বাংলা গানের গতিধারা
ভাটিয়ালি, জারি, সারি, লালনগীতিসহ বিভিন্ন আঙ্গিকের গানে সমৃদ্ধ বাংলা গান। এর শেকড় বেশ গভীরে। গানগুলো ছড়িয়ে আছে প্রাণ থেকে প্রাণে। সময়ের পরিক্রমায় বাংলা গানের কথা, সুর ও সংগীতের ক্ষেত্রে পরিবর্তন এসেছে ধাপে ধাপে। গানের এই বাঁকবদল নিয়ে সংগীতাঙ্গনের বিশিষ্টজনদের মন্তব্য তুলে ধরেছেন এ মিজান
বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য খুঁজে পাওয়া যায় না: সৈয়দ আবদুল হাদী
নদীর গতি বন্ধ করে দিলে শ্যাওলা পড়ে যায়। তাই কোনো কিছু বন্ধ করা সম্ভব নয়। গানের স্বর্ণযুগ আর ফিরে আসবে না। বাংলা গান আসলে কাব্য সংগীত। তবে গানে যে সবসময় ভারি কাব্যমূল্য থাকতে হবে তা বলছি না, কিন্তু কাব্যের বিকল্প নেই। সময় যত যাবে ততই পরিবর্তন আসবে। তবে কথা, সুর ও সংগীতের সুন্দর মেলবন্ধন থাকতে হবে। জীবন ঘনিষ্ঠতার জন্য স্থূলতা দেখতে পাই। ভালো গান যে হচ্ছে না—এটা আমি বলতে নারাজ। প্রায়ই ব্যাহত হচ্ছে জীবন। আজকাল কী কথা বলা হচ্ছে বোঝাই যায় না যন্ত্রের ঝঙ্কারে। পাশ্চাত্ত্যের গানের সুর ও সংগীতের হুবহু মিল পাওয়া যায়। আর উচ্চারণের ক্ষেত্রেও ভাষার বিকৃতি লক্ষণীয়। এতেই আমার বেশি আপত্তি। বর্তমানে গান বৈচিত্র্যহীন। সব গানের গায়কী একই মনে হয়। বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য খুঁজে পাওয়া যায় না।
শেকড়ের গানগুলো মা-বাবার মতো: আহমেদ ইমতিয়াজ বুলবুল
গান আমাদের সংস্কৃতির বহির্প্রকাশ। সময়ের দাবিতে তা একেক সময় একেক রকম হচ্ছে। আমাদের শেকড়ের গানগুলো যেমন ভাটিয়ালি, জারি, সারি, লালনসহ বিভিন্ন গানেরও বাঁকবদল হচ্ছে। মূল গানকে ছাপিয়ে অন্যকিছু করা হচ্ছে—যা খুবই দুঃখজনক। গানকে অতি আধুনিক করা হচ্ছে। এ গানগুলো হয়ত হঠাত্ ভালো লাগতে পারে, কিন্তু মনে দাগ কাটে না। যদি কেউ গানকে অতি আধুনিক করতে চায় নিজে লিখে তার মতো করে গাওয়া উচিত বলে আমি মনে করি। তুমি তোমারটা নিয়ে আধুনিক হও। আমাদের শেকড়ের গানগুলো তো মা-বাবার মতো। এ বিষয়টি মাথা রাখা উচিত। সময়ের কথা বলে অনেকেই গানকে বিকৃত করছে। এটা সীমিত মানুষের কাজ। আমাদের গানের শ্রোতা অনেক বেশি। শেকড়ের গানগুলো শুধু শুনতেই ভালো লাগে তা নয়, এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয়ও রয়েছে।
আমাদের গানের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে: নকীব খান
বাংলা গানের দুটি মূল উপজীব্য হল গানের কথা ও সুরে মেলোডি। এই দুটি বিষয় বাদ দিয়ে বাংলা গানের কথা আমরা চিন্তাই করতে পারি না। আমরাও সেই ধারাবাহিকতা রাখার চেষ্টা করেছি। আর তরুণদের কাজ হচ্ছে নিয়ম ভেঙে নতুন কিছু করা। আমরাও যখন তরুণ ছিলাম সেই চেষ্টাই করেছি। বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত। এটাকে গ্রহণ করতে হবে। প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। অপব্যবহার করা যাবে না। আর এখন গান অনেক শর্টকাট হয়ে গেছে। সবার মাঝে রাতারাতি স্টার হয়ে যাওয়ার একটা অস্থিরতা লক্ষ করা যায়। কিছু শিল্পী তারকা হচ্ছে আবার শ্রোতে হারিয়েও যাচ্ছে। তারকা হওয়ার প্রবণতায় মূল গান থেকে অনেকেই সরে আসছে। সবকিছু যান্ত্রিক হয়ে গেছে। এতে করে আমাদের গানের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।
সবার মাঝে হিট হওয়ার অস্থিরতা বেশি: ফেরদৌস ওয়াহিদ
আগের দিনে গানের সুরের মধ্যে মায়া মমতা ছিল। অনেক ধীরে-সুস্থে সময় নিয়ে কাজ করত সবাই। যে কারণে সেই গানগুলো আজও সবার মনে দাগ কেটে আছে। আর গানের কথার মাঝেও আলাদা মাদকতা ছিল। তবে এখনও যে ভালো গান হচ্ছে না তা কিন্তু নয়। আমি ঢালাওভাবে সবাইকে দায়ী করতে চাই না। এখন সবার মাঝে হিট হওয়ার অস্থিরতা বেশি। আর এই অস্থিরতার জন্য ভালোভাবে কাজ করতে পারছে না বর্তমান প্রজন্মের অধিকাংশ। সবাই বাণিজ্যিক হয়ে গেছে। কাজের প্রতি ভালোবাসা কম। তাই মান দিনে দিনে স্থূল হয়ে যাচ্ছে। একটা গান এক-দু’বার শোনার পর আর শুনতে ইচ্ছে করছে না। এভাবে চলতে থাকলে বাংলা গানের গতি থমকে যাবে। বাংলা গানকে সমৃদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি: কুমার বিশ্বজিত্
আমাদের জীবনধারা পরিবর্তন হয়ে গেছে। আমরা আগে একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। এখন এই পরিবারের কথা চিন্তাও করা যায় না। আমরা নিজেদের স্বার্থে আত্মকেন্দ্রিক হতে হতে এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি, তা বলে বোঝানো যাবে না। সবাই একা একা যন্ত্রের ওপর নির্ভর করতে করতে যান্ত্রিক হয়ে গেছে। সব ক্ষেত্রেই আমরা সঙ্কুচিত হয়ে গেছি। সামাজিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রেই এর প্রভাব পড়েছে। আমাদের মাঝে সর্বপ্রথম দেশপ্রেম প্রয়োজন। ব্যক্তিগত সুখের জন্য সৃষ্টির মধ্যে তাই ব্যাপ্তি কম লক্ষ করা যায়। অধিকাংশ সময় পরসংস্কৃতি তুলে ধরছি শুধু নিজে ভালো থাকার জন্য। এখন আধুনিকতা মানেই বিদেশি ভাষায় কথা বলা, বিদেশি গান করা এবং বিদেশি পোশাক পরা। এতে করে আমাদের সৃষ্টি নির্দিষ্ট গণ্ডিতে আটকে আছে।
ইন্ডাস্ট্রিতে মেধাহীনদের জয়জয়কার: শওকত আলী ইমন
সংগীত বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। এই ঐতিহ্যবাহী বাংলা গানের অতীত থেকে বর্তমান অনেক কিছুই উঠে আসে।
আমার মতে সত্তর এবং আশির দশক ছিল বাংলাদেশের সংগীতের স্বর্ণালি সময়। গানের সুর ও কথায় শ্রোতারা মুগ্ধতায় বুঁদ হয়ে থাকত। বর্তমানে একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম। স্যাটেলাইট আর ইন্টারনেটের সঙ্গে পাল্লা দিয়ে একদম হাঁপিয়ে উঠেছে নতুন প্রজন্মের সংগীত শিল্পী এবং পরিচালকরা। ভালো গান অবশ্যই হচ্ছে, কিন্তু শ্রোতা পর্যন্ত পৌঁছতে পারছে না এই যান্ত্রিক যুগে। এখন ইন্ডাস্ট্রিতে মেধাহীনদের জয়জয়কার। বাংলা গানের প্রতি শ্রোতাদের অনুরাগ জন্মাতে হবে। পাইরেসি এবং কপিপেস্ট প্রতিরোধে আইনের প্রয়োগ হোক ইস্পাত কঠিন। সেদিন বেশি দূরে নয়, আমাদের সংগীত সারা পৃথিবী দখল করবে।
ভালো গানের ফোকাস কমে গেছে: বাপ্পা মজুমদার
আমাদের দেশে এখনও প্রচুর ভালো গান হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য, ভালো গানের প্রচার কম হচ্ছে। আমরা সবাই ভালো কাজ করতে চাই। কিন্তু ভালো গানের ফোকাস কমে গেছে। সবাই নিজের প্রচারেই বেশি ব্যস্ত। সমন্বিতভাবে ভালো গানের প্রচার বাড়ানো উচিত সবার। আগের দিনে গান-সংশ্লিষ্ট সবাই একসঙ্গে বসে গান তৈরি করত। সে গানগুলো কিন্তু আজও মানুষের মুখে মুখে। আমাদের আবারও আগের অবস্থা ফিরিয়ে আনা দরকার। তাহলে গানের মানটা অনেক ভালো হবে। আর সব মিলিয়ে আমরা একটা অদ্ভূত অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। অনেকেই এখন দেশের বাইরে থেকে গান করিয়ে নিয়ে আসছেন। এটা মানসিক দৈন্য ছাড়া কিছুই নয়। আমি বলছি না কেন তারা দেশের বাইরে থেকে গান করাচ্ছে। গান অবশ্যই করাতে হবে, তা নিজেদের সম্মান ঠিক রেখে।











