অধি এবং বিজ্ঞানের লড়াই
‘অধি’ বিষয়ক ধারণা আমাদের এখানে পরিষ্কার নয়, সুতরাং বিজ্ঞান বিষয়েও ধারণাও স্বচ্ছ নয়। ‘ধর্মগ্রন্থগুলো’কে অধি ভাবা হচ্ছে। এবং বিজ্ঞানের আক্রমণের কেন্দ্রবিন্দুও আজ ‘অধি’। এই অধিকে মেটাফিজিক্স এবং লোগোসেন্ট্রিকতার মধ্যে দিয়ে এই সময়ে আক্রান্ত করে। ফলে বিজ্ঞানের নামে জ্ঞানের যে সার্বভৌম দাবি এই দাবীকে থিওলজি প্রত্যাখ্যান করে। বরাবর কোথাও কোথাও প্রতিরোধও করে। প্রশ্নটা হচ্ছে অধি এবং বিজ্ঞানকে এইভাবে মুখোমুখি দাড় করালো কে? ভাবা হচ্ছে চার্চের থেকে যখন দর্শন আলাদা হয়ে পড়ছিলো তখন দর্শন নিজেকে মুক্ত করার জন্যে চার্চের ক্রিটিক করেছে। করতে বাধ্য হয়েছে। এটা দর্শনের একটা পদ্ধতি। কোনও একটা কিছুকে সামনে রেখে ওর ভেতরের যাবতীয় সম্ভাব্যতাকে দেখে দেখে যাওয়া। পজিবলিটিস বা বস্তুর ভেতর ইনফিনিট সাজেশন দর্শন করা। এই হিসাবে বেকনের দর্শন বা তের চৌদ্দ শতকের দিকে পাশ্চাত্য দর্শনের ইনফিনিট সাজেশনের দিকে যাত্রার স্টাটিং পয়েন্ট হিসাবে ধর্মকে বেছে নিয়েছিলো। সেখান থেকে এখন পাশ্চাত্যের দর্শন নানান ফাংশনে ছড়িয়ে পড়ে চিন্তা এবং তার বাহন শব্দের কাছে এসে থেমেছেন। শব্দ তাদের কাছে লোগোসেন্ট্রিক। লোগোজ অতিরিক্ত কিছু নয়। লোগোর মতো শব্দ কোনও কিছুর সাথে সেঁটে থাকে এখানে এসেই দাড়ি। এভাবে থিওলজি যে গ্রাণ্ড নেরেটিভ তৈরী করে তা আজ আর অর্থবহ নয়। তাদের যুক্তি অর্থের জন্যে শব্দকে অন্য শব্দে যেতে হয়! এভাবে এই সমস্ত গ্রান্ড ন্যারেটিভে যে নৈতিকতা আরোপ করা হয় তা সেঁটে দেওয়া লোগোর মতোই। এই ধারাটা আমাদের এখানে বেশ জ্ঞানতাত্ত্বিক সাম্রাজ্যবাদ হিসাবে বিরাজ করছে। ধরা বা দৃশ্যের অধীন বস্তুবাস্তবতাই এখানে বিজ্ঞান এবং শব্দ হচ্ছে একটা চিহ্ন বিশেষ যার কোনও নির্দিষ্ট মিনিং নেই। ভারতবর্ষের বাস্তবতা তো ভিন্ন। কিন্তু সেই ভিন্নতা ততটা দৃশ্যত না হওয়ার ফলে এখানের জ্ঞান যে সমস্ত জিনিষ প্রসব করে তাদের বাবা হিসাবে মেকলেকেই জেনেটিক পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে। The School of Great No একটু অন্যভাবে বিষয়টা নিয়ে ভাবতে চাই।
‘অধিবিজ্ঞান’ কী জিনিস? বিজ্ঞান কী জিনিস? এবং ‘অধি’ কী শব্দ এগুলো আমাদের কাছে পরিস্কার নয়। ফলে বিজ্ঞান যখন ‘অধি’র মুখোমুখি দাঁড়ায় তখন আসলে বিজ্ঞান বিজ্ঞানেরই সামনে দাঁড়ায়। যেভাবে বিজ্ঞান বা ধর্ম মুখোমুখি দাঁড়িয়ে মুলত নিজেদের ভেতরই ক্ষত সৃষ্টি করতে পারে। বিজ্ঞান এবং ধর্মের এই আন্তঃসংঘাতে কাটা পড়ে মানুষ। বিজ্ঞানের বা ধর্মের ততটা ক্ষতি হয় না। তবে আমরা যদি দার্শনিক লাইনে আলোচনা করি তাহলে বলতে হয়, বিজ্ঞান এবং অধিবিজ্ঞানের মধ্যে যদি সংঘর্ষ বাধে তাহলে বিজ্ঞানই বেশি ক্ষতিগ্রস্থ হবে, বিজ্ঞানের এই ক্ষতিগ্রস্থ হওয়া মানে অধি’র প্রান্ত ক্ষতিগ্রস্থ হওয়া। তাহলে প্রান্তের বা বিজ্ঞানের এই ক্ষতিগ্রস্থ হওয়ার পেছনে কর্তা কে সেটাও একটা প্রশ্ন। এই বিষয়ে আমরা একটু বিশদে যাবো।
প্রত্যেক কাঠামোর ভেতর কেন্দ্র এবং প্রান্ত আছে। জ্ঞানকাঠামোতে এইভাবে অধি এবং বিজ্ঞান নামে কেন্দ্র এবং প্রান্ত আছে। কেন্দ্র এবং প্রান্তের এই লড়াই স্বয়ং জ্ঞানকাণ্ডের আভ্যন্তরিন সংঘাত সেটা আমাদের ভাবতে হবে। এখানকার জ্ঞানকাণ্ডে প্রান্তকে বা বিভিন্ন প্রকার জ্ঞানকাণ্ডকে বলা হয়েছে ‘অধি’র চিহ্ন বহনকারী। অর্থাৎ প্রত্যেকেই ‘অধি’র পরিচয় জ্ঞাপন করা ভিন্ন অন্য কোনও উদ্দেশ্য সরবরাহ করছে না। এবং এমন কিছুই করছে না যাতে সেন্টারের সাথে সংঘর্শে বিচ্ছিন্ন হয়ে আত্মপরিচয়হীন হয়ে পড়ছে। আমরা এমনও কিছু জ্ঞানকাণ্ড পাই যারা দৃশ্যত আত্মপরিচয়হীন। সে যা হোক কেন্দ্র এবং প্রান্তের এই হিসেবে পরাবিজ্ঞান থেকে বিজ্ঞানের জায়গায় আসতে মোট একান্নটা ধাপে বিবর্তিত হয়েছে। আপনি বিজ্ঞানের ভেতর পরাবিজ্ঞান কনফার্ম করতে পারছেন না কিন্তু পরাবিজ্ঞান যে বিজ্ঞানের মধ্যে দিয়ে নিজেকে কনফার্ম করেছেন সেটা কি ভেবেছেন! এভাবেই দৃশ্যের ভেতর যা কিছু হাজির হয় সেটা তো একটা ঘটনা। সেই ঘটনা পূর্বে এই কিছুক্ষণ আগেও কোথায় ছিলো? অদৃশ্য ছিলো। আমাদের দৃশ্যের ভেতরে ছিল না। এই যে অদৃশ্য দৃশ্য আমাদের সামনে হাজির হচ্ছে সেই অদৃশ্য কিন্তু আগে কোথাও দৃ্শ্য বা দৃশ্যে দৃশ্য অবস্থায় ছিলো। বিজ্ঞান সেই অ- দৃশ্যে দৃশ্য দেখেতে পায় না। এই দেখাদেখির কাজ হচ্ছে দর্শনের। এখানে কোনও দার্শনিক নেই। ফলে বিজ্ঞান দিয়ে অদৃশ্য দৃশ্যকে দেখতে গিয়ে হাত পা এমনকি জীবনকেও শেষ করে দিচ্ছে। দৃশ্য যে দর্শন দিয়ে দেখতে হয় সেটা এ যুগের বিজ্ঞানীরা বুঝতে পারছেন না।
অদৃশ্যে যে দৃশ্য থাকে সেটা নিয়ে এবার আমরা একটু কথা বলতে চাই। বিজ্ঞানের কাছে ‘অধি’ মানে অস্তিত্ব শূন্যতা। এ কারনেই অস্তিত্ব শূন্যতা কারন বিজ্ঞান অধিকে কনফার্ম করতে পারে না। যেমন ধরেন একটা কিছুর দিকে ইশারা করে একজন লোক বলছে যে এই জমিটা আমার। বা ঐ জমিরটার উপর আমার অধিকার আছে। জমিটার উপরে অধিকার আছে বললে কিন্তু লোকটার রাইট প্রতিষ্ঠা হয় না। তিনি যেভাবে অধিকার দিয়ে জমির মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠা করছেন সেই সত্বের ভেতর অন্য রকমের একটা সত্য আছে। যেমন ধরেন জমির উপরে আমার অধিকার আছে মানে জমির উপর লোকটার অধিআকার আছে। অর্থাৎ এই যে জমি নামক আকার সেই আকারের উপরে যে অধি আছে সেই কারের কথাও বলা হচ্ছে। অর্থাৎ জমির সাথে জমির যে আদি ধরন যেটা অধি হিসাবে জমির সাথে থেকে যায় যেভাবে শিল্পকর্মের সাথে সুন্দর্য নামক অধি আছে।
অদৃশ্য মানে দৃশ্য নয়। অ দিয়ে আমরা নয়, বা না বুঝি। অ দিয়ে অভাব,সাদৃশ বা কতক ক্ষেত্রে বিরোধও বুঝি। অদৃশ্য মানে দৃশ্য নয়। ধরা যাক একটা বাল্ব। জ্বলছে। তার আলো আমরা দেখছি। এখন এই যে বাল্বের দৃশ্য সেখানে আমরা অদৃশ্য বা বাল্বের অধি কিভাবে কনফার্ম করবো? বাল্ব আবিষ্কারের পর যখন বাল্ব দৃশ্যে আসলো তখন যদি আমরা প্রশ্ন করি যে আমাদের দৃশ্যে বাল্ব আসার আগে বাল্বটি আসলে কোথায় ছিলো? বা এই যে আমটি আমরা দেখছি এই আমটি আমাদের প্লেটে আসার আগে কোথায় ছিলো? বাজারে ছিল? বাজারের পূর্বে? গাছে ছিলো? গাছের পূর্বে? এইভাবে প্রত্যেকটা পর্যায়েরই একটা দৃশ্য আছে। ঘরের কাছে বাজার অদৃশ্য এবং অধি। বাজারের কাছে বৃক্ষ অদৃশ্য এবং অধি। বৃক্ষের থেকে বৃক্ষের আভ্যন্তরীন রসায়নে অদৃশ্য এবং অধি। এইভাবে একটা পর্যায়ে অধিকে আমরা বস্তুর ভেতর কনফার্ম করতে পারিনা। ফলে আমাদের লিমিটেশন দিয়ে অর্থাৎ আমাদের জ্ঞান দিয়ে যখন অধির অধিতে পৌঁছতে পারিনা তখন সেটাকে আমরা পরাশব্দ বলে চিহ্নিত করেছি। পরাশব্দের অস্তিত্ব স্বীকার করে আমরা কেবল শব্দব্রহ্ম থেকে স্থুলশ্রুতিগ্রাহ্য শব্দ পর্যন্ত কনফার্ম করছি।
প্রত্যেকটা বস্তুরই একটা শব্দগত রূপ আছে। আছে দৃশ্যগত রূপ। যেমন ধরেন কাঁচের গ্লাস হাত থেকে পড়ে গেলে যে ধরনের শব্দ হবে হাত থেকে কাঁচ পড়ে গেলে ভিন্ন ধরনের শব্দ হবে। এইভাবে গ্লাস ও কাঁচকে আমরা একটা পর্যায় পর্যন্ত কনফার্ম করতে পারি।যতক্ষণ কাঁচ মেটারের মধ্যে থাকে ততক্ষণ আমরা সক্ষম, কিন্তু যখনই মেটার ফিজিকশূন্য হয়ে পড়ে তখনই আমাদের কাছে ঝামেলা ঠেকে। আসলে মেটাকে দেখার বা শোনার জন্যে যে প্রকার দর্শন দরকার সেটা থেকে আমরা বিচ্যুত হয়েছি ফলে বিজ্ঞানকে বস্তুকেন্দ্রিকতায় রেখে আমাদের অধির অন্বেষণ ব্যার্থ হবে। হয় বিজ্ঞানকে বস্তুকেন্দ্রিকতামুক্ত করতে হবে নতুবা অধি দর্শনের জন্যে দর্শনকে স্পেস করে দিতে হবে। এবং গুরুদায়িত্ব তুলে দিতে হবে।
পরাবিজ্ঞান বুঝতে হলে আপনি একজন শিল্পীকে ফলো করতে পারেন। আপনি দেখবেন যে পরাবিজ্ঞান কীভাবে বিজ্ঞান হয়ে উঠে। বিশেষ কীভাবে পর্দা তুলে দিয়ে ক্রমান্বয়ে সামান্য হয়ে উঠে। অদৃশ্য থেকে কীভাবে দৃশ্য সৃষ্টি হয়! সামান্য একখন্ড কাঠের ভেতর বা সামান্য একখণ্ড পাথরের ভেতর যে পিয়েতা লুকিয়ে ছিলো মিকেলাঞ্জেলোর সৃষ্টির পূর্বে সেটা যেন আপনি ভাবতেই পারছেন না। বাল্ব একটি ক্রিয়া বিশেষ। প্রত্যেকটি ক্রিয়ার এক বা একাধিক কর্তা আছেন। দৃশ্য এরকম একটি ক্রিয়া বিশেষ। ক্রিয়া এক প্রকার প্রকাশও বটে। বাল্ব, দৃশ্য বা ক্রিয়া প্রকাশিত হবার পূর্বে আপনার কাছে অদৃশ্য। ধরা যাক সক্রেটিস কি ভাবছেন? সেটা সেই ভাবনাটা ‘অধি’, প্রকাশের পরে সেটা একটা বক্তব্য এবং ক্রিয়া বিশেষ। বা সেটা একটা আইন বা একটা দ্রব্য। এই যে দ্রব্য হয়ে ওঠা, আইন বা বক্তব্য সেটা কিন্তু অধির হয়ে ওঠা বা অধির দৃশ্যগত রূপ। নিরুক্তের ভাষায় এ হল মূর্তং সত্ত্বভূতম্। ঘট পটের মতো দ্রব্য হয়ে উঠছে যেন এই ক্রিয়া। তিঙন্ত পদ নয়, ধাতুতে কৃৎপ্রত্যয় যোগ করে যে কৃদন্ত নামশব্দকে ধাতুনিষ্পন্ন মানতেন। ফলত নামশব্দের অর্থ হিসেবে পিণ্ডীভূত সিদ্ধ ক্রিয়া থাকবেই। মহাভাষ্যে পতঞ্জলি তাই বলেন-কৃদভিহিতো ভাবো দ্রব্যবদ্ ভবতি (উপপদম্ অতিঙ্-পা.২।২। ১৯ সূত্রের মহাভাষ্য, ড. করুণাসিন্দু দাস, প্রাচীন ভারতের ভাষাদর্শন, প্রগ্রেসিভ পাবলিশার্স, কলকাতা)।
প্রত্যেকটা বস্তুর ভেতর আমরা অধি কনফার্ম করতে না পারার দরুন সংঘর্শ সৃষ্টি হচ্ছে সেটা আমরা পূর্বেই বলেছি। আসলে আমাদের বিজ্ঞান বা পরাবিজ্ঞান বিষয়ক আলাপ আলোচনায় যাওয়ার পূর্বে চিন্তা এবং শব্দের মধ্যকার সম্পর্ক নিয়ে ভাবা উচিৎ। কারণ শব্দের মধ্যেও স্খুলে থেকে ক্রমান্বয়ে সূক্ষ্মে চিন্তাভাবনা করলে বিদ্যার পাশাপাশি যেভাবে পরাবিদ্যা নামক বিষয় আছে, তেমনি শব্দ বিষয়ক আলাপ আলোচনায় পরাশব্দও আছে। এখন সেই পরা বা অধি শব্দকে কি আমরা শব্দ দিয়ে কনফার্ম করতে পারবো কিনা এটাও একটা প্রশ্ন। বাক বিষয়ক আলোচনায় অধি কীভাবে পর্বে পর্বে হাজির হয় আসুন আমরা একটু খেয়াল করি। তার আগে আমাদের এখানকার যে ভাষা, উৎপত্তি বা বুৎপত্তিগতভাবে যে অর্থ সেই অর্থ হারিয়ে শব্দের অর্থদূষণ ঘটেছে। ফলে দূষিত অর্থ দিয়েও আমরা শব্দের প্রকৃত স্বরূপকে অণুধাবন করতে পারি না। যেমন বাঙলায় বিজ্ঞান শব্দটি বিশেষ জ্ঞানের অর্থ হারিয়ে আজ বস্তুবিশেষের জ্ঞান বুঝানো হচ্ছে। অথচ প্রকৃত প্রস্তাবে অধিই কিন্তু বিশেষ জ্ঞান বা বিজ্ঞান। সেই জ্ঞানের জন্যে বিশেষ যে প্রস্তাবনা সেটা তো সামান্য দিয়ে হবে না। যেমন ‘পাবে সামান্যে কি তার দেখা/বেদে নাই যার রূপরেখা’। এখানে খেয়াল করুন এই যে ‘তার’ এটা হচ্ছে ‘অধি’ এই অধিকে বেদ দ্বারা কনফার্ম হওয়া যায় না। কারণ বেদ শব্দ বিদ্ ধাতু নিষ্পন্ন যার অর্থ বিদিত হওয়া বা জানা। জানা দিয়ে তো আর অজানাকে জানা যাবে না। সেটার জন্যে, সেই জানার জন্যে আমাদের এখানে বৈশেষিক দর্শন আছে। আগ্রহীরা পাঠ করে দেখতে পারেন। আমাদের এখানকার বিজ্ঞানের মতো অসংখ্য শব্দের যেমন অর্থ দূষণ ঘটেছে ফলে দূষিত শব্দ দিয়ে আমরা ‘অধি’ কেন শব্দের নিজস্ব রসায়নটাই যেখানে ধরতে ব্যর্থ হচ্ছি একইভাবে পাশ্চাত্যের কিছু ভাষায় বিশেষেত ‘রোমানদের নিরুত্তিতেও একই সমস্যা চোখে পড়ে। লাতিন শব্দ vulpes (খেঁকশিয়াল) নাকি votlo (আমি উড়ি)+pes(পা) থেকে উদ্ভুত; lepus (খরগোস) হল levis (light)+pes (পা) এর যোগফল। bellum (যুদ্ধ) যদি bellus (beautiful) থেকে নিষ্পন্ন মানতে হয়, অর্থসঙ্গতি সাধনের দায় এড়ানো মুশকিল (ড. করুণাসিন্দু দাস, প্রাচীন ভারতের ভাষাদর্শন, প্রগ্রেসিভ পাবলিশার্স, কলকাতা)।
এবার আমরা বাক্-এর ভেতর কীভাবে অধি লুকানো আছে সেটা দেখে নিয়ে লেখা শেষ করতে পারি। বলা হচ্ছে,‘পরা বাঙ্ মূলচক্রস্থা,পশ্যন্তী নাভিসংস্থিতা।/হৃদিস্থা মধ্যমা জ্ঞেয়া, বৈখরী কন্ঠদেশগা।বাক্-এর স্থূল এক-চতুর্থাংশই মানুষের কন্ঠে উচ্চারিত হয়। বাকি সূক্ষ্ম তিন-চতুর্থাংশ গুহাহিত গহ্বরেষ্ঠ। তা পরশ্রবণগোচর হওয়ার কথাই ওঠে না। স্থূল থেকে সূক্ষ্ম ক্রমে এই চাররকম বাক্ – এর নাম বৈখরী, মধ্যমা, পশ্যন্তী এবং পরা। বলা হয়- বৈখরী শব্দনিষ্পত্তির্মধ্যমা’শ্রুতিগোচর।/ আন্তরার্থ চ পশ্যন্তী সূক্ষ্মা বাগ্ অনপায়িনী। খ-এর অর্থ আকাশ এবং ফাঁকা জায়গা; খ-র হল গলবিবরযুক্ত কন্ঠদেশ; বিবৃত্ত খর=বিখর, এই বিখরে অর্থাৎ কন্ঠদেশে বর্তমান থাকায় স্থূল বাক্ বৈখরী নামে পরিচিত হয়। বৈখরী বাক্ শ্রোত্রবিষয়া অর্থাৎ অন্যের শ্রুতিগোচর (বৈখর্যাহি কৃতো নাদঃ পরশ্রবণগোচর)। মধ্যমা বাক্-এর স্থান হৃদয়দেশ। তা সূক্ষ্ম বলে অন্যের গোচর নয়। কান বন্ধ করে বা বক্তা নিজে নিঃশব্দ উচ্চারণে এই মধ্যমাকে শুনতে পান (স্বয়ং কর্ণপিধানে সূক্ষ্মতরবায্বভিঘাতেন উপাংশুশব্দপ্রয়োগে চ শ্রূয়মাণা। ছায়াটীকা)। পশ্যন্তী আরো সূক্ষ্ম। তার স্থান নাভিতে। কেবল যোগীর সমাধিতে সবিকল্প জ্ঞানের বিষয় হিসেবে তার প্রতিভাস ঘটে। আর, পরা বাক্ সূক্ষ্মতম। তা, বিন্দুস্বরূপ, নাদমাত্র ও জগদুপাদান, সর্বজ্ঞাত হলেও ভাব প্রকাশে ইচ্ছুক প্রাণীর মূলাধারেই তার অভিব্যক্তি। এই স্বপ্রতিষ্ঠ নিস্পন্দ পরা বাক্ যোগীর সমাধিতে নির্বিকল্পক জ্ঞানে প্রতিভাসিত হয়। এরই নাম শব্দব্রহ্ম, যার প্রসঙ্গে ভর্তৃহরি বাক্যপদীয় (১/১) গ্রন্থে বলেছেন-অনাদিনিধনং ব্রহ্ম শব্দতত্ত্বং যদক্ষরম্।/ বিবর্ততে’র্থভাবেন প্রক্রিয়া জগতো যতঃ। শব্দব্রহ্মাদ্বৈতবাদীদের চোখে এই অর্থজগত শব্দব্রহ্মের বিবর্ত। পরা, পশ্যন্তী মধ্যমাকে তিনি প্রণব(=ওঙ্কার)-এর সূক্ষ্মতম,সূক্ষ্মতর ও সূক্ষ্ম রূপ বলে মানেন। নাগেশ পরমলঘুমঞ্জুষায় জানিয়েছেন,-বৈখরী মধ্যমানাদকে উৎসাহিত করে, আর, মধ্যমানাদ স্ফোটের অভিব্যক্তি ঘটায়। ফলে অর্থপ্রকাশ হয়। ধ্বনি,স্ফোট,অর্থ-এইভাবে তিনটি বিষয় ব্যাকারণে স্বীকৃত। লক্ষ্য করার বিষয়,পরবর্তী বৈয়াকরণরা সূক্ষতাবিচারে চাররকম বাক্-এর কথা বললেও বাক্যপদীয়তে ভর্তৃহরি ত্রয়ী বাক্-এর তত্ত্বই বলেছেন। পৃথক পরা বাক্ সেখানে অনুপস্থিত। বৈখর্যা মধ্যমায়াশ্চ পশ্যন্ত্যশ্চৈতদ্ভুতম্।/ অনেকতীর্থভেদায়াস্ত্রয্যা বাচঃ পরং পদম্। (বাক্যপদীয় ১।১৪৩)।
স্বরূপজ্যোতিরেবান্তঃ পরা বাগ্ অনপায়িনী বাক্যে পরাবাক্ কথাটিও অবশ্য আছে। বলা বাহুল্য, পরা ও পশ্যন্তী এখানে একটি স্তর বলেই গণ্য। অর্থাৎ পরা=পশ্যন্তী। পরা বাক্ –কে অতিরিক্ত ও চতুর্থপর্যায় ধরে চতুর্বিদ বাক্-এর তত্ত্ব প্রথম মেলে সোমানন্দ-এর শিবদৃষ্টি গ্রন্থে। এটি প্রত্যভিজ্ঞাদর্শনের গ্রন্থ। সোমানন্দ দেখিয়েছেন বাক্ এর সূক্ষ্মতম পর্যায় পশ্যন্তী হতে পারে না। পরা বাক্ –এর কথা তাই তিনি পৃথকভাবে মানেন। এদিক থেকে প্রসঙ্গটি ব্যাকরণদর্শনে শৈব প্রত্যভিজ্ঞাদর্শনের দান হিসেবে উল্লেখযোগ্য। সোমানন্দ, উৎপল,অভিনবগুপ্ত প্রভৃতি শৈব দার্শনিকদের গ্রন্থ যে নানাভাবে ব্যাকারণদর্শন অনুধাবনে সহায়ক, তাতে সন্দেহ নেই (পৃষ্ঠা ৩২-৩৩, বাগর্থপ্রতীতি, প্রাচীন ভারতের ভাষাদর্শন, ড.করুণাসিন্দু দাস, প্রগ্রেনিভ পাবলিশার্স, ৩৭এ, কলেজ স্ট্রীট, কলকাতা-৭৩)।
সুতরাং বিজ্ঞান এবং পরাবিজ্ঞান বিষয়ক আলাপ আলোচনা করবার পূর্বে এখানকার মনিষিদের কথা ভাবতে হবে। বাঙলাভাষায় বিজ্ঞানচর্চা বা থিওলজিচর্চা করতে হলে আগে তো ভাষাটাকে ভালোভাবে জানতে হবে। যথার্থভাবে ভাষাজ্ঞান না হলে ভাষাও আমাদের সঠিক পথ দেখাতে পারবে না। ফলে বিজ্ঞান ও থিওলজির এই বিবাদের ইস্তফা দিয়ে আমাদের মনোনিবেশ করা উচিৎ ভাষার দিকে, বিশেষত শব্দের অর্থ এবং এর আন্তঃশৃঙ্খলার দিকে। মাতৃভাষা আমাদের সম্পর্কচর্চার জন্যে থাকুক, কিন্তু জ্ঞান বিজ্ঞান নিয়ে চিন্তাভাবনা করতে গেলে শুধু মাতৃভাষায় আটকে থাকলে চলবে না, বাঙলাভাষাটাকেও ভালোভাবে জানতে হবে। মাতৃ বা পিতৃ চরিত্র থেকে বের হয়ে এসে ভাষার নিজস্ব বিকাশ এবং এর কর্তাসত্ত্বার দিকে আমরা মনোনিবেশ করলেই নিজেদের দায়িত্ব বুঝে পাবো বলে মনে হয়।তখন এগিয়ে যাওয়া কিছুটা হলেও নিঃস্কন্টক হয়।











