শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসীম খর্বতার গল্প

news-image

অলৌকিক এক মধ্যাহ্নে ফরিদের উল্টোযাত্রার শুরু। সেই সময়টায় লালবাতি সিগন্যালে থমকে দাঁড়িয়েছিল প্রাচীন সূর্য। তখন দলাদলা মেঘ, পচাগলা মেঘ জোটবদ্ধ গুপ্তঘাতকের ক্ষুরধার চাপাতি। তখন পাড়ামহল্লায় বেহালা বাজাতে বাজাতে হঠাৎ স্ট্যাচু না-সকাল না-সন্ধ্যা। দম ফুরিয়ে একসাথে বন্ধ নাগরিকদের হাতঘড়ি। তখন উড়ে উড়ে বিলবোর্ড-আকাশ পার হতে ব্যর্থ বিমর্ষ বালিকা বিদ্যালয় ঘরে ফিরছিল ব্যাগপ্যাক পিঠে। সেই সময়টাতেই ফরিদের সমূহ বিপর্যয়ের সূত্রপাত। তবে সেটা আসলেই বিপর্যয় কীনা— কে বলবে! হয়তো এটা ছিল শিশুভ্রমরের নির্দোষ এক্কাদোক্কা, হয়তো সুষুম্না ধরে উর্ধ্বগামী কুলকুণ্ডলির ক্লোন, হয়তো বেকার সময়ের প্রতি আবহমানতার নিষ্ঠুর শ্লেষ।

ফরিদ এসবের কিছুই ভাবেনি, শুধু অনুভব করছিল কু-উ-উ-উ সিটি বাজিয়ে বত্রিশ বগির ট্রেন ঝিকঝিকিয়ে ছুটছে পেছনের দিকে আর ক্রমশ ছোট হয়ে যাচ্ছে সে। তার বিদ্যাবুদ্ধি, উপলব্ধি-অনুভব, ইতিহাসজ্ঞান সবই ঠিকই আছে, এমনকি ডিআইটির ঘড়ি হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকেই হাঁটছে সমকাল; শুধু ছোট হয়ে যাচ্ছে সে। তার হাত, পা, কান, নাক, মুখ, লিঙ্গ, হৃদপিণ্ড, হৃদপিণ্ডের ধুকপুকানি সব সঙ্কুচিত হয়ে যাচ্ছে। উচ্চতা পাঁচ ফুট চার থেকে চার ফুট নয় ইঞ্চি, সেখান থেকে তিন ফুট আট ইঞ্চি হয়ে যাচ্ছে সে। এভাবে অনূর্ধ্ব তেইশ থেকে অনূর্ধ্ব একুশ হয়ে অনূঢ় তেরো বছর বয়সের দিকে গড়িয়ে যাচ্ছে। আর যেন সিনেমার কোনো রোমহর্ষক দৃশ্য— তাকে দেখে সেভাবেই হাততালি দিচ্ছে স্টক এক্সচেঞ্জে সূচকের ক্রমাগত ওঠানামা। হয়তো তার অসহায়ত্ব দেখেই ভারি পাছা দুলিয়ে দূর রহস্যের দিকে ছুটে যাচ্ছে লাল-লাল ডাবলডেকার আর টেম্পুস্ট্যান্ডে দাঁড়িয়ে শিস বাজাচ্ছে এক দল উঠতি বয়সের ইপিল ইপিল-ইউক্যালিপটাস।

পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কথা জানা ছিল, কিন্তু এ যেন তারচেয়েও তীব্র কোনো টান! যৌবন থেকে যতই সে বালকবেলার দিকে গড়াচ্ছে ততই সে টান আরো তীব্রতর ও অমোঘ হয়ে উঠছে। শুধু সে একা নয়, ফরিদের সাথে ফিরে যাচ্ছে অবাক সংঘরোদ্দুর, ফিরছে মেঘমালা, গুল্মদীর্ঘশ্বাস, এ যাবৎ যাপিত জীবনের রুগ্নতা— বায়ুব্যালকনি থেকে মরুহিম বায়োস্কোপে দেখা রোরুদ্যমান দেবদারুগণ। ফরিদ স্পষ্ট বুঝতে পারে, এভাবে ফ্ল্যাশব্যাক হতে হতে সে ঢুকে পড়ে মিউজিক বাজতে থাকা আলোছায়াময় এক ট্যানেলে— যার শেষে পিতৃশুক্ররস, যার অন্তে অনন্ত মাতৃযোনির ওম— সেই বিচিত্র রমনীগুহা, যেখানে ফণা তুলে আছে অদ্ভুদ লাস্যময় এক সাপ আর তার মাথায় বিস্ময়করভাবে নেচে যাচ্ছে অলৌকিক সবুজ ব্যাঙ।

দুই.

ছোট হতে হতে, খর্ব হতে হতে, বামন হতে হতে, এ উজান যাত্রায়, এ ধূলিঝড়ে, এ পাতাঝরায় বেশ কিছু অদ্ভুদ বিষয় দর্শন হয় ফরিদের। এ যেন ফিরতে ফিরতেও বৃষ্টিসম্ভাবনা— লালনীল দীপাবলীর ইঙ্গিতময় প্রাণোচ্ছ্বাস! অনূর্ধ্ব একুশে এসে থামতেই তার সামনে এসে দাঁড়াল এক বিশাল শিঙাধারী— যেন পুরাণের গল্প থেকে উঠে আসা ওডিন সে! ফরিদ দেখে একটানে তার শিঙায় ঢুকে যাচ্ছে শিশুপার্ক— চু চু ট্রেন আর মেরি গো রাউন্ড। তারপরের টানে হুড়মুড়িয়ে শিঙায় ঢুকে পড়ে বকবক করা এফএম রেডিও আর এনজিও’র উন্নয়ন সমাচার। তারপর পাগলা গারদে বাজতে থাকা হারমোনিয়াম। অন্যদিকে, সেই শিঙার হাত থেকে বাঁচতে এদিক-ওদিক ত্রস্ত ছোটাছুটি করছে মতিঝিল বাণিজ্যিক এলাকা, বাংলাদেশ টেলিভিশন, সৌদি বোরখা ও ওড়না, সেলিব্রেটির যৌনভিডিও। তবে পরিত্রাণ নেই কারুরই। নির্লিপ্তভাবে, একে একে হাড়মাংসসমেত সব কিছু টেনে নিচ্ছে সেই শিঙাধারী।

দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরিদ শিঙার ভেতর হারিয়ে যেতে দেখে আরো অনেক কিছু— মূল্যবোধ-মতবাদ, সমকাম, সাইকাডেলিক মিউজিক, লাল পতাকার মিছিল, মাজারের কাওয়ালি, হলুদ অলকানন্দার ঝাড়, মেঘপিয়ানোর বিমূর্ত বুদ্বুদ, বোহেমিয়ানের পঙ্খিরাজ ইত্যাদি।

অনূর্ধ্ব একুশ থেকে চলে যাবার আগে ফরিদ শিঙাধারীকে সসম্ভ্রমে জিজ্ঞাসা করে, কে আপনি?

সে বলল, আমিই সময়ের অসীম যোনি। আমিই ভিন্নতর এক কৃষ্ণবিবর!

এরপর আবারো ব্যাকট্র্যাক। অনূর্ধ্ব একুশে এসে তার সাথে দেখা হয় এক ধ্যানমগ্ন সন্ন্যাসিনীর। চূড়াখোঁপা করে বাঁধা দীর্ঘ চুল, জ্যোতির্ময় ত্রিনয়ন থেকে ঠিকরে বেরুচ্ছে শান্ত, কান্তিময় দীপ্তি। সূর্যালোক এসে তার কোমল মসৃণ ত্বকে ভেঙেচুরে চুরমার হয়ে যাচ্ছে। দুই স্তন যেন দুই উড়ন্ত কপোত, নাভিতে ফুটে আছে মস্ত নীলপদ্ম, যোনিদেশে বাঙ্ময় নৈঃশব্দের কোরাস! ধ্যানমগ্ন হয়ে তিনি বসে আছেন এক কথাবলা কাছিমের পিঠে আর তাকে সঙ্গ দিচ্ছে মাতাল ঘাসের ঘুম, ব্রহ্মাণ্ড আঙুল, সোনালি দ্রাক্ষাকুঞ্জ ও রূপালি আপেল বাগান!

ফরিদ কাছাকাছি যেতেই কথাবলা কাছিম নিঃশব্দে জানায় সন্ন্যাসিনীর নিজস্ব ফায়ার ব্রিগেড গড়ে তোলার পরিকল্পনা। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা আর গুলশান লেক এখন তার কাছে প্রশিক্ষণ নিচ্ছে। এ অঞ্চলের তিনটে উদ্যান আর উনিশটি বিদ্যালয়ের শত শত শিশু-পাখি-প্রজাপতি-ফুল-গাছ-বেলুন-হাসিদের বাঁচাতে ওরা অগ্নিনির্বাপনের মহড়া করছে শরতের সাদা পৃষ্ঠার ওপর।

ফরিদ এবার নিঃশব্দেই জানতে চায়— কোথায় সেই আগুন কিম্বা আগুনের সম্ভাবনা?

কথাবলা কাছিম ছয়মাত্রার মাত্রাবৃত্তে জবাব দেয়—

খুব কালো করে আকাশ ছেয়েছে গানপাউডার মেঘে

ঝাঁপিয়ে নামবে আগুনবৃষ্টি এক্ষুণি, এই বুঝি—

মুষলধারায়, পাড়ায়-পাড়ায়, দ্বিধাহীন নিরাবেগে!

ফরিদ শুধায়, কে তিনি সন্ন্যাসিনী? কাছিম বলে, তিনিই স্বয়ং ধরিত্রী! পরমাপ্রকৃতি!

এরপর আবারো উল্টোযাত্রা। এবার এসে ফরিদকে থামতে হলো অনূঢ় তের বছরে। সময়টায় ঢিমেতেতালে বেজে চলা একঘেঁয়ে প্রলম্বিত এক বিষণ্ণ সঙ্গীত চারদিকে বিস্তৃত হয়ে আছে। এরই মাঝে নিজস্ব এক লাল বারান্দা নিয়ে সামনে আসে পৃথিবীর দীর্ঘতম দুপুর। সে বারান্দার যেন শুরু আর শেষ নেই। আর তার ওপর আড়াআড়িভাবে অনন্তকাল ধরে হেঁটে চলেছে একদল ডেঁয়ো পিঁপড়া। সেই পিঁপড়ার দলে শেষ পিঁপড়াটি হয়ে ফরিদও চলতে থাকে। চলতে চলতে সকাল গড়িয়ে দুপুর পেরিয়ে রাত নেমে আসে। তখন কান পেতে ফরিদ অনায়াসে শুনতে পায় এই বিষণ্ণ-বিরূপ দুঃখময় পৃথিবীর কোটি কোটি পুষ্পবৃক্ষ থেকে ঝরে পড়ছে কোটি কোটি ফুল। আর সেসব ফুলের পাপড়ির ওপর ক্রমাগত জমা হচ্ছে রাত্রির অশ্রু— রজনীহাস— বিন্দু বিন্দু, পবিত্র, ট্রান্সপারেন্ট। বয়ঃসন্ধির…

তিন.

কীভাবে যে দশ বছরে নেমে এসেছিল সেটা মনে নেই ফরিদের। কিন্তু তার ঘুম ভাঙে উনিশ শ’ পঁচাশির এক রৌদ্রকরোজ্জ্বল সকালে। মফস্বলের ছোট্ট জন্ম শহরটায় তখন গগণ কাঁপিয়ে উড়ে বেড়াচ্ছে জলপাই রঙের এক হেলিকপ্টার। শহর পেরিয়ে শহরতলী, তারপর নদী, মাঠ, প্রান্তর পেরিয়ে যান্ত্রিক সেই ফড়িং-এর পেছন পেছন ফরিদ ছুটছে তো ছুটছেই। আর সে হেলিকপ্টার উড়তে উড়তে ভূপৃষ্ঠের দিকে  উগড়ে দিচ্ছে হাজার হাজার লিফলেট! এই অভূতপূর্ব রোমাঞ্চ ফুরিয়ে গেলে রাস্তার পাশে ক্লান্ত হয়ে বসে পড়ে সে। আর তখনই নতুন চমক নিয়ে ধূলি উড়িয়ে শহরে ঢুকতে থাকে সাঁজোয়া গাড়ির বহর— কামান, ট্যাংক, চাইনিজ রাইফেল, জলপাই রঙের পোশাক পড়া নির্লিপ্ত চেহারার ইয়া ইয়া সেনাবাহিনী। মজার যেন আর শেষ নেই! এভাবেই দুপুর গড়িয়ে গেলে ক্লান্ত ফরিদ ঘুমিয়ে পড়ে ঘাসের ওপর। আর ঘুমের ভেতরেই সে অনুভব করে শীতল সাপের মতো শরীরের ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে শেষ বিকেলের ম্লান আলো। চমকে উঠে ঘুম ভেঙ্গে গেলে সে দেখে সামনে দাঁড়িয়ে আছেন মা। বলেন, বেলা ফুরিয়ে এলো খোকা, বাড়ি চল।

চোখ কচলে ফরিদও বাড়ির পথ ধরে। কিন্তু মা আচমকা তাকে বুকের ভেতর চেপে ধরে, এবং এতটা জোরে যে তার মনে হয় দম বন্ধ হয়ে যাবে, সব হাড় চুরমার হয়ে যাবে। ফরিদ মাকে বাধা দিয়ে বলে, ওই যে ধানক্ষেত, তারপর নদী, তারপর শহরতলী পেরিয়ে জন্মশহর। সেখানেই আমাদের বাড়ি। কিন্তু যেন শরীরের ভেতর পিষে ফেলবে, এমন শক্ত করে আঁকড়ে ধরে মা কাতর গলায় বলেন— না খোকা, ওই পথ বাড়ি ফেরার আসল পথ নয়। শরীরের ভেতর দিয়েই সবাইকে বাড়ি ফিরে যেতে হয়। ওই পথে এসেছিস, ওই পথেই ফিরতে হবে।

মা’র এই কথা শুনে ফরিদের ঘোর ছুটে যায়। মনে পড়ে তার ছোট হবার, খর্ব হবার, মাতৃযোনির তীব্র টানের কথা। ফরিদ সব শক্তি দিয়ে নিজেকে মায়ের আলিঙ্গন থেকে ছাড়িয়ে নিয়ে বলে, না আমি ঘরে ফিরব না! না আমি আবার জন্মাব না মা!

একথা শুনে তার চিরমমতাময়ী মা রেগেমেগে আগুন হয়ে যান। চিরদিন ব্রেসিয়ার ছাড়া ব্লাউজ পড়া মা তার স্তনের ভাঁজ থেকে বের করে আনেন ধারালো ক্ষুর। ফরিদও খেয়াল করে মা’র নাভি থেকে তার নাভি পর্যন্ত তৈরি হয়েছে লম্বা এক নাড়ির বন্ধন। সেটা এক পোঁচে কেটে ফেলে দিয়ে মা তাকে অভিশাপ দেন— যা তোকে চিরদিনের জন্য কোল থেকে নামিয়ে দিলাম! কোনোদিনই আর তোর ফেরা হবে না ঘরে!

নাড়ির বন্ধন ছিন্ন হবার পর ফরিদ যেন দীর্ঘক্ষণ শূন্যে ভাসতে থাকে। আর অপস্রিয়মান আলোর পিছু পিছু মা তার গুলে যেতে থাকেন সন্ধ্যার তরল আঁধারে। তারপর অসংখ্য ঝিঁঝির ডাক, অজস্র জোনাকির জ্বলে ওঠা আর অগণন নক্ষত্রের দূর আলাপন শুনে শুনে অনেক রাতে ঘরে ফেরে ফরিদ। তখনও নাভি থেকে দু’এক ফোটা ঝরছে রক্ত। তখন কাচারি ঘরে তার উকিল বাবা ওকালতনামা-নথিপত্র শূন্যে তুলে ধরে ঝাড়াঝাড়ি করছিলেন আর সেসবের ভেতর থেকে ঝুরঝুর করে খসে পড়ছিল ক্রিমিনাল কেইস, জমির মোকদ্দমা, বাদী-বিবাদী, সাক্ষীর টিপসই, কালো কালো অক্ষর এবং শাপলাখচিত জুডিশিয়াল স্ট্যাম্প! অল্প আলোয় হন্তদন্ত হয়ে ফরিদের বাবা সেগুলোর ভেতর কী যেন খুঁজে ফিরছেন! কিন্তু খুঁজে পাচ্ছেন না— তারপর লজ্জিত মুখে এক অদৃশ্য বিচারকের দিকে তাকিয়ে বলছেন— ইয়োর অনার! আমাকে আর একবার সময় দিন। এর মধ্যে আমি ওকে ঠিকই খুঁজে বের করব।

ফরিদের পদশব্দে তার বাবার ওকালতিতে বিঘ্ন হয়— খোকা এলি?

ফরিদ বলে, হুম। অন্ধকারে তুমি কী করছ?

বিমর্ষ গলায় ফরিদের বাবা বলেন, একটা বড় ‘ট’ হারিয়ে ফেলেছি বুঝলি! অনেকদিন ধরে বর্ণটাকে খুঁজছি। ওটার অভাবে না করতে পারছি টেলিগ্রাম, না জমাতে পারছি কোনো টাকা।

বলতে বলতেই আবারো অন্যমনস্কভাবে কাগজপত্র ঝাড়াঝাড়ি করতে থাকেন বাবা। ফরিদ তার ঘরে ঢুকে যায়। পরদিন সকাল সকাল বাবা তাকে ঘুম থেকে তুলে টেলিগ্রাফ অফিসে নিয়ে যান। যেতে যেতে বলেন, ‘ট’ টাকে আর খুঁজে পেলাম না বুঝলি! এই অপরাধে মহামান্য আদালত তোকে দূরে পাঠানোর রায় দিয়েছেন। এখন সেটা আমাকে মানতেই হচ্ছে, না হলে তো আদালত অবমাননা হয়ে যাবে।

ফরিদকে ভালো মতো পরিস্থিতি বুঝে ওঠার সুযোগ না দিয়ে তার বাবা টেলিগ্রাফের তারে উঠিয়ে দেন। হাতে ধান বিক্রির কিছু টাকা ধরিয়ে দিয়ে ঠেলে পাঠান রাজধানীতে। ফরিদ দূর থেকে শুনতে পায়, বাবা বিড়বিড় করছেন— ভালো থাকিস খোকা। আর সে অজস্র টরে টক্কা টরে টক্কা ধ্বনির ভেতর দিয়ে ভাসতে ভাসতে ফিরে আসে আবারো একুশ বছর বয়সে।

চার.

কলাভবনের ২০৩৮ নাম্বার কক্ষ। সরদার স্যার ক্লাস নিচ্ছেন— ওয়েস্টার্ন পলিটিক্যাল থট: প্লেটো টু ম্যাকিয়াভেলি। পাশ্ববর্তিনী সহপাঠিনী বুলা। বুলা মানে দূর নেবুলার রহস্যময় নীলাভ কেশের খোঁপা! বুলা মানে সৈকতে আছড়ে পড়া অজস্র তরঙ্গের গণিতসূত্র! বুলা মানে স্বর্ণপ্রলেপ দেয়া সেই মোম, যাকে কখনোই কোনো গলনাঙ্ক ছুঁতে পারে না! বুলা মানে সেই যতিচিহ্ন, সমস্ত চঞ্চল শব্দ-অক্ষর হুড়মুড়িয়ে এসে নিঃশব্দে থেমে যায় যার সামনে! ওর শরীর থেকে ভেসে আসছে লেবুফুলের দমবন্ধ করা ঘ্রাণ। সেই ঘ্রাণের ভেতর নিমজ্জিত হতে হতে ফরিদ দেখে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে একটা বাস্তুসাপ! আর দূরে অস্থির খরগোশের পেছনে পেছনে ছুটছে রোদ্দুরের নরম হাসিগান।

সরদার স্যার পড়াচ্ছেন প্লেটোর কল্পিত সাম্যবাদী রাষ্ট্রের রূপরেখা। তার ক্লাসে যা হয়— আজও তার কোনো ব্যতিক্রম নেই। কক্ষজুড়ে পিনপতন নিস্তব্ধতা আর তার মাঝে উড়ে বেড়াচ্ছে  রঙবেরঙের প্রজ্ঞাবান ঘুড়ির দল। ফরিদেরই অন্যমনস্কতার সুযোগে হয়তো, তাদের একটি জানলা গলে বাইরে পালিয়ে যায়! ফরিদ সেই পলায়নপর ঘুড়ির লেজ অনুসরণ করে মুহূর্তেই পৌঁছে যায় দূরে, প্লেটোর কল্পিত রাষ্ট্রে। ফরিদ দেখতে পায় অভূতপূর্ব চাঁদিমায় ভেসে যাচ্ছে চরাচর। আর সেই মোহনীয় আফিম-আলোর প্লাবনের মাঝে মিলিত হচ্ছে গার্ডিয়ান ক্লাসের নারী-পুরুষ। তাদের আলিঙ্গন-চুম্বন, সঙ্গম-শীৎকার, রাগমোচনে দুরন্ত হয়ে উঠছে বাতাস। তাদের পবিত্র মিলনে জন্ম হবে যেসব শিশুর তারাও হবে রাষ্ট্রের সম্পত্তি, গার্ডিয়ান ক্লাসের উত্তরাধিকার।

এরই মাঝে তীব্র হয়ে ওঠে লেবুফুলের ঘ্রাণ। ফরিদকে ঘুমঘোর থেকে জাগিয়ে তোলে বুলা। জেগে দেখে ক্লাস শেষ, শ্রেণীকক্ষ খাঁ খাঁ। বুলা ফরিদের বিষণ্ণতায় আঙুল বুলিয়ে দিয়ে জানতে চায়— কী হয়েছে তোমার? ফরিদ তাকে ছোটত্বের, বামনত্বের, খর্বতার কাহিনী আদ্যোপান্ত খুলে বলে। জানায়, সে দশ নাকি একুশ বছরে, তা নিয়েও দ্বিধার কথা। বুলা ফরিদকে টেনে নিয়ে তার টয়োটা মার্ক টু’তে ওঠে। তারপর এ-রাস্তা সে-রাস্তা ঘুরেফিরে বাসায় ঢোকার মুখে জানায়— বাসা ফাঁকা, আজ দু’জনে নগ্ন হয়ে নীলছবি দেখব। বাসায় ঢোকার মুখে, ফরিদকে দেখে বুলাদের বাগানের কামিনী-জবা-রঙ্গন দুলে দুলে হেসে ওঠে খিলখিল করে।

ফরিদকে নিয়ে ঘরে ঢুকেই দরজা-জানলা বন্ধ করে দেয় বুলা। ঘরে ঢুকেই লোড করে সেক্সপিস্তল। ফরিদের জামা খুলতে দেরি হয়ে যায়। প্যান্ট খুলতে দেরি হয় আরো। ওদিকে বুলার স্তনে ফণা তুলে অপেক্ষমান দু’টো ধবধবে শঙ্খচূড় সাপ। বুক থেকে, পেট থেকে, নাভি থেকে এক অনন্ত মেঘরাস্তা চলে গেছে পৃথিবীর আদিতম মায়াজর্জর গুহা অভিমুখে। বিচিত্র সে গুহার ভেতর ফণা তুলে বসে আছে অদ্ভুদ লাস্যময় এক সাপ। আর তার খসখসে মাথার ওপর বিস্ময়করভাবে নেচে যাচ্ছে অলৌকিক এক সবুজ ব্যাঙ! সে দৃশ্যের দিকে তাকিয়ে মাথা ঝিমঝিম করে ওঠে ফরিদের।

বুলাই ফরিদকে টেনেটুনে নগ্ন করে। সকল বল্কল খসে পড়ে ওর। হিসহিস করে বলে— এবার আমাকে খুন কর মাদারচোৎ! জড়িয়ে ধরে ফরিদের হাত দু’টো ঠেসে দেয় মূচ্ছর্ণারত ভরাট জোড়া তানপুরায়। ফরিদ লক্ষ করে, লেবুফুলের বদলে এখন ওর শরীর থেকে উঠে আসছে দারচিনির কড়া ঘ্রাণ! কীভাবে বদলে গেল সে! কীভাবে সে জঙ্গলের বাঁকে বাঁকে অসহ্য আঁধার!

বিছানায় চিৎ করে ফরিদকে শুইয়ে দিয়ে তার ওপর চড়ে বসল বুলা। বলে— এবার আমার দুধ খা! আমার রক্ত শুষে নে হারামির বাচ্চা! আমার ভেতরে ঢুকে যা, আমাকে খুন কর মাদারচোত! বুলার অসহনীয় উত্তাপে ফরিদের ভেতর দ্রুত গুটিয়ে যেতে থাকে কয়েক শ’ কচ্ছপ। আর স্নানঘরের জলের ধারায় মুহূর্তেই ফেনায় ফেনায় নিঃশেষ হয়ে যায় বালকের নরম সাবান!

বুলা ফরিদের শিশ্ন হাতের মুঠোয় নিয়ে কচলায়। ঠিক তখনই দূরে কোথাও দোতারা বাজিয়ে গান শুরু করে এক অন্ধ ভিখারি। বুলা ফরিদের মাংস চুষে চুষে রক্তের চাকা ঘুরিয়ে দিতে চায়। ঠিক তখনই দূরে কোথাও নিঃশব্দে মাটি ভেদ করে মাথা তুলে উঁকি দেয় রাইশর্ষের চারা, কিম্বা দূরে কোথাও ঝরাপাতা উড়ে যেতে যেতে সর্দার স্যারের প্রজ্ঞাবান চোখ হয়ে ফুটে থাকে। আর ফরিদ অনুভব করে, একদল ডেঁয়ো পিঁপড়া হেঁটে যাচ্ছে তার নগ্ন শরীরের ওপর দিয়ে।  কামদগ্ধ ব্যর্থ বুলা আরো হিংস্র হয়ে ওঠে। হিস্টিরিয়া রোগীর মতো ক্রোধে কেঁপে কেঁপে ওঠে তার শরীর। হাউমাউ করে কেঁদে ফেলে সে। নিঃশব্দে তার হাতে উঠে আসে ধারালো ক্ষুর। ফরিদের দিকে ধেয়ে আসতে আসতে বুলা বলল— এই বয়সে যে জিনিশ কাজ করে না তা কেটে কাকপাখিদের খাওয়ানোই ভালো বাঞ্চোৎ!

বুলা আস্তে আস্তে ভ্যাম্পায়ার হয়ে ওঠে। ফরিদ চিৎকার করে তাকে ডাকে— বুলা! বুলা! অ্যাই নেবুলা!

আস্তে আস্তে বুলা চামুণ্ডাকালী হয়ে যায়, যেন এখনই ফরিদকে পেড়ে ফেলবে সে আর তার বুকের ওপর পা তুলে দিয়ে তাকে হত্যা করবে! ফরিদ নগ্ন অবস্থাতেই কোনোরকমে হাতের মুঠোয় প্রাণ নিয়ে পালিয়ে আস বুলাদের বাসা থেকে।

পাঁচ.

সেই কবে, উনিশ শ’ একানব্বই সালে ন্যাংটো হয়ে হয়ে প্রকাশ্য রাস্তায় নেমে এসেছিল ফরিদ। তারপর থেকে ন্যাংটোই সে। বন্ধু, সহপাঠী, স্বজন, ধনী, গরীব, ফকির, নারী, পুরুষ, হিজড়া যার কাছেই সে আশ্রয় খুঁজে পেতে চেয়েছে,  নিজের নগ্নতা ঢাকতে চেয়েছে, সে-ই তাকে দূর দূর করে প্রত্যাখান করেছে। ন্যাংটো পাগল ভেবে কাপড় পড়া সভ্য মানুষেরা ফরিদের শরীরে ঢেলে দিয়েছে গরম জল। রমনীরা অস্বস্তি নিয়ে মুখ ফিরিয়েছে, পথচারীরা ছুঁড়ে দিয়েছে দলাদলা থুতু। তাড়া করে ইট-পাটকেল ছুঁড়ে ফরিদকে রক্তাক্ত করে নির্মল আনন্দ পেয়েছে টোকাই ছেলেছোকরার দল। নিজের লজ্জাস্থান ঢাকতে আর পোশাকী মানুষের ত্রাস থেকে বাঁচতে অন্ধকারের গায়ে গায়ে লেপটে থেকেছে সে। অজস্র দিনরাত কাটিয়েছে ঝোপের আড়ালে, গাছের মগডালে। ক্ষুধার তাড়নায় রাতের আঁধারে ডাস্টবিন থেকে কুড়িয়ে খেয়েছে পচাগলা উচ্ছিষ্ট খাবার। চুরি করেছে, দোকানে দোকানে ভিক্ষা করে বেঁচেছে।

অভিশপ্ত নগ্ন জীবনের চেয়ে মাতৃযোনিতে ফিরে যাওয়া ভাল ভেবে আবারো জন্ম চেয়ে মাকে ডেকেছে ফরিদ। কিন্তু নাড়ির বাঁধন ছিন্ন করে দূরে চলে যাওয়া মা তার ডাক শোনেনি। উপরন্তু মা তখন ছিল ঋতুরুদ্ধা, পুষ্পহীনা। অভিশপ্ত নগ্ন জীবন ছেড়ে পিতৃশুক্ররসে ফিরে যাওয়া ভালো ভেবে বাবার উদ্দেশে সে অবিরাম পাঠিয়েছে ঝাঁকে ঝাঁকে টরে টক্কা। কিন্তু হারিয়ে ফেলা ‘ট’ বর্ণ খুঁজতে খুঁজতে ফরিদের উকিল বাবাও একদিন হারিয়ে যান চিরদিনের মতো। শুনেছি এখন তিনি কবরস্থানে ছায়া দেওয়া ঝাঁকড়া এক বকুল গাছ।

নগ্ন নিরুপায় অনেক বছর কাটানোর পর একসময় ফরিদও ঘুরে দাঁড়ায়। এখন তার নগ্নতা পোশাকি সমাজেও প্রতিষ্ঠিত। ফরিদ এখন মানুষকে বুঝিয়ে দেয়— সত্য কখনো পোশাকে নিজেকে ঢেকে রাখে না। সকল সত্যই নগ্ন আর নগ্নতাই সৌন্দর্য। ফরিদ এখন মানুষকে চিৎকার করে বলে— প্রকৃতির আলাদা কোনো পোশাক নেই। গাছ-পাখি-ঝরনা-নদী কখনো পোশাক পড়ে না। এখন হাইকোর্টের মাজারের পাশে ফরিদের নিজস্ব আস্তানা গড়ে উঠেছে। এখন ভক্তরা তার হাত-পা-গা টিপে দেয়। এখন ভক্তরা তার জন্য খাবারদাবার, ফলমূল, হাঁস-মুরগী-ছাগল, সোনারূপা, টাকাপয়সা, মদগাঁজা নিয়ে আসে। খুব খিদে পেলে তাদের দেওয়া খাবার থেকে দু’এক টুকরা খায় সে। ভক্তদের ঘৃণা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, ফিরেও তাকায় না। এতে ভক্তরা আরো খুশি হয়ে ওঠে।

ফরিদ এখন দূর দিগন্তের দিকে তাকিয়ে তার ছোটত্বের, খর্বতার, অসীম বামনত্বের কথা ভাবে। সে দেখতে পায় লাল সিগন্যালে আটকে পড়া সূর্য আবার চলতে শুরু করেছে। স্তব্ধ হয়ে যাওয়া না-সকাল না-সন্ধ্যা আবারো বেহালা বাজাচ্ছে পাড়ায় পাড়ায়। উড়ে উড়ে বিলবোর্ড আকাশ পেরোতে পেরে হাসিমুখে ঘরে ফিরছে দু’একটা বালিকা বদ্যিালয়। ফরিদ এখন তাকিয়ে তাকিয়ে শুধু দেখে। এনিয়ে তার কোনো আফসোস, কোনো খেদ, কোনো মন খারাপ লাগা নেই।

এখন ফরিদের স্নায়ুর ভেতর, অন্তর্গত রক্তের ভেতর, হৃদপিণ্ডের ভেতর, শরীরের প্রত্যেকটি রন্ধ্র জুড়ে, তার সমস্ত অস্তিত্বকে দখল করে বেড়ে উঠেছে অসাধারণ এক ডালিম গাছ। সে গাছের ডালিম ফল পেকে হাঁ হয়ে আছে। মাঝে মাঝে সে রস, রক্তের মতো লাল সে রস ফোটায় ফোটায় গড়িয়ে পড়ে ফরিদের নাভি দিয়ে। সে রস ভূমির যেখানটায় পড়ে সেখানেই সহসা গজিয়ে ওঠে লালচে লজ্জাবতী গাছ। সে লজ্জাবতীকে ছুঁয়ে দিলে মুহূর্তেই তা নিজেকে বদলে হয়ে ওঠে এক আশ্চর্য সাপ। অনন্ত রমনীগুহায় বিচিত্র সে সাপ ফণা তুলে দুলতে থাকে আর তার খসখসে মাথার ওপর বিস্ময়করভাবে নেচে বেড়ায় এক অলৌকিক ব্যাঙ!