বাউল সঙ্গীত সম্মিলনীতে ২৪ বাউলকে সম্মাননা, আলিয়ঁস ফ্রঁসেজ দো গ্যালারীতে ‘শিল্পের শিকড়ে’
শুক্রবার শুরু হয়েছিল তিন দিনব্যাপী ‘প্রথম নিখিলবঙ্গ বাউল সঙ্গীত সম্মিলনী’ ও ‘অখণ্ড সাধুসঙ্গ’। গতকাল রবিবার ছিল সম্মিলনীর সমাপনী দিন। ফকির লালন সাঁইজির ১২৫তম তিরোধান বার্ষিকী স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে আগের দু’দিনের মতো গতকালও ছিল আলোচনা, সেমিনার আর সূর্যাস্ত থেকে ভোর পর্যন্ত দুই বাংলার বাউল-ফকিরদের মহাভাবময় বাউলসঙ্গীত। অনুষ্ঠানে বাংলাদেশের ১২ জন ও পশ্চিমবঙ্গের ১২ জন প্রবীণ বাউলকে সম্মাননা প্রদান করা হয়। অতিথি হিসেবে উপস্থিত থেকে বাউলদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন সাবেক সংস্কৃতি সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস। এর আগে স্বাগত বক্তব্য দেন লালন বিশ্বসংঘের নির্বাহী পরিচালক আবদেল মাননান। সম্মাননা প্রদানের পরই আবার শুরু হয় জমজমাট বাউলগানের আসর। ভোর অবধি চলে সাঁইজির গান ও সাধুসঙ্গ। এর আগে বিকালে রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানে উত্সবস্থলের ভিতরে শামিয়ানা ও সাদা কাপড়ে মোড়ানো সাধুসঙ্গস্থলের পরিবেশ ছিল ভিন্ন। একতারা, দোতারা, খোল, ডুগডুগি, তবলা, হারমোনিয়ামসহ বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় ভাসলেন শ্রোতাও। সন্ধ্যা হতেই ভিড় বাড়ছিল ভক্ত-অনুরাগীর।
চুয়াডাঙ্গা থেকে আসা ফকির আবুল হোসেন গাইছিলেন ‘আশার সিন্ধুতীরে বসে আছি হে সদয়’। উপস্থিত শ্রোতারা তার গানের সাথে গলা মিলিয়ে আস্বাদন করছিলেন সাঁইজির পরম ভাবের এই গান। এরপরই তিনি পরিবেশন করেন ‘বিনা বীজের আজগুবি গাছ চাঁদ ধরেছে তাই’ গানটি। ঝিনাইদহ থেকে আসা জহুরা বাউল পরিবেশন করেন ‘পার করো দয়াল আমার কেশে ধরে’ গানটি। মেহেরপুর থেকে আসা হারুন ফকির পরিবেশন করেন ‘দাসের পানে একবার চাও হে দয়াময়’ ও ‘আল্লাহ বলে ডাক রে মনপাখি’ গান। তারাচাঁদ শাহ গেয়ে শোনান ‘এমন সৌভাগ্য আমার কবে হবে’ ও ‘মনের নেংটি এঁটে কর ফকিরি’। বাউল ওয়ালিউর রহমান পরিবেশন করেন ‘মনের মনে হয় না একদিনে’ গানটি।
শুধু বাংলাদেশের বাউলরাই নয়, সাঁইজির অমৃত বাণীসুধা পান করান পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান ও বীরভূম জেলা থেকে আসা প্রতিনিধিত্বশীল বাউল সাধকেরা। এঁদের মধ্যে বীরেন দাস বাউল, সুভদ্রা বিশ্বাস, ইলা বিশ্বাস, নিতাইদাস বাউল, আবদুল হালিম, গোলাম মওলা, সৌমেন বিশ্বাস, লাল মোহাম্মদ শেখ সাঁইজির গান পরিবেশন করেন।
সেতার-সরোদ কর্মশালা হাতে-কলমে শেখা
পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার ও কুশল দাসের পরিচালনায় শুরু হওয়া তিন দিনব্যাপী ‘সংগীত অবয়ব’ শীর্ষক সেতার-সরোদ কর্মশালা দ্বিতীয় দিন ছিল গতকাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই দুই সঙ্গীতজ্ঞের কাছে সেতার ও সরোদের নানা বিষয়ে হাতে কলমে শিখতে দেখা গেলো শিক্ষার্থীকে। পণ্ডিত কুশল দাস সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা থেকেই কর্মশালায় অংশগ্রহণকারীদের সেতার বাজানোর নানা বিষয় সম্পর্কে তালিম দেন। স্বর, ঠাঁট, রাগ-রাগিনী, নানা বিষয়ে হাতে কলমে শেখান। একই সময়ে আরেকটি কক্ষে শিক্ষার্থীদের সরোদ বাজানোর নানা কৌশল শেখান পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার।
আলিয়ঁস ফ্রঁসেজ দো গ্যালারীতে 'শিল্পের শিকড়ে'
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারীতে শুরু হলো 'শিল্পের শিকড়ে'। দলীয় এই চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন হয় শুক্রবার। জলরঙ, অ্যাক্রিলিক, টেরাকোটা আর চারকোল মাধ্যমের ৩৮ টি চিত্রকর্ম ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। 
শিল্পের শিকড়ে শীর্ষক এই দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন পাঁচজন প্রতিভাবান শিল্পী। তাঁরা হলেন লায়লা শারমীন, মো. তৈয়বউজ্জামান খান তপু, মিনি করিম, সমিরন চৌধুরী এবং জেবুন নাহার নাঈম। 'শিল্পের শিকড়ে' শিরোনামে পাঁচজন শিল্পী নিজ নিজ দক্ষতায় ক্যানভাসের উপর রং তুলির রং ও রেখায় এবং পোড়া মাটির মাধ্যমে হৃদয় নন্দন চিত্র ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন। তাঁদের শিল্পনৈপুণ্য এসব নিত্য বা গতানুগতিক উপাদানগুলোকে বদলে দিয়েছে। তবে দক্ষতাই একজন শিল্পীর মান নির্ণয়ের একমাত্র মাপকাঠি নয়। এর চেয়ে বড় বোধহয় তার শিল্প সৃজনে হৃদয় মিশেছে কতটুকু। তাই শিল্পীরা 'শিল্পের শিকড়ে' প্রদর্শনীতে তাদের সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
লায়লা শারমীন যেমন প্রকৃতির সৌন্দর্য আর সৌহার্দ্যরে মধ্যে আশ্রয় খোঁজেন। অস্থির পৃথিবীতে তিনি শান্তির খোঁজ করেন। যান্ত্রিক পৃথিবীর বন্দিশালা থেকে বেরিয়ে আসতে বলেন দর্শককে। সময়, বিক্ষিপ্ততা, বিশ্বাসহীনতা, নিঃসঙ্গতা তাঁর ছবির পশ্চাৎপট। তপু টেরাকোটা শিল্প দিয়ে তাঁর ভিতরের অনুভূতি খুঁড়ে বের করেন। এই অনুভূতি দিনে দিনে তৈরি হয়েছে মানুষ-প্রকৃতি, সংস্কৃতি মিশিয়ে। তাই শিল্পকর্মগুলোকে আপন মনে হয়। মিনি করিমও প্রেরণা খুঁজে পান প্রকৃতিতে। তাই সেথায় তাঁর দিবা-রাত্রির সন্তরণ। চিত্রকর্মেও তারই প্রতিফলন। অন্যদিকে সমীরণ আবেগ তৈরি করেন ছবিতে। তিনি সবার জন্য আঁকেন যেমন ভালোবাসেন সবাইকে। জেবুন নাহার নাইম বেবীর চিত্র প্রদর্শনীটিতে মূলত নারী বেশি প্রাধান্য পেয়েছে। তিনি মনে করেন 'নির্যাতিত' এবং 'অবলা' বিশেষন দুটো নারীর সঙ্গে যেতে পারেনা। শিল্পীর মতে নারী হচ্ছে শক্তির আঁধার।
প্রদর্শনীটি চলবে ১০ অক্টোবর ২০১৫ পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।











