শারদ অঞ্জলি, নাট্যকর্মীর সাহায্যার্থে মঞ্চস্থ ‘সোনাই মাধব’
বাংলার আকাশে-বাতাসে, জলে-হাওয়ায়, গাছে গাছে, ঘাসে ঘাসে শরত্ তার আপন ঐশ্বর্য-ডালি সাজিয়ে রাখলেও নগরবাসীর জীবনেও শরত্ যে সাদা মেঘের ভেলায়, কাশবনের দোলায় ডাক পাঠিয়েছে—গতকাল শরত্ উত্সবের অনুষ্ঠানে নগরবাসীর উপস্থিতি দেখে তা অস্বীকার করার উপায় ছিল না। গানে, নৃত্যের ছন্দে মানুষের মনের উচ্ছ্বল আনন্দ মূর্ত হয়ে উঠেছিল শুক্রবার শরত্ সকালে সরব উপস্থিতির মধ্য দিয়ে।
মেয়েরা সাদা, নীল রঙের শাড়ি, খোঁপায় শিউলি ফুলের মালা, ছেলেরাও সাদা রঙের পাঞ্জাবি পরে অনুষ্ঠানস্থল ভরিয়ে তুলেছিল। নগর জীবনের এই কোলাহলে মানুষ নিষ্প্রাণ, হিসেবি, প্রকৃতি-বিচ্ছিন্ন। প্রকৃতিকেন্দ্রিক এই উত্সবগুলোতে তাই আমরা প্রকৃতির সাথে, মানুষের সাথে মিলতে চাই। নিজেকে নতুন করে চিনে নেই, মিলিয়ে নেই, প্রীতির বন্ধনে। সেই মিলনের তাগিদে শিল্পীদের গানে সুর মিলিয়ে বাঙালি আমন্ত্রণ জানালো সজীব প্রাণময় প্রকৃতিকে। সুর্যোদয়ের পরপরই শুরু হয়ে যায় শরত্ বরণের এ আয়োজন। গত দশ বছরের ধারাবাহিকতায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গতকাল শুক্রবার সকাল সোয়া সাতটায় কালীপদ রায়ের বাঁশি বাদনের মধ্য দিয়ে শুরু করে শরত্ উত্সব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুল তলায় আয়োজিত এ উত্সবে শরত্ কথন পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ড. নিগার চৌধুরী ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. হায়াত্ মামুদ।
এ উত্সবে সকাল এবং বিকালে দলীয় নৃত্যে অংশগ্রহণ করে স্পন্দন, নৃত্যম, নটরাজ, নবচেতনা সাংস্কৃতিক কেন্দ্র, নৃত্যজন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র, স্বাধীনতা একাডেমি ও সুরবিহার এবং আদিবাসী সংগঠন গারো কালচারাল একাডেমি, দলীয় সংগীতে অংশগ্রহণ করে উদয়ন স্কুল, সত্যেন সেন শিল্পগোষ্ঠী, স্ব-ভূমি লেখক শিল্পী কেন্দ্র, সুরসপ্তক, সুরতাল সঙ্গীত একাডেমি, আনন্দন ও দলীয় আবৃত্তিতে অংশগ্রহণ করে ঢাকা স্বরকল্পন ও শ্রুতিঘর। একক সঙ্গীত পরিবেশন করেন সালমা আকবর, বিমান চন্দ্র বিশ্বাস, বিজন চন্দ্র মিস্ত্রি, মাহজাবিন রহমান শাওলী, রত্না সরকার, এস.এম মেজবা, শ্রাবনী গুহ রায়, সমর বড়ুয়া, প্রলয় সাহা, সঞ্জয় কবিরাজ, মীরা মন্ডল ও ফায়জুল আলম ইমু। একক আবৃত্তিতে অংশগ্রহণ করেন বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম, ফয়জুল আলম পাপ্পু, নিমাই মন্ডল, নায়লা তারাননুম চৌধুরী কাকলি ও ঝর্ণা সরকার।
শিল্পকলায় আজ নাট্যকর্মীর সাহায্যার্থে মঞ্চস্থ হবে নাটক ‘সোনাই মাধব’
ব্যয়বহুল চিকিত্সার সহায়তার জন্য আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে লোক নাট্যদল (বনানী) মঞ্চস্থ করবে ‘সোনাই মাধব’ নাটকটি। লোকনাট্য দলের আলোচিত প্রযোজনা ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’। এর নির্দেশনা দিয়েছেন ইউজিন গোমেজ এবং সঙ্গীত পরিচালনা করেছেন মোস্তফা আনোয়ার স্বপন। আলোক পরিকল্পনায় জি এম সিরাজুল হোসেন ও মঞ্চ ব্যবস্থাপনায় জসিম উদ্দিন খান।

নাটকটিতে কুশীলব হিসেবে আছেন জাহিদুর রহমান পিপলু, কামরুন নূর চৌধুরী, ইউজিন গোমেজ, জাহিদ চৌধুরী, সায়িক সিদ্দিকী, তৌহিদুল ইসলাম,আবদুল্লাহ আল হারুন, খায়রুল আলম টিপু, নুরুল ইসলাম খান রতন, হাফিজুর রহমান, আনোয়ার কায়সার, জসিম উদ্দিন খান, বাসুদেব হালদার, মনিলাল হালদার, মোজাম্মেল হক পাপন, সুধাংশু নাথ, তানভীর রাজীব, মিনহাজুল হুদা দীপ, আবদুল আউয়াল খান প্রমুখ।











