন্থপিপাসু ব্যক্তি ও প্রকাশকদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে। ফলে ১৯৮৪ সাল থেকে বাংলা একাডেমিতে এখনকার ‘অমর একুশে গ্রন্থমেলা’র সূত্রপাত। তখন বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন কাজী মনজুরে মওলা। বইমেলায় ৩৬টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। তাতে একটি বিজ্ঞান প্যাভিলিয়ন ছিল এবং শিল্পী কালিদাস কর্মকারের চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল।

এর পরবর্তীকালে বইমেলাকে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড় করানোর ক্ষেত্রে ঢাকায় বাংলা একাডেমি এবং সারাদেশে মুক্তধারার চিত্তরঞ্জন সাহার অবদান অসামান্য। ঢাকার বইমেলাতেও চিত্তবাবুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তিনি প্রকাশনাকে একটি পেশাদারি ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য নিজেই জাপানের এশিয়ান কালচার ফর ইউনেস্কোর বুক ডেভেলপমেন্ট প্রোগ্রামে প্রশিক্ষণ নিয়ে আসেন। তিনি একজন প্রধান সম্পাদকও নিয়োগ করেন। এই সম্পাদক ছিলেন অধ্যাপক আবদুল হাফিজ। চিত্তবাবু তাকেও জাপানের ওই সংস্থা থেকে প্রশিক্ষণ দিয়ে আনেন। তিনি তার প্রকাশনা প্রতিষ্ঠানের উদ্যোগে বইয়ের খবর নামে একটি পত্রিকা বের করেন এবং তার বই প্রকাশের জন্য একটি রিভিউয়ার প্যানেলও তৈরি করেন। এই প্যানেলে বর্তমান লেখকসহ ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সুব্রত বড়ূয়া, শিল্পী হাশেম খান, আবুল হাসনাত প্রমুখ। আবুল হাসনাত বইয়ের খবরের সম্পাদকও ছিলেন। তার এই পত্রিকা গ্রন্থজগৎকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্যে লেখালেখি ও প্রশিক্ষণ-সংক্রান্ত নানা তথ্য প্রকাশ করতেন এবং তিনি তার ফরাশগঞ্জের প্রকাশনা প্রতিষ্ঠানের বাড়িতে নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্থান থেকে প্রকাশক, বিক্রয়কর্মী, প্রুফ সংশোধক ও সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেন। এতে প্রধান অতিথি, সভাপতি ইত্যাদি পদে বৃত হন অধ্যাপক আবুল ফজল, ড. মুহম্মদ এনামুল হক, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ লেখক-চিত্রশিল্পী প্রমুখ। শেষে গ্রন্থমেলা ও প্রকাশনাকে পেশাদারিত্বে দাঁড় করানোর তার এই মহান উদ্যোগ অনেকটা নেশার মতো হয়ে ওঠে। তিনি দেশের নানা স্থানে মুক্তধারার উদ্যোগে বইমেলার আয়োজন করেন। প্রথমদিকে যেমন সরদার জয়েনউদ্দীন সারাদেশের বিভিন্ন জেলায় বইমেলার আয়োজন করেছিলেন, সেই দিকটিকে বছর দশেক পর শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করান শ্রী চিত্তরঞ্জন সাহা।
অতএব বলা যায়, আমাদের বইমেলার প্রবর্তক সরদার জয়েনউদ্দীন হলেও তাকে একটি শক্তিশালী পেশাদারিত্বের স্তরে উন্নীত করার ক্ষেত্রে চিত্তরঞ্জন সাহার অবদান অসামান্য।

বাংলা একাডেমির বইমেলাটি এই মহান দুই পূর্বসূরির কাছে অনেকাংশে ঋণী। ১৯৮৪ সালে শুরু হওয়া বইমেলা প্রতি বছর বিশাল থেকে বিশালতর হচ্ছিল। অনেক নতুন প্রকাশকও প্রতি বছর বই নিয়ে এ পেশায় আসতেন। অন্যদিকে বাংলা একাডেমির অবকাঠামোগত বিরাট পরিবর্তনের ফলে এর ভেতরে আর এখন স্থান সংকুলান করা সম্ভব নয়। এসব বিবেচনা করেই খোলামেলা পরিবেশে একটি ছিমছাম, পরিচ্ছন্ন এবং সুপরিসর বইমেলার উদ্যোগ গ্রহণ করা হলো বর্তমান বছর থেকে। এটি শুধু বইমেলার পরিসর বাড়ানোই নয়; একে আমরা ঐতিহ্যের নবায়ন এবং বিস্তার বলেও মনে করি। অমর একুশে গ্রন্থমেলা একুশের মহান স্মৃতিকে ধারণ করে বিকশিত হচ্ছিল। এখন সে মেলা আমাদের স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত হলো; একুশের চেতনার সঙ্গে যুক্ত হলো আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা। ফলে একাডেমির বইমেলায় একটি নতুন মাত্রা যোগ হলো।

আমরা যদি মনে রাখি, এ প্রাঙ্গণেই ১৯৪৮ সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ উচ্চারণ করেছিলেন-Urdu and only Urdu shall be the state language of Pakistan, তখন ছাত্ররা চিৎকার করে বলেছিল-‘No, No, No’. একুশের চেতনা কিন্তু সেই চিৎকারের মধ্য থেকেই ধ্বনিত হয়েছিল এবং ১৯৫২ সালে সেই ছাত্র-জনতার প্রাণ-বলিদানের মধ্যেই বাঙালির জাতিসত্তার উদ্বোধন এবং ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি হয়ে উঠেছিল সময়ের দাবিমাত্র। আরও মনে রাখতে হবে_ এ ময়দানেই ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে সেই দাবি অনিবার্য হয়ে উঠেছিল এবং ওই বছরেই ডিসেম্বর মাসের ১৬ তারিখে মোহাম্মদ আলী জিন্নাহর অহমিকাকে ধুলায় মিলিয়ে দিয়ে পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। এ ময়দানেই এখন মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশের বাঙালির স্বাধীনতার বিজয়স্তম্ভ, স্বাধীনতা জাদুঘর, শিখা চিরন্তন প্রভৃতি। অতএব এই মেলা বাঙালির হাজার বছরের স্বপ্ন ও সংগ্রামের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে অনন্যতা লাভ করল। বাঙালির বিশেষ করে লেখক-শিল্পী-সাহিত্যিকদের এই অর্জন ঐতিহাসিক ও বিস্ময়কর।

কিন্তু এই বিস্ময়কর গৌরবোজ্জ্বল আয়োজনকে ম্লান করে দেওয়ার জন্য আজ তৎপর নানা মৌলবাদী মহল। আমাদের চেতনার এ মেলা এবং সৃজনশীল মানুষদের ওপর আঘাত আসছে বারবার। গত বছর এই মেলাতেই কুপিয়ে হত্যা করা হয় প্রগতিশীল লেখক অভিজিৎ রায়কে। এবার তাই নিরাপত্তা পাহারা বসবে আগের আয়োজনগুলোর চাইতে দ্বিগুণ। আর সবচাইতে বড় কথা, আমাদের চেতনাই আমাদের পাহারাদার। বাঙালি ও বাংলা ভাষার এ প্রাণের মেলায় আমরা বারবার আসব, মিলিত হবো সব বাধা ভেঙে চেতনার উৎসবে।