শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’

news-image

স্বাধীনতার প্রথম এবং স্পষ্ট উচ্চারণ ‘আমি’, -সপ্তপঞ্চা

স্বাধীনতার ধারণার সাথে শামসুর রাহমানের যোগাযোগের মধ্যে দিয়ে তার গুরুত্ব অনুধাবন করা যায়। উপনিষদের স্বাধীনতা বা বৈষ্ণব, শাক্ত এবং সুফিদের স্বাধীনতার যে ধারণা সেখান থেকে শামসুর রাহমান আরো বেশি মূর্ত।এখানকার লোকদের স্বাধীনতার ধারণা খুব ভাসাভাষা টাইপ। এটা উপরিস্থিত ভাষা। অতলে নিয়ে যায় না। বাহান্নর ভাষা আন্দোলনও এমনই। উপরিস্থিত, তলে শেকড় যায়নি। আন্দোলন একটা নড়বড়ে ছন্দ। সেটার স্থিরতা নির্ভর করে যা তরঙ্গায়িত হচ্ছে তার ইনার ক্যামেস্ট্রির উপর। ফলে বস্তুকে বা ভাবকে সাময়িকভাবে টলানো-দুলনিতে স্থায়িত্ব আনা সম্ভব নয়।

আধুনিক কবিতায় ‘তুমি’ শব্দের ব্যবহার অত্যন্ত কাঙ্খিত কিছুর, আকাঙ্খার বিষয় হিসাবে যা কিছু কাঙ্খিত তার প্রকাশ দেখেই আমরা বিষয়টার মর্মে পৌঁছতে পারি। তাহলে কাঙ্খিত বস্তুর প্রাপ্তীর মধ্যে দিয়ে কি ঘটে? কি হয়? এই হওয়াটা কি স্বাধীনতা। কাঙ্খিত বস্তুর প্রাপ্তী ঘটলেই কি স্বাধীন হয় মানুষ? স্বাধীনতার ধারণার সাথে কি কাঙ্খিতবস্তুযোগের কোনো সম্পর্ক আছে? এগুলো প্রশ্ন। এগুলো থাকলো।

শামসুর রাহমানের কবিতা ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’র কথা মনে হলে সাথে সাথে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের কথাও মনে পড়ে। বিবিধ কারণেই মনে পড়ে। রাহমানের তোমাকে পাওয়ার জন্যে যে ‘তুমি’ এই তুমিই হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা আকাঙ্খার ধন। তাহলে স্বাধীনতা নামক আকাঙ্খার ধন পেয়ে গেলে সেটা থেকে খরচ করে করে না হয় চলা গেল, কিন্তু তাতে কি স্বাধীনতা হলো? ভেবে দেখুন মানুষের কি সত্যিকারের স্বাধীনতা লাভ ঘটেছে? মানুষের স্বাধীনতা এবং রাষ্ট্রের স্বাধীনতার ভেতর পার্থক্য কী? রাষ্ট্র স্বাধীন হলে কি মানুষ স্বাধীন হয়ে যায়? ব্যক্তি স্বাধীনতা ভোগ করে? এখানে এসে আমরা ফের রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতা পাঠ করি। এইখানে এই আকাঙ্খার বস্তু স্বাধীনতা হচ্ছে মোটা দাগে রাষ্ট্রের সাথে সম্পর্কিত। আরো কতো ভাবে সম্পর্কিত সেটাও দেখাবো। দেখাবো যে আসলেই অপরাপর কিছুর সাথে সম্পর্কিত থাকলেই কি সেটা স্বাধীনতা হয়ে যায়! এবিষয়ে প্রশ্ন উত্থাপণ করা। রাহমানের স্বাধীনতা রাষ্ট্রের সাথে সম্পর্কিত। রাষ্ট্র এইভাবে ‘তুমি’ হয়ে হাজির হওয়াটা আধুনিক কবিতার লক্ষণ নয়। এটা পাশ্চাত্যের সাহিত্যের দিক থেকে যেমন সত্যি তেমনি এখানকার ত্রিশীয় আধুনিকতার পথ ধরে শামসুর রাহমান অতিক্রম করে এখন পর্যন্ত আকাঙ্খার বস্তু হিসাবে তুমি বা স্বাধীনতা শব্দটি আধুনিকতার স্মারক নয়। তাহলে মধ্যখানে রাহমানকে আমরা বিশেষভাবে পাই কেন? কারণ রাহমান ‘তুমি’ এবং যার আরাধ্য স্বাধীনতা যাকে নিদিষ্ট করে দিয়েছেন। কবি যেখানে এই আরাধ্যতা নির্দিষ্ট করে দিয়েছেন সেখানে স্বাধীনতা না এসে পারে? এসেছে, বাঙলাদেশ স্বাধীন হয়েছে। এটা আপনারা জানেন, এ বিষয়ে আমরা ইতি টানবো না। কথা এখনও শেষ হয়নি।

আধুনিক কবিতায় কাঙ্খিত বস্তু হিসাবে রাষ্ট্র আসে না। আসে না কারণ, রাষ্ট্র আধুনিক না হলে সেই দেশের কবিতা কীভাবে আধুনিক হয় সেটা আমাদের ভাবনায় ধরে না। ফলে বোঝা যায়, আধুনিক ভাষা কাঠামোয় একটা প্রার্থনা উঠছে যে রাষ্ট্র আধুনিক হোক, এটা রাহমানের দিক। শামসুর রাহমান তাঁর পূর্ববর্তী কবিদের মতো ভাসাভাষা নন, ভণ্ডামী করেননি। তিনি ভাষার প্রকৃত স্বরূপটা কিছুটা হলেও বুঝতে পেরেছিলেন এবং ভাষার প্রশ্ন তোলার আগে রাষ্ট্রের হাল হকিকত জেনেছেন। রাষ্ট্রকে বেশ কিছু উপাদান দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। এরপরে তার স্বাধীনতা চাচ্ছেন। আধুনিক ভাষা কাঠামো দিয়ে রাষ্ট্রের যে স্বাধীনতা চাওয়া হচ্ছে, রাষ্ট্রের সাথে ডায়লগ করা হচ্ছে, আকাঙ্খার ধন হিসাবে যাকে চাওয়া হচ্ছে, সেই রাষ্ট্র কি এই চাওয়াটা বুঝতে পারে? যেহেতু শুরুতেই আমরা দেখেছি যে, স্বাধীনতার যে আকাঙ্খা সেই আকাঙ্খা যে ভাষায় প্রকাশ করা হচ্ছে সেটা আধুনিক, কিন্তু রাষ্ট্র তো আধুনিক নয়, তাহলে আকাঙ্খা রাষ্ট্রের সাথে এক অসম আকাঙ্খায় বা অসম ভাষায় ডায়লগ করছে। ফলে এখান থেকে মিলন না সংঘাত সৃষ্টি হবে সে বিষয়ে ভাবনা করা সহজ। রাহমানের কবিতায় এই তুমি কেবল আকাঙ্খারই নয়, আশা-আকাঙ্খার প্রতীক হয়ে এসেছে। আরেকটু ডিটেলে আমরা দেখি, রাহমান লিখেছেন, ‘স্বাধীনতা, তোমার জন্যে/ হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে/ বসে আছে পথের ধারে।/ তোমার জন্যে,/ সগীর আলী, শাহবাজপুরের সেই/জোয়ান কৃষক,/ কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা,/ মতলব মিয়া,/ মেঘনা নদীর দক্ষ মাঝি,/ গাজী গাজী ব’লে নৌকা চালায় উদ্দান ঝড়ে/ রুস্তম শেখ, ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস/ এখন পোকার দখলে/ আর রাইফেল কাঁধে/ বনে জঙ্গলে ঘুড়ে বেড়ানো/ সেই তেজী তরুণ যার পদভারে/ একটি নতুন পৃথিবীর জন্ম হ’তে চলেছে –/ সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনত’। স্বাধীনতা এখানে আকাঙ্খার বস্তু হিসাবে যেভাবে হাজির হচ্ছে, কিছুটা ভিন্নভাবেও দেখা যাচ্ছে। যেমন, ‘স্বাধীনতা, তোমার জন্যে/ মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে/ নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের’। বিধবার এই দাঁড়িয়ে থাকা তো এক প্রকার অপেক্ষা।

তাহলে এই অপেক্ষার অবসানই কী স্বাধীনতা। নাকি অপেক্ষা থেকে মুক্তিই স্বাধীনতা। স্বাধীনতা এবং মুক্তির ধারণা নিয়েও কথা বলতে হবে আমাদের। রাহমান অপেক্ষার সাথে স্বাধীনতার ধারণার যোগ ঘটিয়ে দিয়েছেন। অপেক্ষার ইনফিনিট সাজেশন হিসাবে স্বাধীনতাকে একটা মার্জিন হিসাবে রেখেছেন। কিন্তু অপেক্ষা থেকে মানুষ কি স্বাধীনতায় গমন করে? স্বাধীনতার ধারণা কি কোনও কিছুর সাথে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে বুঝায়? মানুষের অপেক্ষা কখন শেষ হয়? অপেক্ষা শব্দটির মধ্যে পক্ষ পক্ষ ব্যাপার আছে। একটা পক্ষ অপেক্ষা করে। কার জন্যে অপেক্ষা করে? যার জন্য অপেক্ষা করে সেই পক্ষকে পেলে যা ঘটে সেটাকে প্রাপ্তীযোগ বলা যায়। তাহলে প্রাপ্তীযোগ কি এক প্রকার স্বাধীনতা? আবার দেখুন, রাহমান লিখেছেন, ‘আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুড়ে বেড়ানো/ সেই তেজী তরুণ যার পদভারে/ একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে –/ সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনত’। এখানে তেজি তরুন এই শব্দদিয়ে গর্ব, না দাম্ভিকতা প্রকাশ করছে! তাহলে দম্ভ বা গর্বের ভেতর কি ইনফিনিট সাজেশন আছে যেখান থেকে স্বাধীনতা আসতে পারে?আকাঙ্খিত স্বাধীনতার জন্যে রহমান এক প্রকার ক্ষতি, ক্ষত এবং ক্ষতিয়ান পেশ করেছেন। আসেন পড়ে ফেলি, ‘তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,/ সাকিনা বিবির কপাল ভাঙলো,/ সিঁথির সিঁদুর গেল হরিদাসীর।/ তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,/ শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো/ দানবের মত চিৎকার/ করতে করতে/ তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,/ ছাত্রাবাস বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেল/ আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।/ তুমি আসবে ব’লে, ছাই হলো গ্রামের পর গ্রাম।/ তুমি আসবে ব’লে, বিধ্বস্ত পাড়ায় প্রভূর/ বাস্তুভিটার/ ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর।/ তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,/ অবুঝ শিশু হামাগুড়ি দিলো পিতামাতার লাশের উপর।/ তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে/ আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ?/ আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?/ স্বাধীনতা, তোমার জন্যে এক থুত্থুরে বুড়ো/ উদাস দাওয়ায় ব’সে আছেন – তাঁর চোখের নিচে অপরাহ্ণের/ দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল’।/ স্বাধীনতা, তোমার জন্য খেয়াল করলে দেখা যাচ্ছে স্বাধীনতার জন্যে আধিপত্যবাদ, ক্ষতি, অসহায়ত্ব, নিয়তি প্রশ্ন এগুলো নানাভাবেই স্বাধীনতার প্রশ্নে বড় ধরনের বিয়োগ। তাহলে এই যে ক্ষতি, এই ক্ষতির ভেতরে কী ইনফিনিট সাজেশন হিসাবে স্বাধীনতা আছে? অসহায়ত্ব মোচনের মধ্যে দিয়ে কি স্বাধীনতা আসবে? নাকি নিয়তির থেকে মুক্ত হলে সাত্যিকারের স্বাধীনতা পাওয়া যাবে? রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় এইসমস্ত উত্তর পাওয়া যাচ্ছে না। কবি এখানে হত্যাখুণ, সেনাবাহিনীর মাস্তানি, অপেক্ষা, ক্ষতি এসব ঘটনার প্রেক্ষিতে এসবের অবসানের মধ্যে দিয়ে স্বাধীনতা চান। কবি এখানে কেবল আশা-আকাঙ্খার প্রকাশ করেই ক্ষান্ত হয়েছেন। ঘটনার অবসান মানেই স্বাধীনতা কিনা এই প্রশ্নে আমরা যাবো।

লক্ষ করুন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে মুক্তির জন্যে যে ভাষা, ডায়লগ এবং সময়কাল সেখানে তিনি তেইশ বছরের একটি ক্ষতিয়ান তুলে ধরেছেন। মুক্তির প্রশ্নে তিনি বন্ধিত্ব এবং ক্ষতিয়ান ও অসহায়ত্বের দিকগুলো তুলে ধরেছেন।মুক্তির পেছনে সময় এবং ঘটনাকে বঙ্গবন্ধু এভাবে ব্যাক্ত করেছেন,‘আজ দুঃখের সঙ্গে বলতে হয় ২৩ বৎসরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। ২৩ বৎসরের ইতিহাস মুমূর্ষু নর-নারীর আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস-এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। ১৯৫২ সালে রক্ত দিয়েছি। ১৯৫৪ সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। ১৯৫৮ সালে আয়ুব খান মার্শাল ল’ জারি করে ১০ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। ১৯৬৬ সালে ৬দফা আন্দোলনে ৭ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে’ ইত্যাদি। বাঙালীর ইতিহাস ভিত্তিক সময়কালকে যদি আমরা এইভাবে দেখি তাহলে ১৯৭১, ১৯৫২, ১৯০৫ এবং হাজার বছর। বঙ্গবন্ধু ভাষা আন্দোলন এবং পাকিস্তান পর্বের বাঙলাদেশ থেকে ঘটনাপঞ্জি তুলে ধরে মুক্তির ধারণাকে হাজির করেছেন। বাঙালির ইতিহাস এবং এর স্ট্রাগলকে পাকিস্তান পর্বের বিপক্ষের বাস্তবতার সাথে জড়িয়ে দেয়া হলো। ফলে ১৯০৫ বা হাজার বছর ধরে বাঙালীর যে স্ট্রাগল, বাঙালীর উপরে দিয়ে বয়ে যাওয়া অত্যাচার, ক্ষত কিংবা আঘাত, লড়াইয়ের ইতিহাস চাপা পড়ে যায়। বাঙালীর সার্বজনীন লড়াইটা গৌণ হয়ে কেবল পাকিস্তানের বিপক্ষ্যে লড়াইটা রিমার্ক হয়ে গেল

বাঙালির ইতিহাস যেন শুধু মাত্র পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস নির্ভর হয়ে পড়ল। যে লড়াই অসম, ভারসাম্যহীন এবং যেখানে অধীনতা এবং স্বাধীনতার প্রশ্নকে পাশ কাটিয়ে মুক্তির ধারণা নিয়ে আসা হলো। মুক্তিকে স্বাধীনতার সাথে যুক্ত করা হলো। অবসানকেই মুক্তি, স্বাধীনতা এবং আকাঙ্খার ইনফিনিট অবস্থা ভাবা হয়েছে। এই যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে/নড়বড়ে খুঁটি ধ’রে দগ্ধ ঘরের, এখানে দাঁড়িয়ে থাকা মানে হচ্ছে অপেক্ষায় থাকা। অপেক্ষার অবসান ঘটবে কাঙ্খিত পক্ষের আগমনের মধ্যে দিয়ে। এই আগমনই এক প্রকার প্রাপ্তীযোগের লক্ষণ, কিন্তু ঠিক প্রাপ্তীযোগ নয়। যেমন ১৯৭১ সাল আমাদের জন্যে একটি প্রাপ্তীযোগের লক্ষণ, ঠিক প্রাপ্তীযোগ নয়, আমাদের প্রাপ্তীযোগ স্বাধীনতার ধারণার মতো অতটা ব্যাপ্ত নয়। সুতরাং রাহমানের কবিতায় মোল্লাবাড়ির বিধবার অপেক্ষার পালা শেষ হয়েছে, কিন্তু কাঙ্খিত স্বাধীনতা আসেনি। বাঙালি আজ মুক্তি চায়,বাঙালী মুক্ত হয়েছে ঠিকই কিন্তু স্বাধীনতা পায়নি। স্বাধীনতা আসেনি। এর কারণ কী? কারণ তরুন যুবা হত্যা বন্ধ হয়ে গেলে, বা বিধবার অপেক্ষার পালা সাঙ্গ হলেই স্বাধীনতা আসবে এমন কোনও কথা নয়। অপেক্ষার পালা শেষ হওয়া মানে একটা ক্রিয়ারূপ শেষ হলো। এতে ক্রিয়া শেষ হয়ে যাওয়া বুঝায় না। ক্রিয়ারূপের এই যে নিরন্তর চক্রে চক্রে পরিভ্রমণ এই ধারণার সাথে স্বাধীনতার ধারণা ভিন্ন। স্বাধীনতা এবং অধিনতার ধারণা, মুক্তি ও ক্রিয়াবিশেষের অবসানের সাথে পার্থক্য আছে। অধীনতার ধারণা আমাদের এখানকার তাত্ত্বিক পরিমণ্ডলে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

ভারতীয় জ্ঞান কাঠামোতে প্রত্যেকটা বস্তুরই অধি আছে। প্রত্যেকটা নামরূপ বা বস্তুর। যেমন ভাস্কর্ষের অধি হচ্ছে তার উপাদান। উপাদানের অধীনে আটকে থাকাই হচ্ছে অধিনতা। উপাদান থেকে ভাস্কর্য হয়ে ওঠা হচ্ছে অধিনতামুক্ত হওয়া, নতুন একটা রূপের অধীনতায় যাওয়া। এভাবে প্রত্যেকটা বস্তুর বিকশিত বা রূপান্তরিত ফর্মের মধ্যেই অধি থাকে সেটা আমরা বুঝতে পারি না। অন্যদিকে স্বাধীনতা হচ্ছে স্ব বা নিজ’য়ের অধীনতা।এখানেই অধি থেকে অধির নামান্তর বা রূপান্তরের মধ্যে আমরা কর্তা সত্ত্বা পেয়ে যাই। ভাষ্কর্য তার কর্তাসত্ত্বা দাবি করতে পারেনা, কিন্তু মানুষ অধি থেকে অধির রূপান্তরের মধ্যে কোনও এক সময় কর্তাসত্ত্বা দাবি করে ফেলে। এটা একটা ঘটনা,বৃহৎ বিস্ফোরণের মতো ঘটনা। এভাবে নিজের অধীন হওয়া মানে অধি থেকে অধিতে রূপান্তরের কর্তাসত্ত্বা হয়ে যাওয়া,রূপান্তরের কর্তৃত্ব গ্রহণ করা। যাহোক, বঙ্গবন্ধু বাঙালীর তেইশ বছরের লড়াই-সংগ্রাম ক্ষতের কথা বলেছেন,তিনি যদি বলতেন বৈদিক কালে বাঙালীর উপর এই নির্যাতন করা হয়েছে, মৌর্যযুগে, পাল, সেন, সুলতানী, মুঘল, বৃটিশ এবং পাকিস্তান প্রিয়ডের বাঙালীদের লড়াই-সংগ্রাম, ক্ষতের ইতিহাস তাহলে বাঙালী স্বাধীনতার এবং অধীনতার সাথে এক সার্বিক ডায়লগ করার সুযোগ পেতো, এবং সেই ডায়লগের মধ্যে দিয়ে যদি বাঙালীর মুক্তি হতো, তাহলে সার্বিকভাবেই হতো। আশ্চর্য্যের বিষয় হচ্ছে ৭১ এ যুদ্ধ হয়েছে ঠিকই কিন্তু কোনও প্রকার ডায়লগ হয়নি। যুদ্ধও যে এক প্রকার ডায়লগ এটা বোধ করি কারো মাথায়ই আসেনি তখন।

স্বাধীনতা মানে এই কর্তাসত্ত্বার হাজিরা। এটা একটা চৈতন্য, কোনো কিছুর অবসান বা আসানের মধ্যে দিয়ে এর প্রাপ্তী ঘটবে এমনটা ভাবা যায় না। এখানে পাওয়ার কিছু নেই, ক্রিয়াবিশেষে বলতে গেলে ‘হওয়া’ দিয়ে খানিকটা ভাব প্রকাশ করা যায়। সাঁইজীর কালাম দিয়ে শেষ করি, ‘কর্তারূপে রূপের নাই অন্বেষণ/অন্তরে কী রূপ হয় নিরূপন/আপ্তবাক্যে পায় সে আদি ধরন/সহজ ও সাধক জনে/আপনারে আপনি চিনিনে।

আপনারে চেনার মধ্যে দিয়েই স্বাধীনতার যাত্রা শুরু হয় এটা রাহমানের যুগ পেরিয়ে এখনও আমাদের কাছে স্পষ্ট নয়!