ময়ূরের পাখনা পুড়িয়ে খাওয়ানো হয়েছিল রবীন্দ্রনাথকে
রঞ্জন বন্দ্যোপাধ্যায়। কর্মজীবন শুরু ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে স্কটিশ চার্চ কলেজে। তারপর তিনি আজকাল সংবাদপত্রে যুক্ত হন সহকারী সম্পাদক হিসেবে। সেখান থেকে সহকারী সম্পাদক হন আনন্দবাজার পত্রিকায়। বর্তমানে তিনি যুক্ত সংবাদ প্রতিদিনের সঙ্গে। তবে এখন তার প্রধান পরিচয় সাহিত্যিক হিসেবে। তার বেস্টসেলার বইগুলোর মধ্যে অন্যতম প্রাণসখা বিবেকানন্দ (দুই খণ্ড)‚ কাদম্বরী দেবীর সুইসাইড নোট‚ রবি ও সে‚ আমি রবি ঠাকুরের বউ‚ রবি ও রাণুর আদরের দাগ‚ নায়ক রবি (প্রথম খণ্ড)‚ দ্বারকানাথ থেকে রবীন্দ্রনাথ, ঠাকুরবাড়ির গোপনকথা‚ প্লাতা নদীর ধারে, রবীন্দ্র-ওকাম্পোর প্রণয়কথা।
কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের কেমন ছিল জীবনের শেষ কটি দিন? সেই দিনগুলো ফিরে দেখতে লিখলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়। এবার তার চোখেই দেখে নেয়া যাক রবীন্দ্রনাথের শেষ কটা দিন।
১৯৪০ এর ২৫ জুলাই
ভোর ৪টা। রবীন্দ্রনাথ কলকাতায় আসার জন্যে তৈরি হয়ে একা বসে আছেন তার ঘরে পুবদিকের জানলার ধারে। একটু পরই আশ্রমের ছেলেমেয়েরা তার জানলার সামনে। সবাই মিলে গাইছে-
এদিন আজি কোন ঘরে নো খুলে দ্বার
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার।
তারা গান করতে করতে উদয়নের কাঁকরের রাস্তা পার হয়ে চলে এল রবীন্দ্রনাথ জানলার একেবারে নিচে। ক্রমে এসে গেল যাত্রার সময়। রবীন্দ্রনাথকে চেয়ারে বসিয়ে ধরাধরি করে নামানো হলো। ঠিক যাত্রার মুহূর্তে ছেলেমেয়েরা আবার গান ধরল-
আমাদের শান্তিনিকেতন‚ আমাদের সব হতে আপন।
তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে‚
মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন।
তিরিশ বছর আগে তার পঞ্চাশ বছর বয়েসে রবীন্দ্রনাথ লিখেছিলেন এই গান। শেষ বারের মতো তিনি শুনলেন সেই কথা সেই সুর।
মোদের শালের ছায়বীথি বাজার বনের কলগীতি
সদাই পাতার নাচে মেতে আছে আমলকী কানন।
রবীন্দ্রনাথকে একটি বাসের মধ্যে স্ট্রেচারের ওপর শুইয়ে দেয়া হয়েছে। পুত্র রবীন্দ্রনাথ আর কন্যা মীরা চলেছেন একটি গাড়িতে বাসের পাশাপাশি। পুত্রবধূ প্রতিমার খুব জ্বর। আসতে পারেননি। আশ্রমের ভেতর দিয়ে বাসটিকে নিয়ে যাওয়া হলো। যাতে যাবার পথে হয়তো চিরবিদায়ের পথে রবীন্দ্রনাথ শেষবারের মতো সবকিছু দেখে যেতে পারেন রাস্তার দু’ধারে গ্রামের মানুষ হাত জোড় করে দাঁড়িয়ে। রবীন্দ্রনাথের জন্য স্পেশাল কামরা। ট্রেনের মধ্যেই যতদূর সম্ভব ভালো ব্যবস্থা সেই ব্রিটিশ আমলে। বসবার কামরা‚ তারপাশে শোবার ঘর।
রবীন্দ্রনাথ বসার ঘরেই বসলেন জানলার পাশে অজয় নদী পার হওয়ার সময় বললেন‚ ‘কতদিন পরে দেখলম নদীটাকে।’ খানিকক্ষণ পরে ক্লান্ত রবীন্দ্রনাথকে পাশের ঘরে শুইয়ে দেয়া হলো। কবিরাজ মশাইয়ের নির্দেশ অনুসারে গাড়িতে রবীন্দ্রনাথকে চিঁড়ের মণ্ড খাওয়ানো হচ্ছে। কেউ একজন রবীন্দ্রনাথকে প্রশ্ন করলেন‚ ‘কষ্ট হচ্ছে না তো?’ প্রতিউত্তরে- ‘না না‚ বেশ আছি। দিব্য মুণ্ডু খেতে খেতে যাচ্ছি।’
২৬ জুলাই
রবীন্দ্রনাথ ফিরে এসেছেন জোড়াসাঁকোর বাড়িতে‚ তার ঘরে। খুব জ্বর তার।
২৭ জুলাই
সকালবেলা বেশ খুশি রবীন্দ্রনাথ। বললেন জানো‚ আজও আরও একটা কবিতা হয়েছে সকালে। কী পাগলামি বল তো? প্রত্যেকবারই ভাবি এই বুঝি শেষ‚ কিন্তু তারপরে দেখি আবার একটা বেরোয়। এই সেই আবার একটা বেরনো কবিতা-
প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল
সত্তার নূতন আবিভাবে
কে তুমি?
মেলেনি উত্তর।
বৎসর বৎসর চলে গেল
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিত পশ্চিম-সাগরতীরে
নিস্তব্ধ সন্ধ্যায়‚
কে তুমি?
পেল না উত্তর।
২৯ জুলাই
রবীন্দ্রনাথ আজও জানেন না কাল অপারেশানের দিন ঠিক হয়েছে। তার মন ভালো নেই বারবার বলছেন‚ ‘এটা চুকে গেলেই বাঁচি।’ রোজই গ্লুকোজ ইঞ্জেকশন দেয়া হচ্ছে। হঠাৎ বললেন রবীন্দ্রনাথ‚ ‘সেই বড় খোঁচার ভূমিকাস্বরূপ এই ছোট ছোট খোঁচাগুলো আর কতদিন চালাবে?’
রবীন্দ্রনাথ শুনলেন‚ অস্ত্রোপচারের সময় তাকে অজ্ঞান করা হবে না। লোকাল অ্যানাস্থেটিক দিয়ে তাকে অসাড় করা হবে। শুনে বললেন‚ ‘আমাকে ঠিক করে বুঝিয়ে দাও ব্যাপারটা কী রকম হবে‚ আমার কতদূর লাগবে।’ সেই দিনই সন্ধাবেলা অর্থাৎ অপারেশনের আগের দিন আরও একটি কবিতা মনে মনে রচনা করে মুখে বলে গেলেন রবীন্দ্রনাথ‚ লিখে নেয়ার জন্য—
দুঃখের আঁধার রাত্রি
বারে বারে এসেছে আমার দ্বারে‚
একমাত্র অস্ত্র তার দেখেছিনু
কষ্টের বিকৃত ভান্‚ ত্রাসের বিকট ভঙ্গি যত
অন্ধকারে ছলনার ভূমিকা তাহার।
যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস
ততবার হয়েছে অনর্থ পরাজয়
এই হার জিত খেলা—জীবনের মিথ্যা এ কুহক্‚
শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা
দুঃখের পরিহাসে ভরা!
ভয়ের বিচিত্র চলচ্ছবি—
মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আঁধারে।
বিকেল বেলা রচনা করলেন রবীন্দ্রনাথ এই কবিতা সব আঁধার পেরিয়ে তিনি যেন দেখতে পেলেন কীভাবে মৃত্যু বিছিয়েছে তার নিপুণ শিল্প— এতই নিপুণ যে বোঝবার উপায় নেই!
৩০ জুলাই
আজ সকালেই রবীন্দ্রনাথ শরীরে সার্জারি। জোড়াসাঁকোর বাড়িতেই রবীন্দ্রনাথ ঘরের পিছনে পূব দিকের বারান্দায় অপারেশানের আয়োজন করা হয়েছে। পাতা হয়েছে অপারেশান টেবিল। আড়াল দিয়ে টাঙানো হয়েছে সাদা কাপড়ের পর্দা। কিন্তু রবীন্দ্রনাথ এখনও জানেন না আজই তার দেহে অস্ত্রোপচার হবে। সকাল সাড়ে ৯টায় কিছুটা আছন্ন অবস্থার মধ্যেও জ্বলে উঠলেন ব্যাখ্যার অতীত রবীন্দ্রনাথ। তার বিপুল প্রতিভার অপূর্ব সমাপনের অবিস্মরণীয় উদ্ভাস—
তোমার সৃষ্টিপর পথ রেখেছ আকীর্ণ করি
বিচিত্র ছলনাজালে
হে ছলনাময়ী।
মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছে নিপুণ হাতে
সরল জীবনে।
এই প্রবঞ্চনা দিয়ে মহত্ত্বেরে করেছ চিহিত;
তার তরে রাখনি গোপন রাত্রি।
তোমার জ্যোতিষ্ক তারে
যে-পথ দেখায়
সে যে তার অন্তরের পথ‚
সে যে চিরস্বচ্ছ
সহজ বিশ্বাসে সে যে
করে তার চিরসমুজ্জ্বল
বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু‚
এই নিয়ে তাহার গৌরব।
লোকে তারে বলে বিড়ম্বিত
সত্যেরে সে পায়
আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে
কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে
শেষ পুরস্কার নিয়ে যায় সে যে
আপন ভাণ্ডারে।
রবীন্দ্রনাথ জানেন শেষ হয়নি এই কবিতা। আরো গোটা তিনেক লাইন যে বলতেই হবে তাকে। তবু রানী চন্দকে বললেন‚ ‘আর পারছি না‚ বড় ক্লান্ত লাগছে।’
ওদিকে পূবের বারান্দায় অপারেশানের সরঞ্জাম তৈরি রবীন্দ্রনাথ হঠাৎ জিজ্ঞেস করলেন- ‘ব্যাপারটা কবে করছ তোমরা?’ এই কাল কি পরশু‚ এখনও ঠিক হয়নি- বলা হলো রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ জানলেন- ‘একেবারে শেষ মুহূর্তে’
—‘আজ দিনটা ভাল‚ আজই তাহলে সেরে ফেলা যাক‚ কী বলেন?’
—‘তা একরকম ভালই। এরকম হঠাৎ হয়ে যাওয়া মন্দ না।’ বললেন রবীন্দ্রনাথ।
তারপর রানীকে ডেকে বললেন- ‘সকালবেলার কবিতাটার সঙ্গে আরও তিনটি চরণ জুড়ে দিস।’ এই ভাবেই শেষ হল এক বিপুল‚ অনির্বচনীয় প্রতিভার কালজয়ী যাত্রা—
অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে
সে পায় তোমার হাতে
শান্তির অক্ষয় অধিকার।
রবীন্দ্রনাথের এই শেষ উচ্চারণে ধরা আছে ধরণীর মহত্তম সূর্যাস্তের অবিস্মরণীয় আলো!
অপারেশান শেষ হল দুপুর ১২টায়। বারান্দায় অপারেশন টেবিল থেকে তাকে নিয়ে আসা হলো তার ঘরে, শুইয়ে দেয়া হলো তার নিজের খাটে। তখন তিনি বললেন- ‘কেন বলেছিলে কিছু লাগবে না? আমাকে মিথ্যে বলেছিলে! আমার খুব লেগেছে। এত কষ্ট হচ্ছিল যে আমি জোর করে ঠোঁট টিপে চোখ বুজে পড়ে রইলুম। পাছে আমার মুখ দিয়ে কোনওরকম আর্তনাদ বেরিয়ে যায়।’
কথাগুলো বলতে বলতে রবীন্দ্রনাথের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তাকে মিথ্যে বলা হয়েছে— এই ব্যাপারটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে।
৩১ জুলাই
নির্মলকুমায়ী মহলানবিশ ভয়ে ভয়ে পা টিপে টিপে রবীন্দ্রনাথের খাটের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। রবীন্দ্রনাথ চুপচাপ শুয়ে। হঠাৎ চোখ খুললেন তিনি। অদ্ভুত মুখভঙ্গি করলেন। চোখ দুটো বড় বড়। আচমকা হাঃ! বলে চেঁচিয়ে উঠলেন! প্রথম চমকে উঠলেন নির্মলকুমারী। তারপর মজা পেয়ে খিল খিল করে হেসে উঠলেন। রবীন্দ্রনাথ বললেন- ‘এই তো একটু হাসো‚ তা না গম্ভীর মুখে করে এসে দাঁড়ালে! এতো গম্ভীর কেন?’
১ আগস্ট
দুপুরবেলা থেকে রবীন্দ্রনাথের হিক্কা শুরু হয়েছে। কিছুতেই থামানো যাচ্ছে না হিক্কা। রবীন্দ্রনাথ বলছেন কাতর ভাবে- ‘একটা কিছু করো। দেখতে পাচ্ছ না কী রকম কষ্ট পাচ্ছি?’
বড়ো এলাচ আর মিছরি গুঁড়ো করে খাওয়ানো হলো রবীন্দ্রনাথকে। কবিরাজ মশাই সেই রকমই পরামর্শ দিয়েছেন। চার পাঁচবার এলাচ মিছরি দেয়ার পর সত্যিই হিক্কা থেমে গেলো।
২ আগস্ট
ভোরের দিকে আবার হিক্কা শুরু। হিক্কার আর এক ওষুধ না কি ময়ূরের পালক পুড়িয়ে খাওয়ানো। জোড়াসাঁকো যাওয়ার পথে বিডন স্ট্রিটে ময়ূরের পালক কিনলেন নির্মলকুমারী। সঙ্গে নিলেন স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের পুরনো কর্মী গয়ানাথ আদককে। তিনি রবীন্দ্রনাথের ভক্ত পূজারী। তিনিই পারবেন ময়ূরের পালক ঠিকমতো পুড়িয়ে রবীন্দ্রনাথকে খাওয়াতে!
গয়ানাথ ময়ূরের পালক পুড়িয়ে ছাই করলেন। সেই ছাই মধু দিয়ে মাখলেন। তারপর ময়ূর পালকের সেই মধুমাখা ছাইগুলে খাইয়ে দিলেন রবীন্দ্রনাথকে। এই অব্যর্থ ওষুধ গয়ানাথ তৈরি করেছেন জোড়াসাঁকোর লালবাড়ির ছাদে বসে। তার এবং আরো অনেকের আশা‚ এবার হিক্কা থামবেই। না‚ হিক্কা আজ আর থামলো না।
৩ আগস্ট
রবীন্দ্রনাথ একেবারেই ভাল নেই। তার কিডনি কাজ প্রায় বন্ধ করে দিয়েছে। তার চৈতন্য ঝাপসা হয়ে যাচ্ছে। ওষুধ খেতে চাইছেন না। কিছুই মুখে তুলছেন না তিনি। ঘোরের মধ্যে বললেন- ‘আমি কারও কথাই আর শুনছিনে। তোরা আর জালাসনি আমাকে।’ সন্ধ্যার গাড়িতে অসুস্থ প্রতিমাদেবীকে শান্তিনিকেতন থেকে নিয়ে এলেন শান্তিনিকেতনের চিকিৎসক শচীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও নাতজামাই কৃষ্ণ কৃপালনি।
৪ আগস্ট
প্রতিমা এসে দাঁড়িয়েছেন রবীন্দ্রনাথের খাটের পাশে। নির্মলকুমারী রবীন্দ্রনাথের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন- ‘দেখুন আপনার মা মণি এসেছেন। চিনতে পারছেন?’ একটু ঘাড় নেড়ে রবীন্দ্রনাথ বললেন- ‘হ্যাঁ!’
প্রতিমা বললেন‚ ‘একটু জল খাবেন?’ আচ্ছন্ন রবীন্দ্রনাথ বললেন, ‘হ্যাঁ!’ প্রতিমা রবীন্দ্রনাথের মুখে সামান্য পানি দিলেন। সেই টুকু তিনি খেলেন। যেন প্রতিমাকে খুশি করবার জন্যই খেলেন। তারপর জ্ঞান হারালেন। ডাক্তার সত্যসখা জানালেন‚ আজ রবীন্দ্রনাথের কিডনি কাজ বন্ধ করল পুরোপুরি।
৫ আগস্ট
রবীন্দ্রনাথ সম্পূর্ন অচৈতন্য। কোনো রকম সাড়াশব্দ নেই। বিধান রায় এলেন। নির্মলকুমারীকে বললেন‚ ‘দাও তো মুখে একটু জল‚ দেখি খেতে পারেন কি না।’ খানিকটা পানি মুখে গেল‚ খানিকটা বাইরে গড়িয়ে পড়ল।
৬ আগস্ট
শান্তিনিকেতনের চীনাভবনের অধ্যাপক রবীন্দ্রনাথের বিছানার পাশে দাঁড়িয়ে নিজের জপমালায় অনেকক্ষণ জপ করলেন ইস্টমন্ত্র।
রাত্রিবেলা। রবীন্দ্রনাথের মাথা পূবদিকে। আকাশে পূর্ণিমার চাঁদ। আজ যে রাখিপূর্ণিমা। ষোল বছর আগে‚ চৌষট্টি বছরের রবীন্দ্রনাথ যে গানটি লিখেছিলেন‚ সেই গান যেন ঝরে পড়ছে এই শ্রাবণের চাঁদের আলোয়–
আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল–
হাসির কানায় কানায় ভরা নয়নের জল।
বাদল হাওয়ার দীর্ঘশ্বাসে যূথীবনের বেদন আসে-
ফুল ফোটানোর খেলায় কেন ফুল ঝরানোর ছল–
৭ আগস্ট
রবীন্দ্রনাথের মহাপ্রস্থান। ভোরের আকাশ আস্তে আস্তে স্বচ্ছ হয়ে আসছে। রবীন্দ্রনাথের ঠোঁটে একটু একটু করে পানি দেয়া হচ্ছে। তার কানের কাছে বলা হচ্ছে আজীবন তার প্রাণের মন্ত্র–
‘শান্তম্‚ শিবম্‚ অদ্বৈতম।’
কবির পায়ে হাত রেখে বলা হচ্ছে উপনিষদের মন্ত্র–
‘তমসো মা জ্যোতির্গময়।’
দুপুর ১২টা ১০। শেষ হলো রবীন্দ্রনাথের জীবন। তাকে গোসল করানো হলো। তাকে সাজিয়ে দেয়া হলো অনন্তকালের মৃত্যুহীন মহাজীবনের জন্য –
পরনে তাঁর সাদা বেনারসি জোড়।
কপালে তাঁর চন্দনের তিলক।
আজানুলম্বিত বেনারসি উত্তরীয় ঝুলছে গলায়।
গোড়ে ফুলের মালায় আর ফুলে আচ্ছাদিত তাঁর নারায়ণীতনু।
কী অপূর্ব সুন্দর দেখাচ্ছে তাঁকে! অনন্ত তাঁর সামনের পথ
অন্তহীন তাঁর সামনের মহাজীবন।











